বেকারির খাবার বাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকারির খাবারগুলো সাধারণত বৈদ্যুতিক বা মাইক্রোওয়েভ ওভেনের মতো যন্ত্রে তৈরি হয়। তবে আপনি চাইলে চুলায়ও তৈরি করতে পারেন সেসব। এর জন্য দরকার পড়বে তলাভারী বড় ডেকচি, ভেতরে বসানোর জন্য একটি ডেকচি স্ট্যান্ড আর ঢাকনা। সে রকম কয়েকটি খাবারের রেসিপি দিয়েছেন জোবাইদা আশরাফ

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

কলা-কমলার রুটি
উপকরণ: ময়দা ১ কাপ, আটা ১ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, বেকিং সোডা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মধু এক কাপের চার ভাগের তিন ভাগ, কলা চটকানো ১ কাপ, কমলার রস আধা কাপ, ডিম ২টি, ইনস্ট্যান্ট ইস্ট ২ চা-চামচ ও মাখন ৫ টেবিল চামচ।
প্রণালি: ওভেনে পাঁচ মিনিট প্রিহিট দিতে হবে। মিক্সিং বোলে আটা, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা একসঙ্গে চেলে নিয়ে ইস্ট মেশাতে হবে। অন্য গামলায় ডিম, কলা, মাখন, মধু ভালো করে ফেটে নিয়ে কমলার রস মেশাতে হবে। এবার এতে ময়দার মিশ্রণ দিয়ে ভালো করে মেখে নিন। পাউরুটির মোল্ডে গ্রিজ করে ডো সেট করে গরম জায়গায় ঢাকনা দিয়ে এক ঘণ্টা রাখুন। ফুলে উঠলে চুলায় বেক করতে হবে ৩০ মিনিট।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

পিস্তাচিও অরেঞ্জ
উপকরণ: ময়দা ২২৫ গ্রাম, পেস্তাবাদাম ১৩০ গ্রাম, বাটার ১০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, ডিম ৪টি, দুধ ১০০ গ্রাম, কমলার খোসা (গ্রেট করা) ১ টেবিল চামচ ও বেকিং পাউডার ৩ টেবিল চামচ।
সিরাপের জন্য: ব্রাউন সুগার ১০০ গ্রাম ও কমলার রস ২৫০ মিলিলিটার।
প্রণালি: বাদাম ব্লেন্ডারে আধ ভাঙা করে ময়দার সঙ্গে বেকিং পাউডারসহ মেশাতে হবে। বাটার ও চিনি বিট করে তার মধ্যে একটা করে ডিম দিয়ে বিট করতে হবে। এরপর কমলার খোসা, দুধ ও শেষে চামচ দিয়ে ময়দা মেশাতে হবে। মাফিন কাপে গ্রিজ করে মিশ্রণ ঢালতে হবে। এরপর প্রিহিট ডেকচিতে ৩০ মিনিট বেক করতে হবে। কেক নামিয়ে ওপরে আগে থেকে বানানো কমলার সিরাপ ঢেলে দিতে হবে।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

ব্ল্যাক ফরেস্ট চেরি টপিং কেক
উপকরণ: কেকের জন্য: ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, গুঁড়ো চিনি ১ কাপ, ডিমের সাদা অংশ ৪টি, ডিমের কুসুম ৫টি, গলানো মাখন ২ টেবিল চামচ, কুকিং ডার্ক চকলেট ৪ টুকরা ও চকলেট এসেন্স ২ ফোঁটা।
সিরাপের জন্য: ইনস্ট্যান্ট কফি ২ চা-চামচ, চিনি ১ কাপ ও পানি আধা কাপ।
ক্রিমের জন্য: হুইপড ক্রিম দেড় কাপ, চিজ ক্রিম আধা কাপ ও আইসিং সুগার আধা কাপ।
সাজানোর জন্য: ডার্ক চকলেট ১ প্যাকেট ও চেরি ১ কাপ।
প্রণালি: প্রথমে ময়দা, বেকিং পাউডার ও কোকো পাউডার একসঙ্গে নিয়ে টেলে ফেলতে হবে। ডবল বয়লারে বাটার ও কুকিং চকলেট গলাতে হবে। মিক্সিং বোলে ডিমের সাদা অংশ বিট করে মেরাং বানাতে হবে অর্ধেক চিনি দিয়ে। বাকি চিনি দিয়ে কুসুম আলাদা বিট করতে হবে। কুসুমের রং ক্রিমি হলে গলানো চকলেট মেশাতে হবে। এখন কুসুমের সঙ্গে এসেন্স মেশান। কুসুম ও মেরাং একসঙ্গে হালকাভাবে মিশিয়ে নিন। অন্যদিকে গ্যাসের চুলায় টিনের পাতের গ্যাস ওভেন বা তলা মোটা ডেকচি বসিয়ে প্রিহিট করতে হবে পাঁচ মিনিট। এখন ডিমের মিশ্রণে অল্প অল্প ময়দা দিয়ে ভাঁজে ভাঁজে চামচ দিয়ে মেশাতে হবে। নয় ইঞ্চি ব্যাসের মোল্ডে গ্রিজ পেপার বিছিয়ে তেল ব্রাশ করে মিশ্রণটি ঢেলে দিতে হবে। এবার মোল্ডটি প্রিহিটেড ডেকচিতে স্ট্যান্ড বসিয়ে ওপরে ঢাকনা দিতে হবে। চুলার আঁচ মাঝারি থেকে কম, তবে মৃদু থেকে একটু বেশি হবে। ২৫-৩০ মিনিটে হয়ে যাবে। অন্য দিকে চিনি, পানি জ্বাল দিয়ে সিরাপ করে কফি দিয়ে নেড়ে নামাতে হবে।
ক্রিমের জন্য: ক্রিম চিজ ও আইসিং সুগার বিট করে আধা কাপ হুইপড ক্রিম মেশাতে হবে। এটা বড় স্টার নজলে ভরতে হবে কোণ দিয়ে।
কেক সাজানো: কেক ঠান্ডা করে দুই স্লাইস করে কফি সিরাপ ব্রাশ করতে হবে আর প্রতিটি টুকরায় চেরি কুচি দিতে হবে। ১ কাপ হুইপড ক্রিমে ১ চা-চামচ কফি মিশিয়ে কেকের স্লাইসে মাখিয়ে আরেক স্লাইস বসিয়ে চারদিকে এবং ওপরে কফি ক্রিম মেশাতে হবে। স্টার নজলে ভরা ক্রিম দিয়ে কেকের অপর প্রান্তে সমান দূরত্বে স্টার রিং করে চেরি বসাতে হবে। কেকের চারদিকে, ওপরে কেলেট গ্রেট করে দিতে হবে। সাজানো হলে ফ্রিজে কয়েক ঘণ্টা রেখে তারপর পরিবেশন করুন।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

চকলেট একলেয়ার
উপকরণ: ময়দা পৌনে এক কাপ, কোকো পাউডার ৩ টেবিল চামচ, মাখন ১০০ গ্রাম, ডিম ৩টি, দুধ ১ কাপ, চিনি ১ টেবিল চামচ ও লবণ
আধা চা-চামচ। এ ছাড়া ফিলিংয়ের জন্য হুইপড ক্রিম ২ কাপ, ডার্ক চকলেট গ্রেট আধা কাপ ও দুই-তিন রকমের শুকনা ফল আধা কাপ।
প্রণালি: দুধ, চিনি, লবণ ও মাখন চুলায় দিয়ে ফুটে উঠলে নামিয়ে নিন। এবার তাতে ময়দা ও কোকো পাউডার দিয়ে দ্রুত নাড়তে হব। হালুয়ার মতো হয়ে এলে মৃদু আঁচে চুলায় দিয়ে আবার দুই থেকে তিন মিনিট নাড়তে হবে। এরপর নেড়েচেড়ে নামিয়ে নিয়ে সামান্য ঠান্ডা হলে ফেটানো ডিম একটু একটু করে দিয়ে নাড়তে হবে জোরে। সব ডিম দেওয়া হলে নাড়া বন্ধ করতে হবে। তিনটি ডিমে যদি মনে হয় শুকনো হচ্ছে তবে আরেকটি ডিম যোগ করতে হবে। এমন হতে হবে যেন পাইপিং ব্যাগে ভরে চাপ দিলে যেন ডো বের হতে থাকে। পাইপিং ব্যাগে মোটা নজল লাগিয়ে ডো ভরতে হবে। বেকিং ট্রেতে দুই ইঞ্চি দূরে দূরে ব্যাগ চাপ দিয়ে লম্বা বা গোলাকৃতির এক লেয়ার রাখতে হবে। প্রিহিট ডেকচিতে ৪০ থেকে ৪৫ মিনিট বেক করতে হবে। নামিয়ে ঠান্ডা করে পছন্দমতো কেটে ক্রিম ভরে ফলমূল দিয়ে পরিবেশন করুন।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

লেমন টার্ট ডিলাইট
উপকরণ: টার্ট পেস্ট্রির জন্য: ময়দা ২ কাপ, মাখন ১০০ গ্রাম, আইসিং সুগার ২ টেবিল চামচ, ফেটানো ডিম ১টি ও ভ্যানিলা ২ ফোঁটা। এ ছাড়া লেমন টার্টের জন্য ডিম ৪টি, চিনি গুঁড়ো ১ কাপ, বাটার ৮০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ ও লেবুর খোসা ১ টেবিল চামচ।
প্রণালি: লেমন টার্টের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে নেড়ে নেড়ে কাস্টার্ড বানাতে হবে। এবার টার্ট পেস্ট্রি তৈরির জন্য ময়দা ও বাটার ভালো করে মেখে নিয়ে তারপর বাকি উপকরণ দিয়ে মাখতে হবে। প্রয়োজনে ঠান্ডা পানি বা দুধ দিয়ে মেখে বিস্কুটের ডোর মতো বানাতে হবে। ময়দা ছিটিয়ে ডো রুটির মতো বেলতে হবে। আধা সেন্টিমিটার পুরু হবে। গোল চাঁছ দিয়ে কেটে গ্রিজ করা মাফিন কাপে চেপে চেপে বসাতে হবে। কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হবে। প্রিহিট ডেকচিতে ১৫ মিনিট বেক করে কিছুক্ষণ রেখে ঠান্ডা হলে প্রতিটা কাপে লেমন টার্ট ভরে দিয়ে আবার বেক করতে হবে ২০ থেকে ২৫ মিনিট। তারপর নামিয়ে ঠান্ডা করে পছন্দমতো ফল ও চকলেট দিয়ে পরিবেশন করা যায়।

সিনামোন রোলস
সিনামোন রোলস

সিনামোন রোলস
উপকরণ: ডোয়ের জন্য—ময়দা ৩ কাপ, ইস্ট দেড় টেবিল চামচ, কুসুম গরম দুধ আধা কাপ, বাটার ৪ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, ডিম ১টি ও
লবণ সামান্য।
লেয়ারের জন্য: বাটার ২ টেবিল চামচ ও দারুচিনি গুঁড়ো ১ চা-চামচ।
চিনির আস্তরের জন্য: চিনি আধা কাপ, গরম পানি সিকি কাপ ও ভ্যানিলা ১ ফোঁটা।
প্রণালি: ইস্ট, দুধ ও চিনি দিয়ে ভিজিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট রাখতে হবে। এরপর পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে ডো তৈরি করে গরম জায়গায় এক ঘণ্টা ঢেকে রাখতে হবে। ডো ফুলে উঠলে রুটির মতো বেলে ১৫ ইঞ্চি লম্বা ও ৮ ইঞ্চি চওড়া করতে হবে। ওপর গলানো মাখন ছড়িয়ে চিনি ও দারুচিনি গুঁড়ো ছড়িয়ে দিন। রুটি রোলের মতো মুড়িয়ে নিয়ে ধারালো ছুরি দিয়ে এক ইঞ্চি চওড়ায় স্লাইস করে কেটে নিন। বেকিং ট্রেতে এক ঘণ্টা ঢেকে রাখুন। ফুলে উঠলে গ্যাস ওভেনে বা ডেকচিতে ২০ থেকে ২৫ মিনিট বেক করতে হবে।
রোল চুলা থেকে নামিয়ে গরম-গরম চিনি, পানি ও ভ্যানিলা মিশিয়ে ওপরে ছিটিয়ে দিতে হবে।