বেঙ্গল শিল্পালয়ে গোপাল ঘোষের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল শিল্পালয়ে শিল্পী গোপাল ঘোষের একক চিত্র প্রদর্শনী উদ্বোধন করছেন শিল্পী মুস্তাফা মনোয়ার ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
বেঙ্গল শিল্পালয়ে শিল্পী গোপাল ঘোষের একক চিত্র প্রদর্শনী উদ্বোধন করছেন শিল্পী মুস্তাফা মনোয়ার ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

‘ক্যালকাটা পেইন্টার্স’ গ্রুপের অন্যতম সদস্য গোপাল ঘোষের একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে। গোপাল ঘোষের শততম জন্মবার্ষিকী পালন উপলক্ষে দিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট, মুম্বাই এবং কলকাতার পর ঢাকার বেঙ্গল শিল্পালয়ে সংক্ষিপ্ত আকারে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটির পরিকল্পক সঞ্জয় কুমার মল্লিক। শুক্রবার বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীটি আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এই আয়োজনের সহযোগী কলকাতার আকার প্রকার গ্যালারি।

শুক্রবার বিকেলে বেঙ্গল শিল্পালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত চিত্রশিল্পী গোপাল ঘোষের চিত্রকলা নিয়ে কথা বলেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। তিনি বলেন, ‘শিল্পী গোপাল ঘোষ কাজপাগল লোক ছিলেন। তিনি কখনোই সময় নষ্ট করতেন না। সব সময়ই ছবি আঁকায় মগ্ন থাকতেন। তিনি ভীষণভাবে প্রকৃতিপ্রেমী ছিলেন। ছবি আঁকাকেই তিনি ধর্ম মানতেন।’ অনুষ্ঠানে কথা বলেন, আকার প্রকার গ্যালারির পরিচালক রীনা লাথ এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

এ প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ১০৩টি। প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। পূজা আর ঈদের কারণে গ্যালারি ৪ থেকে ৭ অক্টোবর বন্ধ থাকবে।

গোপাল ঘোষের জন্ম ১৯১৩ সালের ৫ ডিসেম্বর কলকাতার শ্যামবাজারে। বাবা সেনাবাহিনীতে থাকায় তাঁর শৈশব ও কৈশোর কাটে সিমলা, বেনারস ও এলাহাবাদে। ১৯৩১ সালে গোপাল ঘোষ জয়পুরের মহারাজা স্কুল অব আর্ট অ্যান্ড ক্রাফটসে শৈলেন্দ্রনাথ দের তত্ত্বাবধানে ভর্তি হন এবং ১৯৩৫ সালে চিত্রকলায় ডিপ্লোমা অর্জন করেন। ১৯৩৬ সালে দেবীপ্রসাদ রায় চৌধুরীর অভিভাবকত্বে মাদ্রাজের গভর্নমেন্ট স্কুল অব আর্টে ভর্তি হন তিনি। চল্লিশের দশকের শুরুর দিকে তিনি শিক্ষকতা শুরু করেন। প্রথমে কলকাতার ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট এবং পরে গভর্নমেন্ট স্কুল অব আর্টে। ১৯৭২ সাল পর্যন্ত শিক্ষকতায় যুক্ত ছিলেন তিনি। গোপাল ঘোষ ১৯৮০ সালে মারা যান।

বেঙ্গল শিল্পালয়ে শিল্পী গোপাল ঘোষের একক চিত্র প্রদর্শনীতে শিল্পী মুস্তাফা মনোয়ার ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ অন্য অতিথিরা।
বেঙ্গল শিল্পালয়ে শিল্পী গোপাল ঘোষের একক চিত্র প্রদর্শনীতে শিল্পী মুস্তাফা মনোয়ার ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারসহ অন্য অতিথিরা।

শিক্ষক দেবীপ্রসাদ রায় চৌধুরীর অনুপ্রেরণায় গোপাল ঘোষ যে চিত্রভাষা রপ্ত করেছিলেন তার রূপান্তর ঘটে চল্লিশের দশকে। ১৯৪৩ সালের মর্মবিদারক দুর্ভিক্ষের ওপর তাঁর স্কেচগুলো শিল্পানুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। ‘ক্যালকাটা গ্রুপ’-এর সঙ্গে যুক্ত গোপাল ঘোষ পরবর্তীকালে জলরঙে সিদ্ধি অর্জন করেন। শৈলেন্দ্রনাথ দে, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু এবং দেবীপ্রসাদ রায় চৌধুরীর তত্ত্বাবধানে নিও-বেঙ্গল ঘরানায় প্রশিক্ষিত গোপাল ঘোষ জয়পুর কলেজ অব আর্ট-এ ভাস্কর্য বিষয়েও অধ্যয়ন করেন।

প্রদর্শনী চলবে ১৮ অক্টোবর পর্যন্ত (প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা)
পূজা ও ঈদের জন্য ৪ থেকে ৭ অক্টোবর গ্যালারি বন্ধ থাকবে
বেঙ্গল গ্যালারি: বাড়ি-২৭৫/এফ, রোড-২৭, পুরাতন ধানমন্ডি, ঢাকা