
বউ সাজলে রূপাকে কেমন লাগে, তা দেখা হয়নি। সেদিন বলেই ফেললাম, ‘শাড়ি চুড়ি পরে বউ সেজে একদিন এসোই না। দেখি কেমন লাগে!’ ‘উউম শখ কত’, বলে আমার প্রস্তাবকে ও উড়িয়ে দিয়েছিল সেদিন। আজ যখন ও স্বেচ্ছায় বউ সাজতে চেয়েছে, তখন আমার কী দরকার সাধা লক্ষ্মী পায়ে ঠেলবার!
আহ্, কত দিন পর কলেজ মাঠের কোনায় দাঁড়িয়েছি! প্রতি হপ্তান্তে এই বিষ্যুদবারটাই ছুটি—বিকেল দেখার, মুক্তমঞ্চের মুক্ত যুগল দেখার! ফোন বেজে উঠল!
রূপার ফোন দেখে ভেতরটা ধক করে উঠল। উফ্, আজও সেই একই অজুহাত—ভাইয়া এসে পড়েছে, তাই বের হওয়া যাবে না। হ্যালো, বলতেই টুট টুট! মানে কী? পেছন ফিরে তাকাতেই দেখি—রূপদেবীটা হাজির! শেষ বিকেলের কলেজ মাঠ লোকারণ্য, তাই কষ্ট করে খুঁজবে কখন, কোথায় দাঁড়িয়ে আছি! তাই ফোন। কে জানত, রূপদেবীটা ঠিক আমার পেছনে দাঁড়িয়েই...
চোখ ঝলসে দেওয়ার মতো অবস্থা। শাড়ি-চুড়ি, গয়নাগাটি, আলতা, মেহেদি—আমি তো প্রায় অজ্ঞান! ধমক দিয়ে ও বলল, ‘চল শালা আজকে তোকে বিয়ে করেই ছাড়ব!’ ওমা এই পাগলি বলে কী! আমি যে তার বাধ্যগত অনুগামী।
কাজি অফিস থেকে বের হয়ে দেখি, পুব আকাশে এক থালা চাঁদ! এই চাঁদের আলোয় অন্য রকম ছোঁয়া, অন্য রকম মায়া। ধ্যান ভাঙলে দুজনেরই চোখ কপালে, কোথায় গিয়ে উঠব?
আজ কোনো রিকশা নেব না। হাঁটতে থাকব দুজন জোছনাপ্লাবিত এই ব্যস্ত শহরে। জোছনা ঝরুক ইচ্ছেমতো বেঘোরে।