বেকিংয়ে আনন্দ

বেকিং—শুনতে যত ছোট, কাজ ততটাই বড়। রেসিপি খুঁজে বের করা, তারপর সবকিছু জোগাড় করা, উপকরণগুলো মেপে আলাদা করা, একে একে মেশানো, সবশেষে ওভেনে ঢোকানো। না, এখানেই শেষ নয়। কিছুক্ষণ পরপর ওভেনের মধ্যে উঁকিঝুঁকি দেওয়াও এই কর্মপ্রক্রিয়ার মধ্যে পড়ে। কেক, কাপকেক, কুকিজ বানানোর পুরো পদ্ধতি যখন চলতে থাকে, তখন মানসিক ও শারীরিক কিছু পরিবর্তন কিন্তু ঘটে যায়। গবেষকেরা অন্তত তেমনটাই মনে করেন।
বেকিং করলে মনমেজাজ ভালো থাকে। বাস্তব জীবনেও বেশ কয়েকবার এ কথাটার প্রমাণ পেয়েছি। কিন্তু বৈজ্ঞানিকভাবে কি এর কোনো প্রমাণ পাওয়া গেছে? কিছু গবেষণায় দেখা গেছে, বেকিং করলে মানসিকভাবে ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে সেটা যখন আরেকজনের জন্য করা হয়। তৈরি করা খাবারটির জন্য যদি প্রশংসাবাক্য পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। মন ভালো হয়ে যায়। মনে হয়, কষ্টটা সার্থক। আটা মাখানো, সেটা বারবার চটকানো, ডিম ফেটানো ইত্যাদি কাজে নাকি দুশ্চিন্তা দূর হয় অনেকাংশে। বেকিং করতে পছন্দ করেন, এমন কয়েকজনকে জিজ্ঞেস করলে তাঁরাও একবাক্যে এটা স্বীকার করেন। কর্মক্ষেত্রে কাজের চাপ, সামাজিক চাপ ইত্যাদি যখন মানসিকভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে, সবকিছু বাদ দিয়ে বেকিং করতে শুরু করে দিন। রাত-দিন কোনো বিষয়ই নয় তখন। কেকের সুগন্ধ যখন সারা ঘরে ছড়িয়ে পড়ে, মন ভালো হয়ে যায়। তবে উল্টোটাও হয় বেশি বেক হয়ে গেলে বা পুড়ে গেলে।
বেকিংয়ের মাধ্যমে আপনার সৃজনশীল মনোভাবও প্রকাশ পায়। মস্তিষ্কের জন্যও ভালো ব্যায়াম এটা। কারণ, যিনি বেক করেন, তাঁকে রেসিপি ধরে ধরে কাজটি সম্পন্ন করতে হয়। একই সঙ্গে পুরো রেসিপিটিকে একটি পূর্ণাঙ্গরূপেও দেখতে হয়। পাশাপাশি কাজটি মনোযোগ দিয়ে করার কারণে নেতিবাচক চিন্তাও দূরে থাকে।
২০১২ সালের গ্রেট ব্রিটিশ বেক অফের বিজয়ী জন হুইএইট বলেছেন, বেকিং তাঁকে বিষণ্নতা থেকে দূরে রাখে। বিষণ্নতার সঙ্গে লড়তেও সহায়তা করে। ইউকে মেন্টাল হেলথ ফাউন্ডেশনের মতে, অন্য কারও জন্য বেকিং করলে মস্তিষ্কে এনডোরফিন হরমোন নিঃসরিত হয়। এর ফলে মস্তিষ্কের যেসব অংশ সামাজিকতা ও বিশ্বাস অনুভবের সঙ্গে জড়িত, সেগুলো সক্রিয় হয়ে ওঠে।
সূত্র: ভাজ