বেড়িবাঁধ ভাঙা, বাড়ছে ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি। সরে গেছে উপকূলের গাছগাছালির মাটি। ছবিটি সীতাকুণ্ডের জমাদারপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকছে জোয়ারের পানি। সরে গেছে উপকূলের গাছগাছালির মাটি। ছবিটি সীতাকুণ্ডের জমাদারপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়াসহ বিভিন্ন ইউনিয়নের ভেঙে যাওয়া উপকূলীয় বেড়িবাঁধ চলতি বছরেও সংস্কার হচ্ছে না। এ–সংক্রান্ত প্রকল্প এখনো জাতীয় অর্থনৈতিক কমিটিতে (একনেক) পাস না হওয়ায় থমকে আছে সংস্কারকাজ। ফলে সীতাকুণ্ড উপকূলের দুই হাজার পরিবার ঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপকূলের ২৬ কিলোমিটারজুড়ে বেড়িবাঁধ রয়েছে। তার মধ্যে প্রায় আড়াই কিলোমিটার অংশের বাঁধ বিলীন হয়ে গেছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকূল থেকে আকিলপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার, কুমিরা ইউনিয়নের কুমিরা ঘাট এলাকায় ২৫০ মিটার ও সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় আরও ২৫০ মিটার বেড়িবাঁধ বিলীন হয়েছে। বিলীন হওয়া বেড়িবাঁধ সংস্কার করতে ৩৪ কোটি টাকা ব্যয়ের প্রকল্প প্রস্তাব করা হলেও একনেকে পাস না হওয়ায় কাজ শুরু হয়নি।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সাত বছর আগে সীতাকুেণ্ডর বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর, জমাদারপাড়া, বোয়ালিয়ারকূলের দুই কিলোমিটার বেড়িবাঁধ জোয়ারের তোড়ে ভেঙে যায়। এ ছাড়া কুমিরা ও সোনাইছড়ি ইউনিয়নের কিছু অংশও জোয়ারে ভেসে যায়। এরপর একরকম অরক্ষিত অবস্থায় আছে এ এলাকার বাসিন্দারা।
বেড়িবাঁধ না থাকায় আসন্ন বর্ষা মৌসুমে দুর্যোগের ঝুঁকিতে রয়েছেন বাঁশবাড়িয়া ও কুমিরা এলাকার মানুষজন। বর্ষায় এসব এলাকা প্লাবিত হয় জোয়ারের পানিতে। পাশাপাশি বেড়িবাঁধ না থাকায় এলাকার অন্তত দুই হাজার একর জমিতে চাষাবাদ হচ্ছে না।
৪ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, আকিলপুর এলাকায় বেড়িবাঁধের দেওয়া ব্লকগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জমাদারপাড়া এলাকার বেশির ভাগ স্থানে বেড়িবাঁধের চিহ্ন নেই। সাগরের পাড়ে অবস্থিত বিভিন্ন গাছের মাটি সরে যাচ্ছে। কিছু গাছ পড়েও গেছে।
আকিলপুর এলাকার বাসিন্দা মো. শফি বলেন, বর্ষাকালে তাদের গ্রাম ডুবে যায় জোয়ারের পাানিতে। তখন ঘর থেকে বের হওয়া যায় না। ছেলেমেয়েরা স্কুল–কলেজে যেতে পারে না। রান্নাবান্নাও করা যায় না। অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই। তাই ঝুঁকি নিয়ে বর্ষা কাটাতে হয়।
জমাদার পাড়ার বাসিন্দা মো সোলায়মান প্রথম আলোকে বলেন, বেড়িবাঁধ ভাঙনের পর থেকে এ এলাকায় আর চাষাবাদ করা যায় না। তিনি ঝুঁকি নিয়ে চলতি বছর এক একর ২০ শতক জমিতে চাষ করেছেন মিষ্টি আলু। মাটির লবণাক্ত বাড়ায় ফলন তেমন ভালো হয়নি। বেড়িবাঁধ থাকলে জমিগুলোতে ফসল ফলানো যেত।
বিষয়টি সম্পর্কে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, সীতাকুেণ্ডর বাঁশবাড়িয়া ও কুমিরার ভাঙা বেড়িবাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ডও বিব্রত। বোর্ডের পক্ষ থেকে বাঁধ মেরামতের সম্ভাব্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।
কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রস্তাবিত প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয় থেকে বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে। আশা করি, একনেকে প্রকল্পটি পাস হবে।