বে-শপিং সেন্টারে উৎসবের আমেজ
ঈদ সামনে রেখে নগরের বিপণিকেন্দ্রগুলোতে চলছে উৎসবের আমেজ। এমন উৎসবের আমেজ থেকে পিছিয়ে নেই পোশাকপাড়া-খ্যাত ইপিজেড এলাকার বিপণিকেন্দ্র বে-শপিং সেন্টার। ঈদের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বেচাকেনায় মুখর হয়ে উঠেছে তিনতলার এই বিপণিকেন্দ্রটি।নারী, পুরুষ ও শিশুদের বৈচিত্র্যপূর্ণ পোশাকের দোকান ছাড়াও এখানে জুতা, গয়না, থানকাপড়, প্রসাধনী, খাবার, ইলেকট্রনিকস, ক্রোকারিজসহ বিভিন্ন সামগ্রীর ১২৭টি দোকান রয়েছে। সোমবার দুপুরে বে-শপিং সেন্টারে গিয়ে দেখা যায়, শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন স্তরের ক্রেতার ভিড় প্রায় সব কটি দোকানে। বিভিন্ন দোকান থেকে বাছাই করা পছন্দের জিনিসটি কিনে হাসিমুখে বেরোচ্ছেন অনেকে। দোকানিরা জানান, রোজার শুরু থেকেই এখানে ক্রেতারা আসতে শুরু করেছেন। নগরের কেন্দ্রস্থল থেকে কিছুটা দূরে অবস্থান হওয়ায় সাধারণত স্থানীয় বাসিন্দা এবং ইপিজেড এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা এই বিপণিকেন্দ্র থেকেই কেনাকাটা করেন। কাঠগড় এলাকার গৃহবধূ শারমিন আক্তার ঈদের কেনাকাটা করতে এসেছিলেন বে-শপিং সেন্টারে। তিনি বলেন, ‘এর আগে নগরের বড় বড় শপিংমলে ঈদের কেনাকাটা করতে গিয়ে যানজটে দুর্ভোগ পোহানোর কথা মনে পড়লে ঈদের আনন্দটাই যেন ভুলে যেতে হয়। তাই এখান থেকেই সময় নিয়ে দেখেশুনে কেনাকাটা সেরে ফেলি।’ একই রকম মন্তব্য করলেন তাঁর পাশে থাকা বিএন কলেজের ছাত্রী তাহমিনা সুলতানা। পতেঙ্গা এলাকা থেকে ঈদের কেনাকাটা করতে আসা মিজানুর রহমান বলেন, ‘পরিবারের সবার জন্য কেনাকাটা এখান থেকেই করছি। দাম কিছুটা বেশি হলেও সাধ্যের মধ্যেই আছে।’ তবে দর-কষাকষি করতে হয় বলে মন্তব্য করেন তিনি।বিক্রেতারা জানান, বেসরকারি প্রতিষ্ঠানের অনেক চাকরিজীবী এখনো বেতন-ভাতা পাননি। তাঁরা বেতন পেলে কেনাকাটা আরও বেড়ে যাবে। বিপণিকেন্দ্রটি ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানই দেশি-বিদেশি বাহারি পণ্যে সাজানো হয়েছে। তবে বিক্রেতারা জানান, এবার বিদেশি পোশাকের চেয়ে দেশি পোশাকের চাহিদা বেশি। এ ছাড়া বড়দের চেয়ে ছোটদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এ বছর পণ্যের দামও কিছুটা বেশি বলে মন্তব্য করেন তাঁরা। বে-শপিং সেন্টারে বিভিন্ন শাড়ি কাপড়ের দোকানে পাওয়া যাচ্ছে বি-প্লাস, জামদানি, কাতান, মাখন সিল্ক, রাজশাহী সিল্ক, ইতালিয়ান ক্রেপ, টাঙ্গাইলসহ নানা ধরনের শাড়ি। তৃতীয়তলার অর্চনা ফ্যাশনের মালিক মো. সাইফুল আলম জানান, ঈদ উপলক্ষে বিভিন্ন চ্যানেলের নাটক ও চলচ্চিত্রের চরিত্রগুলোর নামের সঙ্গে মিল রেখে মেয়েদের কিছু পোশাক বাজারে এসেছে। যেমন ফুলকি, টাপুর-টুপুর, আসমানি, সুবর্ণলতা, বেহুলা, রাশি, খুশি, ঝিলিক, মা ইত্যাদি নামের লং ফ্রক ও থ্রিপিস। এ ছাড়া আছে দেশীয় কাপড় বিক্রির প্রতিষ্ঠান প্রাইড ও পিননের শোরুম। মান ও নকশাভেদে বিভিন্ন শাড়ির দাম ৫০০ থেকে ছয় হাজার টাকা। প্রাইডের শোরুমের ব্যবস্থাপক আব্দুর রহমান বলেন, ‘আমাদের এখানে সর্বনিম্ন ৪১০ থেকে তিন হাজার টাকার মধ্যে শাড়ি ও সর্বনিম্ন ৮০০ থেকে দুই হাজার ৬০০ টাকার মধ্যে থ্রিপিস পাওয়া যায়।’ নগরের অন্য বিপণিকেন্দ্রগুলোর মতো এখানেও চলছে ঈদ বিক্রয় উৎসব। বে-শপিং সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক চন্দন সরকার জানান, এবারের উৎসবের নাম ‘কনকর্ড ফয়’স লেক বে-শপিং সেন্টার ঈদ ফেস্টিভ্যাল ২০১২।’ এই আয়োজনে যেকোনো ক্রেতা প্রতি ৫০০ টাকার পণ্য কিনে ফয়’স লেক-সি ওয়ার্ল্ডে প্রবেশের জন্য ১০০ টাকা ছাড়ের একটি কুপন পাবেন।