চার মাসেও খোঁজ মেলেনি রাঙামাটি জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা অনিলচন্দ্র তঞ্চঙ্গ্যার। এখন উদ্ধার তৎপরতাও থেমে গেছে। পরিবারের লোকজন তাঁর বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন। অভিযোগ উঠেছে, উদ্ধারের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো কিছু করতে চাইলেও পরোক্ষভাবে থামিয়ে দেওয়া হচ্ছে। অনিলচন্দ্র তঞ্চঙ্গ্যার ছোট ভাই সুনীল তঞ্চঙ্গ্যা প্রথম আলোকে বলেন, ‘অপহরণ ঘটনার পর প্রশাসন, পুলিশ, আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে অনিল তঞ্চঙ্গ্যাকে উদ্ধারের ব্যাপারে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু চার মাস পার হলেও তেমন কোনো তথ্যই পরিবারকে দিতে পারেনি। এখন উদ্ধার চেষ্টা অব্যাহত রাখা দূরের কথা উল্টো পরিবারের লোকজনের কাছে প্রশ্ন করা হয় কোনো খবর পাওয়া গেছে কি না। তাঁকে আর জীবিত ফেরত পাব বলে মনে হয় না।’তিনি জানান, উদ্ধারের ব্যাপারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা এবং উচ্চপর্যায়ের দলীয় নেতাদের কাছে যাওয়ার জন্য বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের বিভিন্ন আশ্বাস দিয়ে থামিয়ে দেওয়া হয়।জেলা আইনশৃঙ্খলা কমিটির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, অনিলচন্দ্র তঞ্চঙ্গ্যার অপহরণ ঘটনা নিয়ে জেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় কোনো আলোচনা হয় না। কেউ আলোচনা উত্থাপন করলেও সেটা নথিভুক্ত করা হয় না।তবে জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন, বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয় এবং পুলিশ সুপার বিষয়টি তদন্তাধীন বলে জানান। জানা যায়, গত ১০ জানুয়ারি সকালে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের নিজবাড়ি আগুনিয়া ছড়া থেকে অটোরিকশায় করে রাঙামাটি আসার পথে সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাই সড়কে অনিল তঞ্চঙ্গ্যাকে একদল সশস্ত্র যুবক অপহরণ করে। ওই সময় অনিলচন্দ্র তঞ্চঙ্গ্যার অপহরণ ঘটনার খবর শুনে আওয়ামী লীগ নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে জনসংহতি সমিতিকে দোষারোপ করে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়। অবশ্য পরে আওয়ামী লীগের পক্ষ থেকে জনসংহতি সমিতির জড়িত থাকার অভিযোগ প্রত্যাহার করা হয়। এরপর ১১ জানুয়ারি অপহরণ ঘটনার ব্যাপারে অপহূত অনিলচন্দ্র তঞ্চঙ্গ্যার স্ত্রী সান্ত্বনা চাকমা বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচজন আদিবাসী সন্ত্রাসীর বিরুদ্ধে কাউখালী থানায় অপহরণ মামলা দায়ের করেন। অপরদিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী বিশ্বজিৎ চাকমা রাঙামাটি কোতোয়ালি থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। কিন্তু এ পর্যন্ত দুটি মামলার কাউকে গ্রেপ্তার করা হয়নি।যোগাযোগ করা হলে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া জানান, মামলা তদন্তাধীন রয়েছে। পুলিশ সুপার (এসপি) মাসুদ-উল হাসান বলেন, উদ্ধার না হওয়া পর্যন্ত মামলার দৃশ্যমান অগ্রগতি আছে বলা যাবে না। অনিলচন্দ্র তঞ্চঙ্গ্যাকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চলছে।