
শিরোনাম দেখে চোখ কপালে উঠে যেতে পারে যে কারও। সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের ফ্যাশন-সচেতনতার কথা সর্বজনবিদিতই বলা চলে। সেই বেকহামের জুতা কিনা দুই হাজার বছর আগের মডেলের! আসলে বিষয়টা ঠিক তা না।
উত্তর-পূর্ব ইংল্যান্ডের নর্দামবারল্যান্ডে প্রত্নতত্ত্ববিদেরা সম্প্রতি দুই হাজার বছরের পুরোনো এক জুতা খুঁজে পেয়েছেন, যা দেখতে অনেকটাই জার্মান জুতা, খেলাধুলার পোশাক ও সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রিডেটর ফুটবল বুটের মতো। এই মডেলের জুতা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে ডেভিড বেকহাম ব্যবহার করতে শুরু করার পর।
নর্দামবারল্যান্ডের হেক্সহ্যামের কাছে রোমান দুর্গ ভিন্ডোল্যান্ডার একটি খন্দ থেকে কিছুদিন আগে জুতাটির সন্ধান পান সেখানকারই একদল প্রত্নতত্ত্ববিদ। এই দুর্গ প্রাচীন রোম সাম্রাজ্যের প্রদেশ ব্রিটানিয়ায় নির্মিত হেড্রিয়ানের প্রাচীরের (রোমান প্রাচীর নামেও পরিচিত) দক্ষিণে অবস্থিত।
জুতার বাইরের পৃষ্ঠের খাঁজ এবং বুড়ো আঙুল পর্যন্ত নেমে আসার ফিতা বাঁধার সজ্জা প্রায় অবিকল প্রিডেটর ফুটবল বুট মডেলের মতো।
ভিন্ডোল্যান্ডার মুখপাত্র সোনিয়া গালোওয়ে বলেন, ‘প্রথমে তো আমাদের বিশ্বাসই হচ্ছিল না। জুতার ছবি টুইটারে পোস্ট করার পর আমার ছেলের এক বন্ধুর বাবা বিষয়টি ধরেন। এর আকার বর্তমান সময়ের “সাইজ ওয়ান” জুতার প্রায় সমান। খুব সম্ভবত প্রাচীন রোমের আট থেকে দশ বছর বয়সী কোনো শিশুর জুতা ছিল এটি।’
সোনিয়া আরও বলেন, ‘সম্ভবত রোমান শিশুরা খুব ফ্যাশন-সচেতন ছিল। ভালো চামড়া দিয়ে তৈরি জুতাটি সমৃদ্ধ রোমের সাক্ষী।’
নতুন জুতাটি নিয়ে ভিন্ডোল্যান্ডার ওই খন্দ থেকে ৪২০টি জুতা পাওয়া গেল। এটি আসলে ছিল প্রাচীন রোমের একটি আবর্জনা ফেলার জায়গা। প্রত্নতত্ত্ববিদেরা ধারণা করছেন, সর্বশেষ পাওয়া জুতাটি খ্রিষ্টপূর্ব ২১২ অব্দের। সে সময়ের কোনো ধনী পরিবারের শিশুই পরত এটি।