বেড়িবাঁধের পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেই
কক্সবাজারের মহেশখালী উপজেলার বেড়িবাঁধের ওপর ঝুঁকি নিয়ে বসবাস করছে চার হাজার ৭৫০টি পরিবারের ২০ হাজার মানুষ। গত কয়েক দশকে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ঘরবাড়ি হারিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে তারা। পুনর্বাসন–প্রক্রিয়া শুরু হলেও এ পর্যন্ত মাত্র ২৫০টি পরিবারের ভাগ্যে স্থায়ী আবাসন জুটেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে উপজেলার ধলঘাট, মাতারবাড়ী ও কুতুবজোম ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়। এ সময় গৃহহীন হয় কুতুবজোম, মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এরপর সিডর, বিজলি, আইলাসহ বিভিন্ন ঘূর্ণিঝড়ে উপকূলের আরও ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। আর সর্বশেষ দুই মাস আগে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নের আরও দেড় হাজার ঘরবাড়ি সাগরে বিলীন হয়ে যায়। গৃহহারা লোকজন বেড়িবাঁধের ঢালু জায়গায় ও চর এলাকায় বাঁশের তৈরি ছোট ঝুপড়ি ঘরে কোনো মতে বসবাস করছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার সুতরিয়া, সাপমারারডেইল, সরইতলা, মুহুরিঘোনা, রাজঘাট, ওয়াদ্দারপাড়া, পশ্চিম ষাইটপাড়া, সাইরার ডেইল, মাইজপাড়া, লাইল্যাঘোনা, দক্ষিণ রাজঘাট, ফুলজান মোরা, মগডেইল, চরপাড়া, হামিদারদিয়া চর, তাজিয়াকাটা, ঘটিভাঙা ও সোনাদিয়া এলাকায় বেড়িবােঁধর ওপর কয়েক হাজার পরিবার দুর্যোগের ঝুঁকি নিয়ে বসবাস করছে। এখানকার বাসিন্দারা স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলার ধলঘাট ইউনিয়নের সরইতলার বেড়িবাঁধের বাসিন্দা আমান উল্লাহ বলেন, ‘তিন বছর আগে দেড় লাখ টাকা খরচ করে টিন আর মাটি দিয়ে একটি বাড়ি করেছিলাম। আর আট সদস্যে পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করছিলাম। কিন্তু এক বছর আগে দুর্যোগের কবলে পড়ে সেই কাঁচা বাড়িটি সাগরে বিলীন হয়ে গেছে। ফলে নিরুপায় হয়ে পরিবার–পরিজন নিয়ে বাঁধের ঢালুতে বাঁশের ছাউনি দিয়ে ঘর তৈরি করে বসবাস করছি।’
ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ডিজিটাল সেন্টারের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, দুর্যোগের কবলে পড়ে এই এলাকার কয়েক হাজার মানুষ এখন গৃহহারা। কিন্তু এসব লোকজন বাঁধ ও চর এলাকায় দুর্যোগের ঝুঁিক নিয়ে বসবাস করলেও তাদের পুনর্বাসন করা জন্য স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না।
কুতুবজোম ইউপির চেয়ারম্যান শফিউল আলম বলেন, দুর্যোগ ও জলোচ্ছ্বাসের কবলে পড়া গৃহহারা পরিবারগুলোকে পুনর্বাসন করার লক্ষ্যে সরকার এই এলাকায় ইতিমধ্যে দুটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করেছে।
মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম বলেন, ভূমিহীন লোকজনকে পুনর্বাসন করার লক্ষ্যে ইতিমধ্যে শাপলাপুর ও কুতুবজোম ইউনিয়ন দুটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে। এসব আশ্রয়ণ প্রকল্পে আড়াই শ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আর বাকিদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।