বেকার হয়ে পড়ছেন জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী থেকে মাছধরা নিষিদ্ধ করায় বেকার হয়ে পড়েছেন সহস্রাধিক জেলে। এ দুর্ভোগের কথা জানিয়েছে জেলে সমপ্রদায়ের একাধিক সংগঠন। জেলেদের পুনর্বাসন ও সরকারি সহায়তা চেয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার কাছে আবেদন করেছেন। জেলেদের পক্ষে বোয়ালখালী মৎস্যজীবী সমবায় সমিতি, জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি, দারিদ্র্য মৎস্যজীবী সমবায় সমিতির ব্যানারে পৃথক আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রশ্রী বড়ুয়া আবেদনপত্রের কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জেলেদের হালদা নদী প্রকল্পের আওতায় এনে সহায়তার সুপারিশ করে প্রকল্প পরিচালক ও জেলা মৎস্য কর্মকর্তার কাছে আবেদনটি পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ও হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্পের পরিচালক প্রভাতী দেবের সই করা চিঠিতে হালদা নদী ও সংলগ্ন খাল এবং কর্ণফুলী নদীর মা মাছের নিরাপত্তা বিধানের জন্য সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তারব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান জেলা পুলিশ সুপারকে। এতে বলা হয়, হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। নদীটি খাগড়াছড়ি থেকে ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী উপজেলা হয়ে কর্ণফুলীতে পড়েছে। সাত্তারঘাট থেকে মদুনাঘাট এলাকা পর্যন্ত ২০-২২ কিলোমিটার এলাকায় মা মাছ ডিম ছাড়ে। প্রজনন মৌসুমে মা মাছগুলোর আনাগোনা থাকে হালদা ও কর্ণফুলী নদী এবং সংলগ্ন খালগুলোতে। পেটে ডিম থাকায় মাছগুলো দুর্বল হয়ে যায়। এসময় কর্ণফুলী নদীর কালুরঘাট, ছায়ারচর, বুড়িশ্চর, মদুনাঘাট ও হালদা নদীর হাটহাজারী, রাউজান উপজেলায় অসাধু মৎস্যজীবীরা এসব মা মাছ মারার চেষ্টা করে। কাজেই এসব এলাকায় মাছের নিরাপত্তা বিধানের জন্য নদীর দুই তীরে সার্বক্ষণিক পুলিশিব্যবস্থা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।কর্ণফুলীতে নিয়মিত মাছ ধরেন জেলে খোকন দাশ, পরিমল দাস, সুনীল দাস, লালন দাস, অনিল দাস, বাবুল দাস, সম্ভু দাস প্রমুখ। তাঁরা বলেন, কর্ণফুলীতে মাছধরা বন্ধ হওয়াতে উপজেলার কধুরখীল জেলেপাড়ার দুই শতাধিক জেলে বেকার হয়ে পড়েছেন। অনেকেই বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে জাল কিনেছেন। অর্থনৈতিক দুরবস্থার কারণে অনেক জেলে ঋণে জর্জরিত। বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় সপ্তাহে দুই-তিনটি সংস্থার ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না বহু জেলে। তাঁরা বলেন, এ মুহূর্তে বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় যাওয়ারও কোনো উপায় নেই। এ চার-পাঁচ মাস জেলেরা পরিবার-পরিজন নিয়ে কীভাবে দিন কাটাবেন তা নিয়ে উৎকণ্ঠায় আছেন তাঁরা।বোয়ালখালী থানা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ননী গোপাল দাস বলেন, ‘জাটকানিধন আইনের প্রতি জেলেরা সর্তক রয়েছেন। সরকারি নির্দেশনা মানতে আমরা বাধ্য।’ তিনি দাবি করেন, কর্ণফুলীতে জাটকা ও ডিমওয়ালা মাছ পাওয়া যায় না। ফাঁইস্যা, পোঁপা (পোয়া) এবং ছোট মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন জেলেরা। প্রায় শত বছর ধরে হালদায় মা মাছ ডিম ছেড়ে আসছে। এ মৌসুমের আগে কখনো কর্ণফুলীতে মাছধরা নিষিদ্ধ ছিল না। জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোয়ালখালী উপজেলার কধুরখীল, শাকপুরা, খরণদ্বীপ, জ্যৈষ্ঠপুরা, নগরের মোহরা, পটিয়ার কোলাগাঁও জেলেপাড়াসহ আরও কয়েকটি গ্রামের সহস্রাধিক জেলে নদীতে জাল ফেলতে না পারায় বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।দীলিপ দাস বলেন, ‘৪০ বছর ধরে কর্ণফুলীতে মাছ ধরে আসছি। বিকল্প ব্যবস্থা না থাকায় পূর্বপুরুষের এ পেশা এখনো ধরে আছি।’ জেলা মৎস্য কর্মকর্তা ও হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্পের পরিচালক প্রভাতী দেব বলেন, ফেব্রুয়ারি-এপ্রিল পর্যন্ত নদীতে মাছ মারা নিষিদ্ধ। আইন তো সবার জন্য সমান। তিনি বলেন, হালদা নদীসংলগ্ন হাটহাজারী ও রাউজানে জেলেদের ক্ষুদ্রঋণের ব্যবস্থা রয়েছে। কর্ণফুলী নদীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী সভায় বিষয়টি উত্থাপন করা হবে।