বেজে উঠল বিচ্ছেদের করুণ সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা আসিফ হোসেন (ছদ্মনাম)। ছয় বছর ধরেই সুনামের সঙ্গে চাকরি করছিলেন তিনি। এর মধ্যেই দেশে এসে বিয়ে করেন। বিয়ের কিছুদিন ভালোভাবেই কাটছিল তাঁর। আবার পাড়ি জমান কর্মস্থল মরুভূমির দেশে। এর মধ্যে তাঁর স্ত্রী শায়লা পারভিন (ছদ্মনাম) স্বামীর অবর্তমানে যোগাযোগ স্থাপন করেন পুরোনো প্রেমিকের সঙ্গে। শ্বশুর-শাশুড়িকে পরোয়া করতেন না শায়লা। বেপরোয়া আচরণের কারণে আসিফ তাঁর স্ত্রী শায়লাকে কর্মস্থলের দেশ আরব আমিরাতে নিয়ে যান। কিন্তু পাল্টাননি শায়লা। আসিফের আরজি ও চট্টগ্রাম মহানগর হাকিম ও সালিসি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। আরজিতে বলা হয়, বিয়ের আগে আমার (আসিফ হোসেন) স্ত্রীর সঙ্গে প্রেমিক জাবেদ হাসানের (ছদ্মনাম) আট বছরের প্রেমের সম্পর্ক ছিল। আমার অবর্তমানে এবং আমার মা-বাবার উপস্থিতিতে জাবেদের সঙ্গে ও (শায়লা পারভিন) মুঠোফোনে কথা বলত—যা আমার মা-বাবা পছন্দ করতেন না। এ বিষয়ে আমার মা-বাবা শায়লাকে অনেকবার বাধা দেন। শায়লা নিষেধ অমান্য করে জাবেদের সঙ্গে মুঠোফোনে নিয়মিত যোগাযোগ করত এবং আমার মা-বাবাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাসা থেকে বেরিয়ে জাবেদের সঙ্গে দেখা করত। একপর্যায়ে শায়লাকে আমার কর্মস্থল আরব আমিরাতে নিয়ে আসি। এদিকে, জাবেদও আরব আমিরাতে চলে আসে। আমার স্ত্রী শারজাহ আরব আমিরাতে আমার সঙ্গে থাকত। আরব আমিরাতে গিয়ে শায়লা সংসার এবং আমার প্রতি কোনো ধরনের আগ্রহ দেখাত না। যেমন: রান্না করা, আমার সঙ্গে ভালোভাবে কথা বলা, আমাকে গুরুত্ব দেওয়া—এ সবকিছুতে তার আগ্রহ বা ইচ্ছা ছিল না। আমাকে এড়িয়ে যাওয়া বা অবহেলা করার চেষ্টা করত। তার এ ধরনের লক্ষণ দেখে আমি আশ্চর্য হই। আমি সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অফিসে থাকতাম। অফিস থেকে বের হওয়ার সময় শায়লার মুঠোফোনে কথা বলার চেষ্টা করতাম। ও সব সময় ব্যস্ততার অজুহাত দেখাত। এই বিষয়ে আমি বাসায় এসে তাকে জিজ্ঞেস করলে সে কোনো সদুত্তর দিতে পারত না। বিভিন্ন কারণে আমার সন্দেহ হওয়ায় একদিন হঠাৎ শায়লার মুঠোফোন আমি অফিসে নিয়ে যাই। ওই দিন আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে আরব আমিরাতের মুঠোফোনের নম্বর থেকে আমার স্ত্রীর মুঠোফোনে একটি কল আসে। আমি এই কলটি গ্রহণ করলে একজন পুরুষের আওয়াজ শুনতে পাই। ওই পুরুষটি বলতে থাকেন ‘হ্যালো শায়লা কেমন আছ, তোমার স্বামী কোথায়, তুমি এখন কি করছে?’ এ ধরনের কথাবার্তা আনুমানিক এক মিনিট ধরে বলতে থাকে। আমি ওই ব্যক্তির জবাব না দিয়ে শুধু শুনতে থাকি। একপর্যায়ে ওই ব্যক্তির মুঠোফোন কলটি কেটে দিই। আমি সকাল ১০টার দিকে শায়লাকে না জানিয়ে বাসায় চলে আসি। এই বিষয়ে আমি শায়লাকে জিজ্ঞেস করলে ও প্রথমে পুরুষ লোকটিকে মামা বলে পরিচয় দেয়। শায়লার কথাবার্তা ও বাচনভঙ্গি আমার বিশ্বাস না হওয়ায় আমি তাকে আবার জিজ্ঞেস করলে শায়লা সরাসরি স্বীকার করে যে গত আট বছর ধরে জাবেদের সঙ্গে তার প্রেমের গভীর সম্পর্ক আছে। তাদের উভয়ের কথাবার্তা আমি কৌশলে মুঠোফোনে রেকর্ড করে রাখি। বিয়ের পরে এই জাবেদের সঙ্গে শায়লার প্রেমের গভীর সম্পর্ক থাকায় আমার সঙ্গে ওর মনের মিলন এবং বনিবনা হচ্ছিল না। শত চেষ্টা করেও শায়লার উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে ফেরাতে না পারায়, তার মনের মধ্যে জাবেদ বিরাজমান থাকায় এবং স্বামী হিসেবে আমার কোনো অস্তিত্ব ও মূল্য না থাকায় আমি নিজেকে খুব অসহায় ও একা মনে করি। তাই তাকে তালাক দেওয়ার চূড়ান্ত নিই।’আদেশে বলা হয়, তালাক নোটিশের বক্তব্য যেন বলতে চায়—কত বৈচিত্র্যময় হতে পারে মানুষের জীবন! বিয়ে হওয়ার বছর দেড়েকের মধ্যেই এই নব দম্পতির জীবন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বেঁকে যাচ্ছে দুজনের দুটি পথ দুটি দিকে। কিছুই যেন করার নেই। সচেতন ব্যক্তি মাত্রই জানেন এরূপ ঘটনা অহরহ ঘটেই চলেছে। চলতে চলতে হঠাৎ থেমে যাচ্ছে জীবন। উঠছে ঝড়। ভেঙে যাচ্ছে সংসার। সুদূর সুউচ্চ পর্বতশৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে প্রমত্ত যৌবনা নদী মরুভূমিতে পথ হারিয়ে ফেললে যেরূপ হয় প্রত্যেকটি সংসার ভেঙে যাওয়াও যেন সেরূপ অসুন্দর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও হয়তো জীবনের সেই দুঃখময় দিকটির দিকে ইঙ্গিত করেছেন, ‘জীবনে যত পূজা হোলো না সারা,/ জানি হে জানি তাও হয়নি হারা।/ যে ফুল না ফুটিতে/ ঝরেছে ধরণীতে।/ যে নদী মরূপথে হারাল ধারা/ জানি হে জানি তাও হয়নি হারা।’বিধিবদ্ধ ৯০ দিন পার হয়েছে। কাজেই সালিসি পরিষদের রীতি অনুসারে তালাক আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।