বেকার তরুণদের বাতিঘর চন্দ্রঘোনার গণবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখেন বহু তরুণ-তরুণী। কিন্তু অনেকেরই সেই স্বপ্ন পূরণ হয় না। চাকরি নামের সোনার হরিণ সহজে ধরা দেয় না। তবে চন্দ্রঘোনা গণবিদ্যালয় তরুণদের জীবনজয়ের এই স্বপ্ন অনেকটাই সার্থক করে তুলেছে। দূর-দূরান্ত থেকে তাই এখানে পড়তে আসেন শিক্ষার্থীরা। প্রতিবছর প্রায় ৪০০ বেকার তরুণ-তরুণী আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন এই বিদ্যালয়ের কারণে।চন্দ্রঘোনা এলাকার কাপ্তাই সড়কসংলগ্ন বনগ্রামে অবস্থিত এ গণবিদ্যালয়। পুরো নাম মাহবুব আলম চাষি গণবিদ্যালয়। ৩৪ বছর ধরে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৪ হাজার বেকার তরুণকে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা দিয়ে প্রশিক্ষিত করেছে। ১৯৭৬ সালে বিদেশি দাতা সংস্থা ডানিডার আর্থিক সহায়তায় এ বিদ্যালয়ের যাত্র শুরু। সেলাই, ইলেকট্রনিকস রেফ্রিজারেটরের মেরামতসহ বৃত্তিমূলক নানা প্রশিক্ষণ কোর্স (ট্রেড) চালু আছে এখানে।২০১০ সাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণেরও সুযোগ পাচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা যেমন আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন, তেমনই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিও পেয়েছেন। বিদেশেও চাকরি নিয়ে গেছেন অনেকে।চন্দ্রঘোনা দোভাষি বাজারে ইলেকট্রনিকস যন্ত্রপাতি মেরামতের কাজ করেন দুলাল মল্লিক (৩৯)। তিনি বলেন, ‘১৯৮৭ সালে গণবিদ্যালয় থেকে ইলেকট্রনিকস বিষয়ে রেডিও-টেলিভিশন মেরামতের প্রশিক্ষণ নিয়েছি। ছয় মাসের প্রশিক্ষণ শেষে দোভাষি বাজারে দোকান নিয়ে রেডিও-টিভি মেরামতের কাজ শুরু করি। আমি এখন স্বাবলম্বী।’সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রতিটি বিভাগে চলছে পাঠদান। হাতেকলমে প্রশিক্ষণ নিতে ব্যস্ত শিক্ষার্থীরা। কথা হয় রেফ্রিজারেটর ট্রেডের প্রশিক্ষণার্থী মুজিবুর রহমানের (১৮) সঙ্গে। তিনি বলেন, ‘বেকারত্ব ঘোচানোর জন্য পত্রিকায় চটকদার বিজ্ঞাপন দেখে ঢাকায় গিয়ে প্রতারণার শিকার হয়েছি। এখন গণবিদ্যালয়ে প্রশিক্ষণ নিচ্ছি। কাজ শেখার পর বেকার থাকতে হবে না—এটাই আমার জন্য এখন সুখের বিষয়।’বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, বিদ্যালয়টির আর্থিক সমস্যা রয়েছে। বর্তমানে কোনো দাতা সংস্থা সাহায্য দেয় না। ফলে প্রশিক্ষণার্থীদের বৃত্তি প্রদান বন্ধ। বিদ্যালয়ের নিজস্ব আয় থেকে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় শিক্ষার্থীরা এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।