বেগুন, মরিচে অভাব জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেত থেকে বেগুন তুলছেন দীঘিনালার    বি-বাড়িয়াপাড়ার সফল কৃষক আবু বাহার   প্রতিনিধি
খেত থেকে বেগুন তুলছেন দীঘিনালার বি-বাড়িয়াপাড়ার সফল কৃষক আবু বাহার প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালার এক নম্বর মেরুং ইউনিয়নের বি-বাড়িয়াপাড়ার কৃষক আবু বাহার (৩৮) বেগুন আর মরিচ চাষ করে ভাগ্য ফিরিয়েছেন। পাহাড়ের ওপর নিজ বসতভিটার সামনে ছয় শতক জায়গায় এ বছর পরীক্ষামূলকভাবে বেগুন চাষ করে সাফল্য পেয়েছেন তিনি। ইতিমধ্যে বিক্রি করেছেন ৮০ হাজার টাকার বেগুন। বেগুনের সাথি ফসল হিসেবে চাষ করেছেন পাহাড়ি মরিচ। বেগুনের পাশাপাশি প্রায় ৮৫ হাজার টাকার মরিচ বিক্রি করতে পেরে ভীষণ খুশি এই সফল কৃষক।
৯ ডিসেম্বর বি-বাড়িয়াপাড়ায় গেলে কথা হয় আবু বাহারের সঙ্গে। বাহার জানান, তিনি শাক-সবজি চাষ করছেন ১৯৮৬ সাল থেকে। ২০০০ সালে সৌদি আরব পাড়ি দেন কাজের সন্ধানে। ২০০৯ সালে দেশে ফিরে এসে আবার চাষাবাদ শুরু করেন। দুই বছর তামাক চাষ করেছিলেন। পরে দেখলেন তামাক চাষে লাভ হলেও জমির ক্ষতি হয়।
এ ছাড়া তামাক চুল্লির জ্বালানির জোগান দিতে গিয়ে নিজের জমির গাছই উজাড় হয়ে যাচ্ছিল। পরে তামাক চাষ বাদ দিয়ে শাক-সবজি চাষ শুরু করেন। চৈত্র মাসে বেগুনের বীজ এনে বাড়ির উঠানের সামনে ছয় শতক জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেন। ফলন ভালোই হয়েছে। সপ্তাহে পঞ্চাশ থেকে ষাট কেজি বেগুন তুলছেন। পাইকারি হিসেবে বিক্রি করেছেন প্রতি কেজি ৩০ টাকা করে। চাষ করতে গিয়ে খরচ হয়েছে মাত্র ২৫ হাজার টাকা। এ পর্যন্ত বিক্রি করেছেন ৮০ হাজার টাকার বেগুন। আরও ২৫ হাজার টাকার মতো বেগুন বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। পাহাড়ি জমিতে ওপর চাষ করলেও বেগুনের আকার ভালো হয়েছে। কোনো কোনো বেগুন আধা কেজি ওজনের হয়েছে। পোকায়ও আক্রমণ করেনি। চাষ করা বেগুন থেকে বীজ সংগ্রহ করেছেন বলে এ বছর আর নতুন করে বীজ সংগ্রহ করতে হবে না।
বেগুন খেতের পাশে এক একর জায়গায় পাহাড়ি মরিচের চাষও করেছেন আবু বাহার। খরচ বাদ দিয়ে ৫০ হাজার টাকা লাভও হয়েছে। আগামী বছর বেগুন ও মরিচ চাষের পরিধি আরও বাড়াবেন বলে জানালেন। আবু বাহার বলেন, ‘আমি পড়াশোনা করিনি। তবে বুঝতে পেরেছি, বিদেশে যাওয়ার চেয়ে সবজি চাষ করা অনেক লাভজনক। পাহাড়ের নিচ থেকে পানি সংগ্রহ করে খেতের পরিচর্যা করেছি। আগামী বছর ৪০ শতক জমিতে বেগুন চাষ করার পরিকল্পনা নিয়েছি। এ বছর দুই একর জমিতে আমন চাষ করেছিলাম। ফলনও ভালো হয়েছে। ১১০ মণ ধান পেয়েছি। একটু পরিশ্রম করলেই চাষে সফলতা আসবে।’
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, অনেক চাষি এখন আগাম সবজি চাষ করে আর্থিকভাবে প্রচুর লাভবান হচ্ছে। কৃষক আবু বাহার ছয় শতক জমিতে বেগুন চাষ করেছেন। এখন পর্যন্ত লাখ খানেক টাকার মতো বেগুন বিক্রি করেছেন। এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আবু বাহার কৃষি ঋণ চাইলে আমরা অবশ্যই তাঁকে সহযোগিতা দেব।’