বেকার-সমাচার
তরুণ বেকারদের ‘করুণ’ জীবনের কথা জানাচ্ছেন পড়াশোনা শেষ করে সদ্য বেকারের খাতায় নাম লেখানো শরীফ মজুমদার
বেকাররা কর্মহীন—এমন ধারণা ডাহা মিথ্যা। নয়টা-পাঁচটা টাইপের ধরাবাঁধা ডিউটি না থাকলেও বেকারদের প্রায় সারা দিনই এক শ রকমের বিচিত্র কাজের মধ্যে থাকতে হয়। প্রকৃতপক্ষে বেকাররা এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে অবসর সময় বের করা বেশ কঠিন হয়ে পড়ে। শুয়ে-বসে নয়, বরং বেকাররা সব সময়ই দৌড়ের ওপর থাকে।
দিনের একটা বেশ উল্লেখযোগ্য সময় বেকারদের কাটে পত্রিকার পাতায় কিংবা অনলাইনে বিভিন্ন চাকরির সাইটে ঢুঁ মেরে। জব সাইটগুলোয় তাদের একটি অনলাইন সিভি থাকে। বেকারদের বাসায় অতি অবশ্যই চাকরির খবরসমৃদ্ধ একটি পত্রিকা রাখা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বেকারদের কাছে ‘নিয়োগ সাহিত্য’ হিসেবে পরিগণিত হয়। অতি উৎকৃষ্ট মানের সাহিত্যের মতোই যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি বেকাররা খুবই মনোযোগ সহকারে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে এবং রসাস্বাদন করে।
‘ওয়ার্কস অ্যাট বাপের হোটেল’ রসিক বেকারদের ফেসবুক প্রোফাইলে ‘ওয়ার্কস অ্যাট’ অপশনে এমনটা লেখা থাকে। কেউ কেউ আরেক কাঠি সরেস হয়ে লেখে ‘বাপের হোটেলে খাই, মায়ের হোটেলে ঘুমাই!’ আর আত্মসম্মানওয়ালা বেকারদের প্রোফাইলে লেখা থাকে ‘সেলফ এমপ্লয়েড’।
প্রায় প্রতিদিনই বেকারদের যে প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয়, তা এ রকম—
এখনো কোথাও জয়েন করো নাই?
বিসিএস দিবা?
তা কী করবা বলে ভাবছ?
ব্যবসাপাতি?
অমুক তো পড়াশোনা শেষ করেই
তমুক জায়গায় জয়েন করেছে।
তোমার কেন হয় না?
আর কত দিন লাগবে রে, বাপ?
কেবল বেকাররাই সত্যিকারের আইডেনটিটি ক্রাইসিসে ভোগে। ‘কী করো?’ টাইপের প্রশ্নের কোনো জুতসই উত্তর তাদের কাছে থাকে না।
বেকারদের ইন্টারনেট ব্রাউজিং হিস্টোরির উল্লেখযোগ্য অংশজুড়ে থাকে ‘মোটিভেশনাল স্পিচেস’, ‘মোটিভেশনাল মুভিজ’-এর দখলে।
বেকারদের শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। নিকট কিংবা দূরসম্পর্কের আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, এলাকার মুরুব্বি, বাসার লোকজন—এদের সবার কাছ থেকেই ভবিষ্যতে কী করা উচিত এ নিয়ে অনেক গুরুগম্ভীর ও গভীর তাৎপর্যপূর্ণ উপদেশবাণী হজম করতে হয়।
‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ নামক জিনিসটি পৃথিবীতে বেকারদের সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু।
‘অলস মস্তিষ্ক শয়তানের কারখানা’ আর ‘বেকার মস্তিষ্ক আইডিয়ার কারখানা’! বেকারদের মাথায় সব সময়ই নানা রকম ব্যবসার আইডিয়া ঘুরপাক খেতে থাকে। এবং সেই আইডিয়াগুলো অতি অবশ্যই মহা-উদ্ভট।