তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রাক্-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মেয়াদ চলতি ডিসেম্বরে শেষ হচ্ছে। এ মেয়াদ বাড়ানো না হলে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানের তিন হাজার ৫০০ জন পাড়াকর্মী ও ১১১ কর্মচারী বেকার হয়ে পড়বে। প্রাক্-প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে অর্ধ লক্ষাধিক শিশু। খাগড়াছড়ি সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপপরিচালক এস এম লোকমান হাকিম গত ২৩ নভেম্বর পানছড়ি উপজেলার পাড়াকর্মী সম্মেলনে প্রকল্পটির মেয়াদ চলতি মাসে শেষ হওয়ার কথা জানান। এতে সংশ্লিষ্ট সবার মধ্যে হতাশা দেখা দেয়।প্রকল্পের খাগড়াছড়ি কার্যালয় সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে এক হাজার ২৫৮টি, রাঙামাটিতে এক হাজার ৩৪২টি ও বান্দরবানে ৯০০টি পাড়াকেন্দ্র এবং চারটি আবাসিক উচ্চবিদ্যালয় রয়েছে। বিদ্যালয়গুলো হচ্ছে রাঙামাটির রাজস্থলি উচ্চবিদ্যালয়, বান্দরবানের ম্রো আবাসিক উচ্চবিদ্যালয়, রুমা উচ্চবিদ্যালয় ও আলীকদম উচ্চবিদ্যালয়। এসব পাড়াকেন্দ্র ও বিদ্যালয় ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রকল্প সমন্বয়ক পুলক দেওয়ান জানান, পাড়াকেন্দ্রগুলোতে ৫০ হাজার এবং উচ্চবিদ্যালয়গুলোতে সাত শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। তা ছাড়া প্রতিটি পাড়াকেন্দ্রে একজন করে তিন হাজার ৫০০ জন পাড়াকর্মী ও বিভিন্ন কার্যালয়ে ১১১ কর্মচারী কাজ করেন। তিনি জানান, এর আগে বান্দরবান ম্রো আবাসিক বিদ্যালয় থেকে শিক্ষা পাওয়া বান্দরবান সদর উপজেলার ছোয়ালক ইউনিয়নের রাংলাই ম্রো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং কামলাই ম্রো থানচি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও প্রাক-প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে অনেকেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি কিংবা বিভিন্ন স্কুল-কলেজে পড়ালেখা করছেন।পানছড়ি উপজেলার প্রকল্প সমন্বয়ক শুভাশীষ চাকমা বলেন, ১৯৯৬ সাল থেকে এ বছর পর্যন্ত পানছড়ি উপজেলা থেকে চার হাজার ৬৮৩ জন শিশু প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে। একইভাবে পড়ালেখা চলছে অন্য পার্বত্য এলাকাগুলোতেও। পানছড়ি উপজেলার শ্রেষ্ঠ পাড়াকর্মী আল্পনা চাকমা বলেন, ‘আমরা প্রতিদিন দুঘণ্টা করে মাতৃভাষার মাধ্যমে শিশুদের পাঠদান করি। মাতৃভাষায় শিখতে পেরে শিশুরাও খুব আনন্দ পায়। প্রকল্পের মেয়াদ শেষ হলে শিশুরা শিক্ষার সুযোগ ও আনন্দ থেকে বঞ্চিত হবে। আর আমরা হব বেকার।’ একাধিক পাড়াকর্মী জানান, তাঁরা সামান্য ভাতায় উঠান বৈঠকের মাধ্যমে এলাকার মায়েদের স্বাস্থ্য সচেতনতা, শিশুদের ভিটামিন ও কৃমিনাশক বড়ি খাওয়ানো এবং গর্ভবতী নারীদের নানা বিষয়ে পরামর্শ দেন। এসব বিষয় বিবেচনা করে প্রকল্পের মেয়াদ বাড়ানোর জন্য সরকার ও ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তারা।