বেঁচে থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ মার্চ, ১৯৯৭। আমার জীবনের সবচেয়ে ভয়ংকর দিন। এ দিনটি আমার জীবনে এসেছিল অভিশাপ হয়ে। আসে, প্রতিবছর আসে। ওই দিনটিতে আমি পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাই। চোখ বন্ধ করে ফিরে যাই ১৩ বছর আগের এ দিনটিতে।প্রথমবারের মতো গর্ভে আমার সন্তানকে ধারণ করছি। তখন আমার সাত মাসের গর্ভাবস্থা। বেঢপ আকৃতির শরীর নিয়ে সমান তালে হাত চালাতে হয় আমাকে। বিয়ের পাঁচ বছরের মাথায় মা হতে চলেছি আমি। সংসারে শাশুড়ি-মা ছাড়া কেউ নেই। তিন কুলে আমি একা, তাঁকে ফেলে কোথাও যেতে পারি না।শীতের শেষ, একটু একটু কনকনে ঠান্ডা হাওয়া। যত দিন যাচ্ছে, আমার শরীর ক্রমে খারাপ হচ্ছে। পায়ে পানি জমেছে। শরীরে সাদা সাদা ছোপ পড়েছে। বসে থাকতে খুব কষ্ট হয়, একটানা দাঁড়িয়ে ক্লাস নিতেও খুব কষ্ট হয়।সেই দিন, সবে বাড়ি ফিরেছি। সারা দিন হাঁটাহাঁটি করে ক্লান্ত আমি। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। ফোনটা মা ধরেছিল। তিনি খুব শক্ত মানুষ। খালি আমার সামনে এসে বললেন, ‘রুমু, তুই বাসায় থাক, আমি একটু আসি।’মা বেরিয়ে পড়লেন। আমি একা, কখন যে সন্ধ্যা নেমে এল, টের পাইনি। অন্ধকার ঘরে বসে আছি। এদিকে শাহারিয়ারের কোনো খবর নেই। শাহারিয়ার (আমার বর) আমার বাবুর বাবা। আমাদের বিয়েটা প্রেম করে হয়েছিল। আমি ওকে প্রথম দেখেছিলাম পান্তা-ইলিশের মেলার স্টলে। সেদিন বাড়ি ফিরে ও মাকে বলেছিল, ওর জন্য নাকি আর মেয়ে খুঁজতে হবে না।নাক উঁচু মেয়ে আমি। সহজেই হাত ধরিনি বরং ঘুরিয়েছি পেছনে। তারপর সহজেই সবকিছু হয়ে গেল। পান্তা-ইলিশের প্লেট থেকে কাহিনি শুরু হয়েছিল, তা এসে ঠেকল শেষে দিল্লির লাড্ডুতে।আমার পড়ালেখা, চাকরি, ক্যারিয়ার—সবকিছুর পাট চুকিয়ে মা হওয়ার পূর্ণ প্রস্তুতি, সবকিছু যেন সৃষ্টিকর্তার আশীর্বাদে। সন্ধ্যা সাড়ে সাতটায় হঠাৎ আচমকা মা বাসায় এলেন। বললেন, ঘরে তালা দিতে। চুপচাপ আলমারি থেকে টাকা বের করলেন। মুখে কোনো কথা নেই।অতঃপর আমাকে নিয়ে ছুটলেন। কোনো কথা বলছেন না, মাঝেমধ্যে চোখ মুছছেন। সোয়া আটটায় আমরা গিয়ে নামলাম, সোহরাওয়ার্দীতে।আমার হাত-পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে। চোখ-মুখ নীল হয়ে গেছে। আস্তে আস্তে আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন এক মস্ত বড় ঘরের সামনে। আশপাশে শত লোকের ভিড়।শাহারিয়ার অ্যাক্সিডেন্ট করেছে। প্রচণ্ড রক্তপাত হচ্ছে ওর শরীর থেকে। পা দুটি কেটে ফেলতে হবে। চিকিৎসকেরা সময় নিয়েছেন। যদি ও বাঁচে, তাহলে তাঁরা চেষ্টা করবে। আজকের রাতটা তাঁরা দেখতে চান।আমি শাহারিয়ারের মাথার কাছে দাঁড়িয়ে, ওর মাথায় হাত বোলাচ্ছি। চোখে পানি চলে আসছে। না, তবুও আমি কাঁদব না। ওর জ্ঞান নেই। এত শক্ত-সমর্থ মানুষ, যে কিনা কোনো দিন হাসপাতালে এক রাত থাকেনি, তার কেন এ অবস্থা!ওর পাশে বসে আমি দোয়া পড়ছি। আল্লাহর কাছে বলছি, ‘খোদা, ও অনেক ভালো মানুষ। কোনো দিন কারও ক্ষতি ও করেনি। ওকে তুমি বাঁচাও।’ শাহারিয়ার মাঝেমধ্যে চোখ মেলে আমাকে দেখছে। অসম্ভব রকম ঘামছে সে। রাত ১০টা, মা কোথা থেকে যেন ছুটে এলেন, আমাকে মুখে তুলে ভাত খাওয়াচ্ছেন, ওষুধ এনে দিলেন।আমি হতবাক মায়ের এই মনোবল দেখে। কীভাবে তিনি এতটা শক্ত থাকতে পারেন! হঠাৎ করে দেখি, তিনি উধাও। আশপাশে কোথাও নেই।সাড়ে তিনটা, পৌনে চারটা, চারটা—আমি জেগে আছি, বসে আছি। শাহারিয়ারকে আগের চেয়ে কিছুটা ভালো দেখাচ্ছে। ও আমার কোলে ওর মাথাটা দিতে চাইছে। আমার ডান হাতের কবজিটা শক্ত করে ধরে আছে।আমার শরীর ঠান্ডা হয়ে আসছে ভয়ে। আমি যেন জমে গেছি। শাহারিয়ার মুখ নাড়ছে, মাথা নড়াচ্ছে। আমি ওর মুখের দিকে তাকাতে পারছি না। ওর মুখের দিকে তাকালেই যে আমার চোখে পানি চলে আসবে।মাকে তো আমি কথা দিয়েছি, আমি কাঁদব না। পৌনে পাঁচটা, পাঁচটা ছুঁই ছুঁই করছে ঘড়ির কাঁটা। শাহারিয়ার নেই। ও কখন যেন আমাকে ছেড়ে চলে গেছে।আমি চিৎকার করছি, সিস্টার ছুটে এলেন, চিকিৎসক ছুটে এলেন। না, ও নেই। আমার চোখের সামনে দিয়ে, আমার হাতের ওপর দিয়ে চলে গেল।আমি চিৎকার করে কাঁদতে পারিনি। সাড়ে ১০টা পর্যন্ত ওর প্রাণহীন দেহটাকে ধরে আমি বসে আছি। মা তখনো নেই, তাঁর কোনো খবর নেই। একমাত্র সন্তানকে হারিয়েছেন তিনি।চিকিৎসকেরা আমার বাবার বাড়িতে ফোন করে খবর দেন। পরে আত্মীয়স্বজন আসে। ওর লাশ নিয়ে আমরা যাচ্ছি, বাড়ির দিকে। গিয়ে দেখি, ঘরবাড়ি খোলা। মা কোরআন শরিফ পড়ছেন। কারও সঙ্গে কোনো কথা বলছেন না। আমার দূরসম্পর্কের দেবর এসে ওকে গোসলের ব্যবস্থা করল।আমার চোখ-মুখ দিয়ে পানি পড়ছে না। আমি ওর লাশের পাশে চুপ করে বসে আছি। ওই মুহূর্তে কেন জানি, আমার কোনো কষ্ট হচ্ছিল না। আসরের নামাজের পর ওকে কবর দেওয়া হয়। আমি কেঁদেছি, খুব কেঁদেছি। ওকে নিয়ে যাওয়ার পর খুব কেঁদেছি। কেউ ছিল না কিছু বলার।ও মারা যাওয়ার দেড় মাস পরে আমার সন্তান পৃথিবীতে এসেছে। ও সব সময় চাইত আমাদের একটা মেয়ে হোক। কিন্তু ওপরওয়ালার ইচ্ছা ছিল অন্য রকম। আমার ছেলে হলো। আমাদের ছেলে হলো।ছেলে যেদিন জন্মাল, সেদিন হাসপাতালের বিছানায় শুয়ে বাবুকে ধরে খুব কেঁদেছিলাম। আমার শাশুড়ি-মাও খুব কেঁদেছিলেন।নাতি হওয়ার পর তিনি কিছুটা ব্যস্ত থাকলেও মাঝেমধ্যে কাঁদতেন। খুব কাঁদতেন, ভাত খেতে বসেও কাঁদতেন।আর আমি, আমি তো একটিবারের জন্য চোখ বন্ধ করতে পারিনি। চোখ বন্ধ করলে ওর মুখখানা, ওর কথাগুলো, ওর সব ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। আমি শুধু নিজেকে ভোলাই। আর আমার ছেলেটার দিকে মাঝেমধ্যে তাকাই।শাহারিয়ারকে একসময় আমি বলতাম, ‘তোমাকে ছাড়া আমি বাঁচব না।’ কিন্তু এখন ওকে ছাড়াই বেঁচে আছি আমি। কত স্বার্থপর আমি। গত ১৩টি বছর কাটালাম। ওর প্রতি আমার ভালোবাসা কোনো দিনও কমবে না বরং বাড়বে।তার পরও আমি বেঁচে আছি।গুলশান নওশিন[email protected]