বেঁচে থাকো সেলফি
‘তুমি আমায় ভালোবাসো?’ মেয়েটি আহ্লাদী গলায় জানতে চায়। ছেলেটি উত্তরে দৃঢ়ভাবে বলে, ‘অবশ্যই।’ মেয়েটি মুখে হাসি রেখেই বলে, ‘তাই!’ ছেলেটির উত্তর, ‘তাই তো। আচ্ছা, কী করলে বিশ্বাস করবে আমি সত্যি তোমাকে ভালোবাসি?’ যথারীতি মেয়েটি মুচকি হেসে বলে, ‘যদি তুমি আমার সঙ্গে এক হাজার সেলফি তোলো!’ ছেলেটি প্রেমের প্রমাণ দিতে মেয়েটির সঙ্গে এক হাজার সেলফি তুলল।
ঘটনাটি গল্প নয়, সত্যি। বর্তমানে ভালোবাসার প্রমাণ হিসেবে সেলফিও আসছে! আসলে পুরো বিশ্ব এখন সেলফি-জ্বরে আক্রান্ত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আনন্দ-উল্লাস, হাসি-কান্না-বিদায়-অভিবাদন—যেকোনো মুহূর্ত ধরে রাখতে তোলা হচ্ছে সেলফি। দর্শনীয় স্থান থেকে শুরু করে ফুটপাত, চলন্ত বাইক থেকে পাহাড়ের চূড়া, কোথায় না তোলা হয় সেলফি! চারদিকে শুধু সেলফির জয়ধ্বনি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তা বাড়াতে সেলফি টনিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিজেকে ‘হিরো’ হিসেবে উপস্থাপন করতে বাড়ছে ঝুঁকিপূর্ণ সেলফি তোলার হিড়িক। এর জন্য কেউ কেউ নিচ্ছেন ভয়ংকর সব চ্যালেঞ্জ, পরোয়া করছেন না মৃত্যুকেও। তাই সেলফি শুধু আনন্দের প্রিয় মুহূর্তগুলোকেই ধরে রাখছে না, ঠেলে দিচ্ছে শোকের-মৃত্যুর দিকেও। এই সেলফি মৃত্যুর কারণ হিসেবে হার মানিয়ে দিয়েছে নীল জলের ভয়ংকর প্রাণী হাঙরের আক্রমণকেও। ২০১৫ সালের ‘গ্লোবাল শার্ক অ্যাটাক ফাইল’-এর তথ্যানুযায়ী, ওই বছর মোট ৭৪টি হাঙরের আক্রমণ হয়েছে, যাতে প্রাণ গেছে আটজনের। আর সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন।
মৃত মানুষের সঙ্গেও সেলফি তোলা হচ্ছে। মৃত নানার সঙ্গে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে দিয়েছে তিন কিশোর, যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘যাকে নিয়ে এত মজা করতাম, যাকে ঘিরে ছিল আমাদের হাসি-খুশি, যার সঙ্গে কথা না বলে থাকতাম না, সে হলো আমাদের নানা। তিনি আর নেই। চলে গেছেন না-ফেরার দেশে। আমরা তোমায় ভুলব না। মিস ইউ সো মাচ নানাভাই।’
ঘটনাটি ২০১৫ সালের নভেম্বরে আমাদের এই বাংলাদেশেই ঘটেছে। সেখানে দেখা যায়, মৃত নানাকে ঘিরে বিচিত্র মুখের ভঙ্গিমায় পোজ দিয়েছে ওই কিশোরেরা। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গেছে। প্রশ্ন উঠেছে তরুণ প্রজন্মের মূল্যবোধ ও নৈতিক শিক্ষা নিয়ে। বান্ধবীকে খুন করে তাঁর সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে দিয়েছেন চীনা তরুণ কিউইন। ফলে তাঁকে এখন শ্রীঘরে বাস করতে হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, প্রেমিকার সেলফি পছন্দ না হওয়ায় তাঁকে খুন করে পৃথিবী থেকেই সরিয়ে দিয়েছেন খোদ প্রেমিক।
শুধু সেলফি তুললেই হবে না। নিজেকে আকর্ষণীয় রূপে হাজির করতে জানতে হবে তোলার স্টাইল বা এর নানামুখী ব্যবহারের। তরুণ প্রজন্মের কাছে এর বেশ গুরুত্বও রয়েছে। এ কারণে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ও চালু করেছে সেলফি তোলা-বিষয়ক কোর্স। বৈচিত্র্য আনতে নানান রকম মুখভঙ্গিও আবশ্যক সেলফিতে।
অক্সফোর্ড অভিধানের ভাষায় সেলফি হচ্ছে সেই ছবি, যা নিজেরই তোলা, যা স্মার্টফোন অথবা ওয়েবক্যামে ধারণ করা হয়। এই অভিধানের সম্পাদকদের তথ্যানুযায়ী, ২০০২ সালে একটি অনলাইন ফোরামে ‘সেলফি’ শব্দটির প্রথম ব্যবহার করা হয়। আর এর মাত্র ১১ বছর পর ২০১৩ সালের সবচেয়ে জনপ্রিয় শব্দ হিসেবে অক্সফোর্ড অভিধানে জায়গা করে নিয়েছে ‘সেলফি’। শুধু ২০১২ সালেই সেলফি শব্দের ব্যবহার বেড়েছে ১৭ হাজার শতাংশেরও বেশি।
হাটে-মাঠে-ঘাটে তো বটেই, পানির নিচেও বাদ যাচ্ছে না সেলফি তোলা। শুধু মানুষই নয়, যন্ত্রও পিছিয়ে নেই সেলফি তোলার এই দৌড়ে। মঙ্গল গ্রহে গিয়ে সেলফি তুলেছে রোবটিক মহাকাশযান কিউরিওসিটি। তা-ও একটি-দুটি নয়, গত ১৯ জানুয়ারি ৫৭টি সেলফি পাঠিয়েছে এই মহাকাশযান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এ মহাকাশযান এখন মঙ্গল গ্রহের মাটির নমুনা সংগ্রহের কাজে ব্যস্ত।
এক কথায় সেলফির নেশায় আক্রান্ত কিশোর-ছেলে-বুড়ো-তরুণীসহ সবাই। সেলফি-উন্মাদনায় কাঁপছে মানুষ। সবাই ব্যস্ত সেলফি তোলায়, প্রিয় মুহূর্ত বন্দী করায়। গত মার্চে কলকাতায় ফ্লাইওভার ধসের পর উদ্ধারের কাজে নয়, সেলফি শিকারিদের সামাল দেওয়ার কাজেই বেশি ব্যস্ত থাকতে হয়েছে পুলিশ ও উদ্ধারকর্মীদের। প্রেমের নিদর্শন হিসেবে খ্যাত তাজমহলের সিঁড়িতে দাঁড়িয়ে ঝুঁকিপূর্ণ সেলফি তুলতে গিয়ে এক জাপানি পর্যটকের তো মৃত্যুই হয়েছে। আহত হয়েছেন তাঁর সঙ্গী। বাংলাদেশেও সেলফি তুলতে গিয়ে কম হতাহতের ঘটনা ঘটছে না। গত ২১ মার্চ মৌলভীবাজারে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে সায়েদ নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গত বছর নড়াইলের লোহাগড়া উপজেলায় চলন্ত বাইকে সেলফি তুলতে গিয়ে পিকআপের সঙ্গে ধাক্কায় তিন বন্ধু ঘটনাস্থলে মারা যান।
তবু থেমে নেই সেলফি তোলা। থেমে থাকার কোনো কারণও নেই। তবে কথা একটাই—সেলফিটি যেন শেষ স্মৃতি না হয়ে যায়! সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকেই। বেঁচে থাকো সেলফি!