বৃত্তিবার্তা
সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃত্তি
কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের বৃত্তিসহ স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রির সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস)। পূর্ণ টিউশন ফি ও মাসিক বৃত্তিসহ কম্পিউটার ভাতা, বই ও সম্মেলন ভাতাও পাবেন বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা। বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার, মেডিসিন বিষয়ে গবেষণায় আগ্রহী স্নাতক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। জিআরই সনদের সঙ্গে টোয়েফল উত্তীর্ণও হতে হবে আগ্রহীকে। আবেদন করা যাবে ১৫ মে পর্যন্ত। বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nus.edu.sg/ngs/Commonwealth_Scholarship.html
যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়ের বৃত্তি
তিনটি বিভাগে বৃত্তি দেওয়ার ঘোষণা করেছে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয়। যার মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আবেদনের সুযোগ ছাড়াও উন্নয়নশীল দেশের শিক্ষার্থী হিসেবে আবেদনের সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। স্নাতক পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তির আওতায় শিক্ষাকালীন পূর্ণবৃত্তি সুবিধাসহ আবাসন ও যাতায়াত খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়। আবেদন করতে হবে মে মাসের ৩ তারিখের মধ্যে। বিস্তারিত জানতে ভিজিট করুন: //goo.gl/xrmWgx
গ্রন্থনা: সজীব মিয়া