
চিনি, সয়াবিন তেল, ময়দাসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম গত দুই বছরে ২০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। লাগামহীন দাম বাড়ার কারণে সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস উঠেছে। ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির অজুহাতে বিস্কুট, পাউরুটিসহ বিভিন্ন বেকারিজাত পণ্যের দাম প্রায় দ্বিগুণ হারে বাড়ানো হয়েছে বলে ভোক্তাদের অভিযোগ।
বেকারিজাত পণ্যের দাম বৃদ্ধির জন্য কিছু বেকারি মালিকদের দায়ী করেছে ভোক্তারা। তবে বেকারি মালিক সমিতি এ জন্য কাঁচামালের (ভোগ্যপণ্য) দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন পণ্যের ওপর ১৫ শতাংশ মুসককে দুষছে।
চট্টগ্রাম বেকারি মালিক সমিতি ভোগ্যপণ্যের দাম কমানোর পাশাপাশি ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের হিসাবে গত দুই বছরে বেকারি শিল্পে ব্যবহৃত কাঁচামালের দাম ২০ থেকে ৫০ শতাংশ বেড়েছে।
জানতে চাইলে বেকারি মালিক সমিতির প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন বলেন, গত দুই বছরে চিনির দাম ৫০ শতাংশ বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে ২৫ শতাংশ। এ ছাড়া ময়দা ২০ শতাংশ, গরুর দুধ ২০ শতাংশ ও ডিমের দাম ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। পাশাপাশি বিভিন্ন পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ধার্য করার কারণে বেকারিজাত পণ্যের দাম বাড়ছে।
সমিতির হিসাবে দুই বছর আগে চিনির দাম যেখানে কেজিপ্রতি ৩০ টাকা ছিল তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকায়। এ ছাড়া সয়াবিন লিটারপ্রতি ৫০ থেকে ৭৫ টাকায়, ডালডা ৭৮ টাকা থেকে ৯৩ টাকা পর্যন্ত বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, এই দাম বৃদ্ধিকে অজুহাত করে বেকারিপণ্যের দামও দ্বিগুণ হারে বাড়ানো হয়েছে। দুই বছর আগে ছোট পাউরুটি বিক্রি হতো পাঁচ থেকে ছয় টাকায়। এখন এর দাম ১০ টাকা। কোনো কোনো বেকারি ১২ টাকাও বিক্রি করে। এ ছাড়া বিস্কুট ও চনাচুরের দামও দ্বিগুণ করা হয়েছে বলে অভিযোগ। যে বিস্কুটের প্যাকেট আগে ২০ টাকা বিক্রি করা হতো তা এখন বাড়িয়ে করা হয়েছে ৩৫ টাকা। ১৫ টাকার চানাচুরের দাম বেড়ে ২৫ টাকা পর্যন্ত হয়েছে।
জানতে চাইলে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজের হোসাইন বলেন, যে হারে কাঁচামালের দাম বেড়েছে তার চেয়ে বিস্কুট, পাউরুটিসহ বেকারি পণ্যের দাম বেশি বেড়েছে। বেকারি মালিকদের এই দিকটি দেখা দরকার। আমরা ভোগ্যপণ্যের দাম কমানোর পাশাপাশি বেকারিজাত পণ্যের দাম কমানোরও দাবি জানাচ্ছি।
বেকারি সমিতির অধীনে চট্টগ্রামে প্রায় ৩০০ বেকারি রয়েছে। এর বাইরে আরও অনেকগুলো বেকারি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মানহীন কাঁচামাল ব্যবহার করে বেকারিজাত পণ্য উৎপাদন করে যাচ্ছে। তা ছাড়া বেকারিতে পচা ডিম ব্যবহারের অভিযোগও রয়েছে। অনুমোদনহীনের পাশাপাশি সমিতিভুক্ত কিছু বেকারিও পচা ডিমসহ নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি স্বীকার করে কামাল উদ্দিন বলেন, অনেক বেকারি পচা ডিমসহ নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে। এ ছাড়া বেকারির পরিবেশও উন্নত নয়। আর দাম বৃদ্ধির বিষয়েও একটি নীতিমালা করার জন্য আমি সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছি।
বেকারি মালিক সমিতির নেতারা মান নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগের অভাব আছে বলে মনে করেন। তাঁরা বলেন, বেকারি করতে হলে প্রতিটি পণ্যের বিপরীতে বিএসটিআইয়ের ছাড়পত্র লাগে। এ ছাড়া সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স, একই দপ্তর থেকে স্বাস্থ্য সনদ, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, শ্রম দপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন হয়। কিন্তু বেশির ভাগ বেকারির ক্ষেত্রে সবগুলো সনদ নেই। এ ব্যাপারে প্রশাসনিক মনিটরিংও কম রয়েছে। যার কারণে যত্রতত্র লাগামহীনভাবে বেকারি গড়ে উঠছে।
জানতে চাইলে বেকারি মালিক সমিতির সদস্যসচিব মো. ছগীর বলেন, অনুমোদনহীন বেকারির বিরুদ্ধে অভিযান চলুক। এটা আমরা চাই। কারণ তারা নিম্নমানের পণ্য উৎপাদন করছে। বেকারিজাত কাঁচামালের দাম বৃদ্ধির কারণে আমরাও আংশিক দাম বাড়িয়েছি। যদি কাঁচামালের দাম কমানো হয় এবং ভ্যাট প্রত্যাহার করা হয় তাহলে আমরাও পণ্যের দাম কমিয়ে দেব।
জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক জুবায়ের আহমদ বলেন, ‘মানহীন বেকারি অনেক রয়েছে। বিভিন্ন সময়ে আমরা অভিযান চালিয়ে জরিমানা ও কিছু কিছু বেকারি সিলগালাও করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি তাদের দামের বিষয়টিও আমরা অভিযানের সময় দেখি।’