বেআক্কেল তস্কর

চোর পালালে বুদ্ধি বাড়ে—এই প্রবাদ তো গেরস্থের জন্য। চোর মহাশয়ের বুদ্ধি বৃদ্ধিকরণ কোনো পদ্ধতি কি নেই? আছে! চোরদের জন্য প্রবাদের ‘আপডেটেড’ সংস্করণ হলো ‘ধরা পড়লেই বুদ্ধি বাড়ে’। নির্বুদ্ধিতার জন্য বেকুবের মতো পুলিশের হাতে ধরা পড়েছে, জেনে নিন এমন কিছু চোরের সত্য কাহিনি!
পাপের ছাপ
ঘটনা ঘটেছে অস্ট্রিয়ার স্টেইন্যাক অ্যাম ব্রেনার শহরে, তুষারপাতের এক রাতে। রাস্তায় লোকজন কম। এই সুযোগে একটি দোকানের জানালা ভেঙে চুপিচুপি ভেতরে ঢুকেছিল ২০ বছরের এক চোর। টপাটপ কয়েক কার্টন সিগারেট তুলে নিয়ে ফেরার পথে সে নিশ্চয়ই মনে মনে মিশন ইম্পসিবল ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছিল! ‘আহা, কী দাঁওটাই না মারলাম!’
সকাল না হতেই ব্যাটা বমাল ধরে পড়েছে। কীভাবে? ঘটনাস্থল থেকে নিজ বাড়ি পর্যন্ত তুষারের ওপর নিশ্চিন্তে পায়ের ছাপ রেখে গিয়েছিল বেকুবটা! তার ওপর কার্টনভর্তি যে সিগারেট সে চুরি করেছিল, সেগুলো ছিল প্রদর্শনীর জন্য রাখা। প্যাকেটগুলো সবই আদতে
খালি ছিল!
চোরই ডাকল পুলিশকে
২০১৩ সালের ২০ নভেম্বর। ভোরবেলা যুক্তরাজ্যের হওডেন শহরের বাসিন্দা রিচার্ড উইলসন শুনতে পেলেন, বাথরুমের ভেতর কার যেন গোঙানির শব্দ শোনা যাচ্ছে। ভয়ে ভয়ে ভেতরে ঢুকে রিচার্ড যা দেখলেন, তাতে তাঁর চোখ ভ্রুর সীমানা ছাড়িয়ে কপালে ওঠার উপক্রম!
বাথরুমের ভেতর জানালায় পা আটকে উল্টো হয়ে ঝুলে ছিল একজন! ‘ঝুলন্ত ভদ্রলোক’ আর কেউ নন, এলাকার কুখ্যাত চোর ড্যানিয়েল সেভার্ন। বাথরুমের জানালা দিয়ে এন্ট্রি নেওয়ার সময় পুরো শরীরটা ভেতরে ঢুকলেও, পা আটকে গিয়েছিল বেচারার। সারা রাত আটকে থেকে বাধ্য হয়ে একসময় নিজেই পুলিশকে ফোন করার চেষ্টা করেছিল সে। সেই চেষ্টাও ব্যর্থ—হাত থেকে ফসকে মোবাইল ফোন পড়ে গিয়েছিল বাথটাবের ভেতর! বাড়ির কর্তাকে দেখে জানে পানি এসেছে চোর বাবাজির। কাতর হয়ে সে বলছিল, ‘দয়া করে পুলিশকে খবর দিন। আমাকে বাঁচান!’
চুমুই হলো কাল
সবকিছু ঠিকঠাকই চলছিল। প্যারিসে একটি অলংকারের দোকানের ৫৬ বছর বয়সী এক নারী কর্মীর বাসায় হামলা করেছিল চোরের দল। তাঁকে চেয়ারের সঙ্গে বেঁধে জেনে নিয়েছিল দোকানের দরজা খোলার কোড।
বৃদ্ধাকে দীর্ঘ চার ঘণ্টা আটকে রেখে নির্বিঘ্নে কার্য সাধন করার পর চোরের দলের একজন ভাবল, আহা, মহিলাকে একটা ধন্যবাদ তো দেওয়া উচিত। বেরিয়ে যাওয়ার আগে কৃতজ্ঞতাস্বরূপ সে বৃদ্ধার গালে টুক করে একখানা চুমু খেয়েছিল। বেচারা তখনো জানত না,
এই চুমুই হবে কাল!
পরদিন সকালে বৃদ্ধার গাল নিয়ে বিস্তর পরীক্ষা–নিরীক্ষা শেষে পাওয়া গিয়েছিল চোরের ডিএনএ। কয়েক মাসের মধ্যেই ধরা পড়েছে অপরাধী।
বুদ্ধির বাত্তি
এই ঘটনা ঘটেছিল রাশিয়ার দিমিত্রোভগ্রাদ শহরে। ‘ডিজিটাল’ চুরির পরিকল্পনা করেছিল দুই চোর। প্রহরীকে বেঁধে রেখে একটি অফিসের কম্পিউটার, ল্যাপটপসহ দামি ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো বস্তায় ভরছিল তারা। এমন সময় এক চোর ভাবল, ‘উফ, অন্ধকারে কাজ করতে সমস্যা হচ্ছে। লাইটটা বরং জ্বালিয়ে দিই।’ লাইট জ্বালানোর জন্য সুইচ চাপতেই বিকট শব্দে অ্যালার্ম বাজতে শুরু করল! ঘটনা কী? ভুলে লাইটের বদলে অ্যালার্মের সুইচ চেপেছিল সে। ব্যস, তিন মিনিটের মধ্যে সেখানে পুলিশ হাজির!
সূত্র: রিডার্স ডাইজেস্ট, এপ্রিল ২০১৫