বেঁচে যাওয়া লোকজনও দুর্ভোগে
চারপাশে ধ্বংসস্তুপ। প্যাঁচপ্যাঁচে কাদা। লোকজন অসহায় হয়ে ঘোরাফেরা করছে এদিক-সেদিক। জল-কাদায় একাকার গলির মুখে বসে কাঁদছিলেন রোকেয়া বেগম (৫০)। কখনো নিঃশব্দে আবার কখনো ডুকরে কেঁদে উঠছেন। পাশে স্বামী আইয়ুব আলী (৬০) তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন। গত শুক্রবার ভোরে টাইগার পাসের বাটালি হিল এলাকায় পাহাড়ধসরোধে নির্মিত দেয়ালধসে নিহতদের প্রতিবেশী আইয়ুব আর রোকেয়া। গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলের পাশে ভেজা কাপড়ে বসে এভাবেই কাঁদতে দেখা যায় রোকেয়াকে। আইয়ুব জানান, তিনি একজন মিস্ত্রি। দুর্ঘটনার রাতে স্ত্রী ও সন্তান-সন্ততি নিয়ে তিনি সেখানেই ছিলেন। দুর্ঘটনাস্থলের কিছু দূরেই তাঁদের ঘরও চাপা পড়েছিল। সকালে ফায়ার সার্ভিস আর সেনাবাহিনী আসার আগেই প্রতিবেশীরা তাঁদের জীবিত উদ্ধার করেন। উদ্ধারের সময় টানা-হ্যাঁচড়ায় তাঁদের শরীর ক্ষত-বিক্ষত হয়েছে। তবুও প্রাণে বেঁচে গেছেন—এটাই তাঁদের সান্ত্বনা।দুর্ঘটনায় এভাবে বেঁচে যাওয়া আরও কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই দিন তাঁরা খাওয়ার কিছুই পাননি। সবাই উদ্ধার তৎপরতায় ব্যস্ত। বেঁচে যাওয়াদের খাবার, পানি, ওষুধপত্র কিছুই দেওয়া হচ্ছে না। রুবি বেগম বলেন, ‘সেই কবে থেকে ঘর ছাড়া হয়ে বসে আছি। খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে এক কাপড়ে বসে আছি। এত লোক আমাদের খোঁজ-খবর নিতে আসছে অথচ খাবারের কথা দূরে থাক এক ফোঁটা পানি পর্যন্ত কেউ দেয়নি।’ সরেজমিনে দেখা গেছে, এলাকাটি এখনো বিপদমুক্ত নয়। প্রতিরক্ষা দেয়ালের অবশিষ্ট অংশ যেকোনো সময় ভেঙে যেতে পারে। কর্তব্যরত পুলিশ এলাকাবাসী এবং দর্শনার্থীদের সেখানে না যাওয়ার জন্য বারবার মাইকে প্রচারণা চালাচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পাহাড়ের নিচে বাসায় কলসিতে করে খাবার পানি নিয়ে আসছিলেন রিকশাচালক মো. রফিক। সঙ্গে তাঁর মা সখিনা বেগম। এসেছেন রান্না করবেন বলে। নিজেরাই চাল-ডাল যা জোগাড় করেছেন তা দিয়ে চলছে রান্নার আয়োজন।আবার কেন এসেছেন জানতে চাইলে মো. রফিক জানান, ‘আমাদের জন্মই এখানে। কোথায় যাব আর? বাসা ভাড়া করে থাকব এই সামর্থ্যও আমাদের নেই।’সখিনা বলেন, ‘এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য আমাদের বলা হয়েছে, কিন্তু আমরা কোথায় যাব? না খেয়ে তো থাকতে পারব না। তাই আবার ফিরে এসেছি।’এ সময় সেখানকার বাসিন্দা মো. আমির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বৃষ্টির সময় আমাদের চলে যেতে বলা হয়েছিল। কিন্তু আমাদের তো কোনো পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়নি কেউ। কোথায় যাব আমরা?’