থরুন, বান্দরবানের গহিনে কোনো এক ঝরনার পানিতে সাঁতার কাটছেন। চারপাশে পাহাড়, পাখির কিচিরমিচির, নেই শহরের কোলাহল। মনে এক অদ্ভুত শান্তি ভর করে! হঠাৎই আপনার হাতে ঠেকল কী যেন। আবিষ্কার করলেন, একটা নোংরা চিপসের প্যাকেট! ব্যস, শান্তিতে ভাটা পড়ল। চিপসের প্যাকেটের মতো মিইয়ে গেল মনের উৎফুল্ল।বেড়াতে গেলে এসব আবর্জনা যে শুধু পর্যটকের বিরক্তির উদ্রেক করে, তা নয়, পরিবেশকেও করে ক্ষতিগ্রস্ত। বেড়ানোর সময় সুন্দর প্রকৃতিকে কী করে ‘সুন্দর’ই রাখা যায়, সে সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। পানির বোতল, পলিথিন, কাগজ, খাবারের ঠোঙা—বেড়াতে যাওয়ার সময় যা কিছুই সঙ্গে নিয়ে যান না কেন, প্রতিটি জিনিসই ফেলতে হবে নির্ধারিত স্থানে। আবর্জনা ফেলার স্থান না থাকলে, ফেরার সময় আবর্জনাগুলো সঙ্গে নিয়ে ফিরতে হবে এবং নির্ধারিত স্থানেই ফেলতে হবে। উচ্ছিষ্ট খাবারও যেখানে-সেখানে ফেলা যাবে না। প্রয়োজনে ফেরার সময় খাবারের উচ্ছিষ্ট অংশ বহন করতে হবে এবং নির্ধারিত স্থানেই ফেলতে হবে। হইহুল্লোড়, চেঁচামেচি করে প্রকৃতিকে বিরক্ত করা যাবে না। অতিরিক্ত শব্দ করলে শুধু যে পরিবেশের ক্ষতি হবে, তা নয়, বনের পশু-পাখিগুলো ভড়কে গিয়ে দূরে সরে গেলে আপনিও তাদের দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন। গাছের পাতা কিংবা ফুল ছেঁড়া যাবে না। প্রয়োজনে ছবি তুলে রাখুন। সেন্ট মার্টিন বা এ ধরনের প্রবাল দ্বীপগুলোয় বেড়াতে গেলে প্রবাল সংগ্রহ করবেন না। স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে পানির নিচে প্রবালের অদ্ভুত সৌন্দর্য দেখার সুযোগ আছে। সেটাই বরং আপনাকে বেশি মুগ্ধ করবে। অনেক মানুষ মিলে বনভোজনে গেলে খুবই সতর্ক থাকতে হবে। পরিবেশ নষ্ট হয়, এমন কিছু করা যাবে না। এক কথায়, বেড়াতে গিয়ে পরিবেশ যে অবস্থায় পাবেন, ফেরার সময় ঠিক সেভাবেই রেখে আসতে হবে। ক্ষতিকর কিছু লক্ষ করলে, সম্ভব হলে নিজেরা সেই সমস্যা দূর করতে চেষ্টা করুন, নয়তো সংশ্লিষ্ট ব্যক্তিদের জানান।সবশেষে মুসা ইব্রাহীম যোগ করলেন, ‘বাড়ির বসার আমরা যেভাবে সাজিয়ে রাখি, পরিবেশটাও সাজিয়ে রাখতে হবে একই রকম যত্নের সঙ্গে। আপনার সামান্য অসচেতনতা ও অবহেলা পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে’।