বেকারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় বাংলা ব্যাকরণ বইয়ে পড়েছিলাম কোন সে রীতিতে ‘লাফ’ ‘ফাল’ হয়ে যায় এবং পরবর্তী সময়ে তার বেশ ভালোই প্রচলন ঘটে। শব্দবিষয়ক এই ওলটপালটকে সম্ভবত বর্ণবিচ্যুতি বলে। তো এসব লিখে পরীক্ষার খাতায় বেশ কিছু নম্বর জুটিয়ে নিয়েছিলাম মনে আছে, আরও বেশি মনে আছে বাস্তব জীবনে এর সম্প্রসারিত এবং দ্বান্দ্বিক প্রয়োগ কীভাবে হেনস্থা করেছিল একবার!আমি আর আমার বন্ধু ব্যাম্বিনো (এটা ওর ডাকনাম, ইতালিয়ান ভাষায় এর অর্থ শিশু। এখন শানে নজুল এবং ইতালিয়ানের ইতিহাস বলতে গেলে সে আরেক গল্প হয়ে যাবে!) ধানমন্ডি লেকের পাশে উদাস সময় কাটাচ্ছিলাম। লেকের টলটলে জল দেখে আমাদেরও তৃষ্ণা পেয়ে গেল। লেক থেকে পানি খাওয়া নাবালকের মতো কাজ হয়ে যাবে বলে ভগ্নহূদয়ে আমাদের কিছু একটা কিনে পান করার সিদ্ধান্তই নিতে হলো। বলাই বাহুল্য, আমাদের পকেটের অবস্থা ছিল করুণ। ব্যাম্বিনো আমার দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকাল, যার অর্থ যাতায়াত ভাড়া আমি দিয়েছি, খাওয়ানোর খরচ তোর। আমি কঠিন সত্য এবং নিষ্ঠুর নাছোড় দৃষ্টির সামনে পড়ে আবারও উদাস হয়ে গেলাম। মলিন মুখে তাকালাম পাশের বেকারির দিকে। মিনারেল ওয়াটারের ওপর দিয়ে চালিয়ে দিলে তো বাঁচোয়া, ত্যাঁদোড়টা আবার জুসটুসের আবদার না করে বসে! নাহ, আমার দুর্ভাবনার কোনো কারণ ছিল না। ওখানে স্পষ্ট অক্ষরে লেখা ছিল, ‘এখানে ফ্রেশ জলের ফুস পাওয়া যায়।’ফ্রেশ জল। ও খাইয়ে দিলেই হবে। তবে জলের ফুস ব্যাপারটা ঠিক বুঝলাম না। জল কি ফুস করে উঠবে? জলের এত তেজ থাকে নাকি! তা থাকুকগে ফ্রেশ হলেই হলো। আমি ব্যাম্বিনোকে জানালাম যে ফ্রেশ জল পাওয়া যাচ্ছে, সে চাইলে খেতে পারে। ফ্রি হিসেবে জলের ফোঁসফোঁসানির প্রাপ্যতার ব্যাপারটাও জানালাম। তার সদাজিজ্ঞাসু দৃষ্টি আমাকে অতিক্রম করে বেকারির দেয়ালে নিবদ্ধ হলো। এবং সে আমার ভুলটা ধরিয়ে দিল,ফ্রেশ জলের ফুস না, ওটা স্রেফ ফলের জুস। সেরেছে! জুস সে তো ম্যালা টাকার হ্যাপা। তাও আবার ‘স্রেফ’ ফলের জুস। এটা কোন ফল কে জানে! এটা কোনো ফলের নাম না, ওরা শুধু ফলের জুস বিক্রি করে বলেই এ নাম দিয়েছে। ‘স্রেফ অর্থাৎ শুধু ফলের জুসের জন্য প্রসিদ্ধ মনে হয় দোকানটা’ প্রসন্ন চিত্তে বলল সে। প্রসিদ্ধ দোকানের ফলের জুস খাওয়ার বা খাওয়ানোর কোনো ইচ্ছেই আমার ছিল না। এর চেয়ে সেদ্ধ ডিম ভালো। ওই যে বিক্রি হচ্ছে। কিন্তু তা খেয়ে কি তেষ্টা মিটবে! আমি আবারও বিষণ্ন চিত্তে লেখাটার দিকে তাকালাম। এবং আবিষ্কার করলাম যে আমাদের আগের দুটো পর্যবেক্ষণই ভুল!ফ্রেশ জলের ফুস নয়, স্রেফ ফলের জুস নয়। ওটা হবে স্রেফ জলের ফুস। এবার আমার বন্ধুকে বিচলিত দেখাল। জল তো পাব না, শুধু জলের ফুস। জলের ফুস ব্যাপারটা কি তাও জানি না। আর এ ছাড়া ওই দোকানে কিছু নেইও। চিন্তাটা আমার মধ্যে সংক্রমিত হতে হতে আবারও আমার বুদ্ধিমান বন্ধু তার তীক্ষ পর্যবেক্ষণশক্তি কাজে লাগিয়ে সোল্লাসে ঘোষণা করল যে, সমস্যার সমাধান হয়ে গেছে। ওটা হবে—ফ্রেশ ফলের জুস!পকেটের কথা ভেবে আমি তো কেটে পড়লে বাঁচি, কিন্তু ফ্রেশ ফলের জুস খাওয়াতেই হবে। বিরসবদনে আমি শেষবারের মতো তাকিয়ে দেখি যে, না! আমার প্রথম পর্যবেক্ষণটাই ঠিক ছিল। অর্থাৎ ফ্রেশ জলের ফুস!আমাদের মধ্যে ততক্ষণে চারটে সিদ্ধান্ত নিয়ে চরম তর্ক-বিতর্ক, আলোচনা, সমালোচনা, পুঙ্খালোচনা (মানে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা) শুরু হয়ে গেছে! সবশেষে কী সিদ্ধান্ত নিয়েছিলাম মনে নেই, দোকান বন্ধ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত কোমল পানীয় খেয়েই ঘরে ফিরলাম।আর রাতের বেলা স্বপ্নে দেখলাম জল ফোঁসফোঁস করে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঘুম ভেঙে আবারও ভাবতে শুরু করলাম জিনিসটা আদতে কী ছিল?এখনো ভাবি, তবে ভেবে কোনো কূলকিনারা পাই না। জগৎ বড়ই রহস্যময়! হাসান মাহবুব