বেতন কম, তবু শিক্ষকতা ছাড়েননি তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার সুয়াবিল গ্রামের বাসিন্দাদের উদ্যোগে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল সুয়াবিল বালিকা উচ্চবিদ্যালয়। ৮৯ জন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু করলেও এখন শিক্ষার্থীর সংখ্যা আড়াই শ ছাড়িয়েছে। বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফলও ভালো। নয়জন শিক্ষকের সবারই শিক্ষাগত যোগ্যতা স্নাতক, যাঁদের অনেকেরই আছে বিএড ডিগ্রি। ২০০৬ সালে বিদ্যালয়টি পাঠদানের ও ২০১০ সালে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়। তবে এমপিওভুক্ত না হওয়ায় সামান্য বেতনেই পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা।
জানা গেছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে হলে বিদ্যালয়ের পাঠদানে বোর্ডের স্বীকৃতি, একাডেমিক স্বীকৃতি, শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা স্নাতক ও বিএড, নিজস্ব অবকাঠামো, পর্যাপ্ত শিক্ষার্থীর সংখ্যা, সঞ্চয় এসব থাকতে হবে। সুয়াবিল বালিকা উচ্চবিদ্যালয় এসব শর্ত পূরণ করে শিক্ষা বোর্ডের কাছ থেকে স্বীকৃতিও পেয়েছে। কিন্তু বারবার আবেদন করার পরও এমপিওভুক্ত করা হয়নি বিদ্যালয়টিকে।
এলাকার আশপাশের চার কিলোমিটারের মধ্যে কোনো উচ্চবিদ্যালয় নেই। দরিদ্র পরিবারের শিশুরাই এই বিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষকদের অক্লান্ত চেষ্টায় ভালো ফলাফল করছে এখানকার শিক্ষার্থীরা। গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৭ দশমিক ৪১ শতাংশ। অথচ এরপরও এমপিওভুক্ত হয়নি বিদ্যালয়টি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসে পাঁচ হাজার ও সহকারী শিক্ষকেরা দুই হাজার ৫০০ টাকা বেতন পান। এই টাকায় সংসার চালাতে হিমশিম খেলেও শিক্ষার্থীদের কথা ভেবে বিদ্যালয় ছেড়ে যাননি তাঁরা।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের একতলা টিনশেডের পাকা দুটি ভবনে পাঠদান চলছে। এখানে মানবিক ও বাণিজ্য বিভাগে পড়ছে আড়াই শ শিক্ষার্থী। নয়জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছেন বিদ্যালয়ে। ২০১১ সাল থেকে বিদ্যালয়টি নবম-দশম শ্রেণির পাঠদানের অনুমতি লাভ করে। বর্তমানে শিক্ষা বোর্ডের স্বীকৃতি পেয়ে এখানকার শিক্ষার্থীরা নিয়মিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপংকর দাশ বলেন, ‘আমরা প্রতিষ্ঠার সময় থেকে এ বিদ্যালয়ে শিক্ষকতা করছি। যে বেতন পাই, তা দিয়ে পরিবার চলে না। আমরা কবে এমপিওভুক্ত হব, তার কোনো নিশ্চয়তা নেই। কেবল শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে পাঠদান করছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন আকতার বলেন, ‘আমার বেতন মাত্র পাঁচ হাজার টাকা। এ টাকায় সংসার চলে না। অথচ আমরা অনেক আগে এমপিওভুক্তির প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করেছি। উপজেলার মধ্যেও এ বিদ্যালয় জ্যেষ্ঠতায় এগিয়ে, কিন্তু এ পর্যন্ত কয়েকবার আবেদন করেও লাভ হয়নি।’
সুয়াবিল ইউপি চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে একজন শিক্ষক কীভাবে আড়াই থেকে পাঁচ হাজার টাকায় সংসার চালাবেন? এলাকার বিভিন্ন গ্রামের কয়েক শ পরিবারের সন্তান মাধ্যমিক শিক্ষার জন্য বিদ্যালয়টির ওপর নির্ভর করে। বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে শিক্ষার মান আরও বাড়বে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ বলেন, ‘বিদ্যালয়টি বরাবরই ফলাফলের দিক দিয়ে এগিয়ে। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের মানবেতর জীবন মনে কষ্ট দেয়। সরকার এমপিওভুক্তি বন্ধ রেখেছেন। চালু হলে বিদ্যালয়টি দ্রুত এমপিভুক্তির উদ্যোগ নেওয়া হবে।