বেঁচে যাওয়া একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সবাই হইচই করছিলাম। হঠাৎ দেখি সিএনজিচালিত অটোরিকশা ও একটা ভটভটিকে সাইড দিতে গিয়ে আমাদের ট্রাকটা কাত হয়ে পড়ে যাচ্ছে। আমি ঋত্বিকের হাত ধরে ছিলাম। কখন কীভাবে লাফ দিয়েছি মনে নেই। পাঁচ-ছয় হাত পানি সাঁতরে খাদের কিনারে আসতেই একটা লতা হাতে লাগল। ওটা বেয়ে রাস্তায় উঠে আসি।’ মিরসরাইয়ের ট্রাক দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যাওয়া প্রান্ত নাথ (১৩) গত সোমবার রাতে কাঁপা কাঁপা কণ্ঠে বলছিল কথাগুলো।পায়ের স্যান্ডেল জলে ভেসে গেছে তার। জলকাদায় মাখামাখি হয়ে খালি পায়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে সে। প্রান্ত নাথ আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম এবং ঋত্বিক পোদ্দার পঞ্চম শ্রেণীর ছাত্র। কপাল গুণে দুজনেই রক্ষা পায়। দুর্ঘটনায় প্রান্তর শ্রেণীতেই পাঁচজন মারা গেছে। খেলা দেখতে গিয়ে একসঙ্গে এত জন বন্ধু হারিয়ে সে নির্বাক। তার জেঠিমা কবিতা নাথের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘প্রান্ত লাফিয়ে পানিতে পড়ায় বেশি ব্যথা পায়নি। বুকে সামান্য ব্যথা পেয়েছে। হাতে-পায়ে আঁচড় লেগেছে। তবে সে মানসিক আঘাত পেয়েছে বেশি।’ প্রান্তর সঙ্গে কথা হয় গত মঙ্গলবার সকালে। সে জানায়, ওপরের শ্রেণীর ছাত্ররা একটা ট্রাক ভাড়া করে। প্রাইভেট পড়া শেষে বিদ্যালয়ে ব্যাগ রেখে সকাল সাড়ে নয়টায় সবাই একসঙ্গে খেলা দেখতে মিরসরাই কলেজের মাঠে যায়। বাড়ি থেকে অনুমতি মিলবে না, এই ভয়ে শিক্ষক-অভিভাবকদের না জানিয়েই গিয়েছিল তারা। খেলা শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।মা সাধনা নাথ কান্নাভেজা গলায় বলছিলেন ছেলেকে ফিরে পাওয়ার ওই মুহূর্তের কথা, ‘আমরা তো ওর মাঠে যাওয়ার কথা জানতাম না। প্রথমে শুনেছি, ছেলে বেঁচে নেই। কান্নাকাটির রোল পড়ে যায়। পরে ওকে দেখে যেন নতুন জীবন ফিরে পেলাম।’প্রান্তর বাবা প্রদীপ নাথ ছিলেন ঢাকায়। ঘটনার দিন রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ফোনে ছেলের সঙ্গে কথা বলেও মন শান্ত হয়নি। ছেলেকে চোখে না দেখা পর্যন্ত শান্তি পাব না। আমি সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে মোম জ্বালিয়েছি। ছেলের নামে বিপদনাশিনী পুজো দিব বলে মানত করেছি। ভগবানের আশীর্বাদ ছিল, তাই ওকে ফিরে পেলাম।’