‘বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে গেছে। এখন এলাকায় জোয়ার-ভাটা চলছে। জোয়ারের সময় ঘরের মেঝেতে পর্যন্ত পানি ওঠে। রান্নাবান্না করতে হচ্ছে খাটে চুলা রেখে। এ অবস্থা চলছে দুই মাস ধরে। কিন্তু আমাদের এই কষ্ট দেখার কেউ নেই।’ আনোয়ারার রায়পুরের বারআউলিয়া গ্রামের বাসিন্দা আবদুল হাকিম (৪৩) বলছিলেন তাঁদের দুর্ভোগের কথা।
দুই মাস আগে অমাবস্যা ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের কারণে আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুর ও জঁুইদণ্ডী ইউনিয়নের পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রামে এখন জোয়ারের পানি ঢুকে পড়ছে। ফলে দুর্বিষহ হয়ে উঠেছে উপকূলবাসীর জনজীবন।
স্থানীয় লোকজন জানান, দক্ষিণ গহিরা, বারআউলিয়া, ধলঘাট, দক্ষিণ সরেঙ্গা, পূর্ব গহিরা, দক্ষিণ জঁুইদণ্ডী, পূর্ব জঁুইদণ্ডী ও খুরুস্কুলসহ ১০ গ্রামে এখন জোয়ার-ভাটা চলছে।
রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা ও বারআউলিয়া এলাকা ঘুরে দেখা গেছে, জমি-সড়ক সবখানে পানিতে থইথই। পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় লোকজনকে। এমনকি রায়পুর উচ্চবিদ্যালয়ের মাঠেও হাঁটুপানি জমেছে। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইভাবে জঁুইদণ্ডীর লামার বাজার ও সাপমারা খালের মুখ এলাকায় দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামবাসী।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, আনোয়ারায় চার কিলোমিটার এলাকার বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তা ছাড়া, আধা কিলোমিটার এলাকার বাঁধ পুরোপুরি ভেসে গেলেও এখনো পর্যন্ত বড় ধরনের কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এমনকি জরুরি ভিত্তিতেও কোনো বরাদ্দ দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আইনুল হক আনোয়ারা উপকূলের বেড়িবাঁধের করুণ দশার কথা স্বীকার করে বলেন, উপকূলের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি।
রায়পুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহেরুল আলম বলেন, বিদ্যালয় থেকে দেড় কিলোমিটার দূরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে। আর সেই পানি চলে আসে বিদ্যালয়ের আঙিনায়। ওই সময় পাঠদানকালে সমস্যায় পড়তে হয়।