খাগড়াছড়ি জেলার ৩৪টি ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে অবাধে। এর মধ্যে একটি ছাড়া বাকি ৩০টিরই অনুমোদন নেই। তিন পার্বত্য জেলায় নতুন ইটভাটা তৈরি করা নিষিদ্ধ হলেও প্রতিবছর নতুন নতুন ইটভাটা তৈরি করা হচ্ছে। এ বছরও জেলায় দুটি নতুন ইটভাটা তৈরি করা হয়েছে। এ ব্যাপারে ভাটার মালিকেরা কোনো আইনকানুন মানছেন না।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রের হিসাব অনুযায়ী জেলায় ৩১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে একটি মাত্র ইটভাটার অনুমতিপত্র (লাইসেন্স) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। সূত্র জানায়, জেলা প্রশাসনের ৩১টি ইটভাটার তালিকায় গত বছর গড়ে ওঠা একটি এবং এ বছর গড়ে ওঠা দুটি ইটভাটার নাম নেই। প্রশাসনও নতুন ভাটা তৈরির খবর জানে না। এ বছর মহালছড়ি উপজেলার ক্যাংঘাট ইউনিয়নের দাঁতকুপ্যা এলাকা এবং মানিকছড়ি উপজেলায় কুমারীপাড়ায় নতুন দুটি ইটভাটা স্থাপন করা হয়েছে।সরেজমিনে দেখা যায়, যেসব ইটভাটা সড়কের পাশে, সেসব ভাটায় নিয়ম অনুযায়ী ১২০ ফুট উচ্চতার চিমনি স্থাপন করা হয়েছে। কিন্তু অপেক্ষাকৃত দুর্গম এলাকার ভাটাগুলোতে নিচু ‘ড্রাম চিমনি’ ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ভাটাগুলো জনবসতির কাছাকাছি স্থানে স্থাপন করায় জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়েছে বলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা অভিযোগ করেন। খাগড়াছড়ি সদরের কমলছড়ি পার্বত্য বৌদ্ধ মিশনের সভাপতি সুমনালঙ্কার মহাথের অভিযোগ করেন, বৌদ্ধ মিশনের কাছে দুটি ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে প্রতিষ্ঠানের বাসিন্দা ও শিক্ষার্থীরা প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া আশপাশের সবজি ও ফলের বাগানগুলোর গাছ শুকিয়ে গিয়ে ফলনও কম হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন জানান, ইটভাটার মালিকেরা প্রশাসনকে ফাঁকি দেওয়ার জন্য ভাটার সামনে কিছু কয়লা মজুদ করে রাখেন। কিন্তু এই কয়লা দিয়ে কখনো ইট পোড়ানো হয় না। সাধারণত সন্ধ্যার পর ইটভাটার পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে কাঠ সংগ্রহ করে ইটভাটার কিছু দূরে আড়ালে লুকিয়ে রেখে সুযোগমতো পোড়ানো হয়। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পরিচয় গোপন রেখে ইটভাটা মালিক সমিতির এক সদস্য বলেন, ‘স্থানীয়ভাবে ইট তৈরি না হলে এখানে উন্নয়নকাজ হবে কী দিয়ে। তাই নানা ঝক্কি-ঝামেলা সামাল দিয়ে আমরা ইট তৈরি করছি।’ তিনি কাঠ দিয়ে ইট পোড়ানোর কথা নির্দ্বিধায় স্বীকার করেন। জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া বলেন, ‘আমরা ধীরে ধীরে ইটভাটাগুলো বন্ধ করার চেষ্টা চালাচ্ছি। তবে স্থানীয়ভাবে উন্নয়নের ক্ষেত্রে ইটের চাহিদা থাকায় ইটভাটাগুলো বন্ধ করাও যাচ্ছে না। যদিও আইনে আছে পার্বত্য জেলাগুলোতে কোনো ইটভাটা করা যাবে না।’ তিনি আরও বলেন, স্থানীয় চাহিদার কথা বিবেচনায় রেখে ইটভাটা সীমাবদ্ধ রেখে সম্পূর্ণ কয়লা দ্বারা ইট পোড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। কারণ, স্থানীয়ভাবে ইট তৈরি না হলে সমতল জেলাগুলো থেকে ইট এনে উন্নয়নকাজ করতে খরচ অনেক বেশি পড়ে।