কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় এক হাজার ২০০ একর জমিতে লবণ চাষ হচ্ছে না। এসব এলাকায় ভাঙা বেড়িবাঁধ দিয়ে অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ারের পানি ঢুকে পড়ছে। ফলে বেকার সময় কাটাচ্ছেন প্রায় দেড় হাজার চাষি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে জলোচ্ছ্বাসের কবলে পড়ে ধলঘাটার দক্ষিণ, পূর্ব ও পশ্চিম অংশের প্রায় আট কিলোমিটার বাঁধের বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে সাগরে বিলীন হয়ে যায়। ভাঙা অংশ মেরামত না হওয়ায় অমাবস্যা পূর্ণিমায় জোয়ারের পানি ঢুকে পড়ে ভারতঘোনা, সরইতলার লম্বাঘোনা ও বন জামিরাঘোনায়।
ফলে ভারতঘোনার ৮০০, লম্বাঘোনার ২০০ ও বন জামিরাঘোনায় ২০০ একর মাঠে লবণ চাষ হচ্ছে না। ৮ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, সরইতলার প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে।
এ ছাড়া ভারতঘোনায় আট ও বন জামিরাঘোনায় এক কিলোমিটার বেড়িবাঁধও ভাঙা। স্থানীয় লোকজন জানান, একবার জোয়ারের পানি ঢুকে পড়লে তা ১০ থেকে ১২ দিনেও নামে না। কারণ এসব স্থানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।
সরইতলার বাসিন্দা লবণচাষি রুহুল আমিন ও নূর হাসেম জানান, এই সময়টাতে লবণ চাষ করে যা আয় হতো, তা দিয়ে সংসার চলত। এখন চাষ বন্ধ থাকায় কষ্টে দিন কাটছে। কিন্তু এ নিয়ে কারও মাথাব্যথা নেই।
দুই বছর আগে বেড়িবাঁধ ভেঙে গেলেও এখনো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ধলঘাটা ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জোয়ারের পানির কারণে দুই বছর ধরে লবণ চাষ ব্যাহত হচ্ছে। এলাকা রক্ষা করার পাশাপাশি চাষিদের লবণ চাষ নিশ্চিত করার লক্ষ্যে বাঁধ সংস্কারের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছে না।
ধলঘাটার ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আনসারুল করিম বলেন, চলতি মৌসুমে প্রায় এক হাজার ২০০ একর জমিতে লবণ চাষ না হওয়ায় এসব এলাকার দেড় হাজার লবণচাষি মানবেতর জীবন যাপন করছেন। বর্ষার আগেই বাঁধ সংস্কারের উদ্যোগ না নিলে এই এলাকায় কেউ বসবাস করতে পরবে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে মুঠোফোনে পাউবো কক্সবাজার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, আগামী বর্ষার আগেই অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ এলেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।