
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় তামাকের দাপট বেড়েই চলেছে। আগে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত কাচালং ও শিজক নদীর দুই তীরের সবজি ও আখখেতের তামাক চাষ হতো। এবার তামাক বিস্তৃত হয়েছে বোরোর জমিতেও।
সরেজমিনে দেখা গেছে, কাচালং নদীর তীরের তুলাবান, মাস্টারপাড়া, লাল্যাঘোনা উলুছড়ি ও শিজক এলাকায় তামাক ছাড়া কিছুই নেই। একই অবস্থা শিজক নদীর বটতলা, চিন্তারামছড়া, গলাচিপা ও কুচছড়ি এলাকায়ও। কয়েকশ শ্রমিক খেত পরিচর্যায় ব্যস্ত। এদিকে নদীর দুই তীর ছাড়াও খেদারমারা, সারোয়াতলী, বাঘাইছড়ি, মারিশ্যা, রুপকারী ইউনিয়ন ও পৌরসভায়ও তামাকের আগ্রাসন চলছে।
শিজক এলাকায় তামাকচাষি অনিল চাকমা ও পুরান মারিশ্যা এলাকা মো. আকবর হোসেন বলেন, এখন বোরো চাষ করতে খরচটাও ওঠে না। তাই বোরো চাষিরা তামাকের দিকে ঝুঁকছেন। এককানি (৪০ শতক) জমিতে তামাক চাষ করলে ৪০ হাজার টাকা পাওয়া যায়। কিন্তু ধান চাষ করলে ১০ থেকে ১৫ হাজার টাকা পাওয়া যাচ্ছে। এ ছাড়া এক কানি জমিতে সবজি চাষ করলে ২০ হাজার টাকা পাওয়া গেলেও বর্গা নেওয়া খরচটা কোনো রকমে উঠে আসে। এ জন্য এ বছর অনেক কৃষক সবজি ও বোরো চাষ ছেড়ে তামাক চাষ করছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা কাচালং ও শিজক নদীর তীরে এক হাজার ৫০০ একর সবজি আবাদের জমি রয়েছে। আর বোরোর চাষযোগ্য জমি রয়েছে আট হাজার ৬৪৫ একর। আর এ বছর তামাক চাষ করা হয়েছে দুই হাজার ৪৩০ একরে। সেই হিসাবে ৯৩০ একর বোরো আবাদে তামাক চাষ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, ‘তামাক চাষের নিষেধাজ্ঞা নেই। সে কারণে আমরা কৃষকদের জোর করে কোনো কিছু বলতে পারি না। কৌশলে তামাক চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। আমরা বিভিন্ন সময়ে অনেক প্রচারপত্র বিলি করেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। গত বছর থেকে সার বিক্রির ওপর কঠিনভাবে নিয়ন্ত্রণ করেছি, যাতে কোনো সার তামাকখেতে না যায়। কিন্তু তার পরও তামাক চাষ বাড়ছে।
বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সদস্য মো. আবুল ফজল বলেন, তামাক চাষ বেড়ে যাওয়ায় কৃষি, স্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রতি বছর তামাক পাতা শুকাতে বনের ব্যাপক গাছ কাটা পড়ছে। তামাক চাষ বেড়ে যাওয়ায় হাজার হাজার একর সংরক্ষিত বন উজাড় হয়ে যাচ্ছে।
বন বিভাগের শিজক রেঞ্জ কর্মকর্তা মো. ফখরুদ্দিন আহম্মেদ বলেন, তামাক চাষের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রতিবছর নিজস্ব ও সংরক্ষিত বন থেকে হাজার হাজার মণ গাছ কাটা হচ্ছে। পরিবেশ অনুকূল না থাকায় আইন প্রয়োগ করা যাচ্ছে না। বনের মধ্যেও অনেক তামাকখেত ও চুল্লি করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সঙ্গে আলোচনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাঠ জব্দ করা হবে।