বেঁচে গেলাম হঠাৎ নেওয়া সিদ্ধান্তে

মগবাজারের একটি ভবনে বিস্ফোরণের পর অনেক মানুষ হতাহত হয়েছেছবি: সজীব মিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জুন প্রায় সন্ধ্যা তখন। সিদ্ধেশ্বরীর বাসা থেকে স্বামীর সঙ্গে বের হয়েছি আড়ং যাব। জরুরি কিছু পোশাক কিনে ননাসের সন্তানের জন্য পাঠাতে হবে লন্ডনে। লকডাউনে সব বন্ধ হয়ে যাবে, তাই তাড়াও ছিল।

বাসার নিচে নেমেছি, রিকশা ঠিক করব। সিদ্ধেশ্বরী থেকে আড়ং যেতে তেমন সময় লাগে না। হঠাৎ কেন যানি মনে হলো একটু বেইলি রোড হয়ে যাই। মগবাজারের আড়ং না গিয়ে বেইলি রোডের আর্টিসানে গেলাম আমরা। তখন ৭টা ১০ মিনিটের মতো বাজে। হঠাৎ দোকানের আলো নিভে গেল। জিজ্ঞাসা করলাম, ‘মামা, দোকান কি বন্ধ করে দেবেন?’ ওনারা বললেন ‘না, বিদ্যুৎ চলে গেছে।’

বেইলি রোড থেকে এবার আমরা মগবাজার আড়ংয়ের উদ্দেশে রওনা দিলাম। সাড়ে সাতটার দিকে আড়ংয়ের উদ্দেশে রওনা দিই আমরা। পাশেই ফ্যাশন চক্ষু হাসপাতালের কাছ দিয়ে যেতেই দেখি ওখানকার সব চশমার দোকানের কাচ ভাঙা। একটা সময় মনে হলো দোকানে দোকানে মারামারি লেগেছে কি না। কারণ, ওখানকার সব দোকান দেখে ভাঙা মনে হচ্ছে।

ভবনটি মুহূর্তেই ধ্বংসস্তুপে পরিণত হয়
ছবি: সজীব মিয়া

রিকশা ছেড়ে আমরা মোড়ে গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। একের পর এক রিকশায় করে রক্তাক্ত সব মানুষকে তোলা হচ্ছে। সবার মুখভরা রক্ত। শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। সামনের গাড়ির গ্লাস সব ভাঙা। আশপাশের সব দোকানের কাচের গ্লাসের অংশ চুরমার। সামনে দিয়ে কত মানুষকে যে নিয়ে গেল হাসপাতালে। চারদিকে মানুষের ছোটাছুটি। আমরা যেন কয়েক মিনিটের জন্য বোবা হয়ে গেলাম। ভাবলে গা শিওরে উঠছে।

রাস্তার উল্টা পাশে আড়ংয়ের ভবনের সামনে গিয়ে দেখি, ওপাশে একটা গাড়ি পুরো বিধ্বস্ত। গ্লাস নেই। আড়ংয়ের অবস্থাও খারাপ। একটা ছেলে বলতে লাগল, ‘আপু ওদিকে যাইয়েন না। কয়েক মিনিট আগে এখানে সিলিন্ডার বিস্ফোরণে পাশের বিল্ডিং দেবে গেছে। অনেক মানুষ মারা গেছে।’

ভয়ে–আতঙ্কে আমরা দৌড়ে বাসার দিকে চলে আসি। এখনো রক্তাক্ত মুখ, ভাঙা ভবন আর বাসের বিধ্বস্ত অবস্থা মনে করলে বুকে কামড় দিয়ে উঠছে। ওই দিন বড় বাঁচা বেঁচে গেছি। যদি বাসার নিচ থেকে রিকশা নিয়ে সরাসরি মগবাজারে আসতাম, তাহলে হয়তো ওই সময়ে আমরা ওদিকেই থাকতাম। মনো হতে লাগল হঠাৎ নেওয়া সিদ্ধান্ত ঠিক ছিল। মাত্র ১৫ মিনিটের দেরি আমাদের বাঁচিয়ে দিল।