
বিরান চারপাশ। কোথাও উপড়ে আছে ঝাউগাছ। কোথাও ভেঙে অর্ধেক অবস্থায় পড়ে আছে ঘর। অমাবস্যা-পূর্ণিমা তো আছেই, ভারী বৃষ্টিপাতেও লোকালয়ে ঢুকে পড়ছে পানি। আনোয়ারার রায়পুর উপকূলের বাসিন্দাদের এখন প্রতিমুহূর্ত কাটে আতঙ্কে। কারণ, এই এলাকার পাঁচ কিলোমিটার উপকূলে বেড়িবাঁধের চিহ্নই নেই।
সরেজমিনে দেখা গেছে, উপকূলীয় রায়পুরের দক্ষিণ সরেঙ্গায় তিন কিলোমিটার, পূর্ব গহিরা এলাকায় ৫০০ মিটার, ধলঘাটের উত্তর পাশে ৫০০ মিটার, উঠানমাঝির ঘাট ও বার আউলিয়া এলাকায় এক কিলোমিটার এবং ছিপাতলী ঘাট এলাকায় ২০০ মিটার বাঁধ নিশ্চিহ্ন হয়ে গেছে। দেখে বোঝার উপায় নেই, এখানে আগে বাঁধ ছিল। এ ছাড়া বেড়িবাঁধ না থাকায় চলাচলেও দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। বেড়িবাঁধ চলাচলের সড়ক হিসেবেও ব্যবহার হয়ে এসেছে এত দিন।
স্থানীয় লোকজন জানান, রায়পুর অংশে বেড়িবাঁধ ভাঙা থাকায় গত বর্ষায় দক্ষিণ গহিরা, বার আউলিয়া, ধলঘাট, দক্ষিণ সরেঙ্গা ও পূর্ব গহিরা এলাকায় জোয়ার-ভাটা চলে। এখন তো বাঁধ একেবারেই নেই। বৃষ্টি হলে রাত জেগে বসে থাকতে হয়।
বার আউলিয়া এলাকার বাসিন্দা নুর আহমদ (৪৬) বলেন, ‘বাঁধ ভাঙা থাকায় পরিবার পরিজন নিয়ে আমরা খুব কষ্টে আছি। মনে হয়, এই বুঝি জোয়ারের পানি ভাসিয়ে নিয়ে গেল। বাঁধের এই অংশ দ্রুত পুনর্নির্মাণ করা না হলে এলাকাটি একসময় হারিয়ে যাবে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, আনোয়ারা উপজেলার সিইউএফএল (চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা) থেকে সাপমারা খাল পর্যন্ত ৩২ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আনোয়ারা, পতেঙ্গাসহ ভাঙনকবলিত এলাকার বেড়িবাঁধ সংস্কারের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে ৩৫০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাবের মধ্যে আনোয়ারা উপকূলের জন্য ৮০ থেকে ১০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, ‘আনোয়ারা উপকূলের ভাঙন রোধ ও বেড়িবাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। পাশাপাশি আমরাও কাজ করে যাচ্ছি।’
জানতে চাইলে পাউবোর উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, ‘আনোয়ারা উপকূলের ভাঙনকবলিত এলাকা ও বাঁধ সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলেই কাজ করা হবে।’