
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু গ্রামের বাসিন্দাদের উদ্যোগে ৩৪ শতক জমির ওপর ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডলু কামাল বাজার প্রাথমিক বিদ্যালয়। পরে ২০০৯ সালে নাম পরিবর্তন করে আয়েশা-জহুর চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়। শুরুতে ১৫৫ জন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু করলেও এখন শিক্ষার্থীর সংখ্যা তিন শ ছুঁই–ছুঁই। পাঁচজন শিক্ষকের সবারই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক। কোনো একদিন জাতীয়করণ হবে এই আশায় বিনা বেতনে পাঠদান করছেন এখানকার শিক্ষকেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হতে হলে বিদ্যালয়ের পাঠদানে স্বীকৃতি, শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা øস্নাতক, নিজস্ব সম্পত্তি, অবকাঠামো, পর্যাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এসব থাকতে হবে। ডলু আয়েশা-জহুর প্রাথমিক বিদ্যালয় এসব শর্ত পূরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাঠদানের স্বীকৃতিও পেয়েছে। কিন্তু এত কিছুর পরও বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়নি।
এলাকার আশপাশের চার কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। দরিদ্র পরিবারের শিশুরাই এই বিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টায় ভালো ফলাফল করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বছর পিএসসি পরীক্ষায় পাসের হার ছিল ১০০ ভাগ। এর আগের বছর ২০১৫ সালেও পাসের হার ছিল শতভাগ। অথচ এরপরও জাতীয়করণ হয়নি বিদ্যালয়টিকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সবাই বিনা বেতনে শিক্ষকতা করে যাচ্ছেন। শিক্ষকদের সংসার চালাতে হিমশিম খেলেও শিক্ষার্থীদের কথা ভেবে বিদ্যালয় ছেড়ে যাননি তাঁরা। বিদ্যালয়টিকে সন্তানের মতো আগলে রেখেছেন ভবিষ্যতে জাতীয়করণ হবে এ আশায়।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের টিনশেড বেড়ার লম্বা একটি ছয় কক্ষের ভবনে পাঠদান চলছে। এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ছে প্রায় তিন শ শিক্ষার্থী। পাঁচজন শিক্ষক পাঠদান করছেন বিদ্যালয়ে। ২০০৯ থেকে শুরু করে বিদ্যালয়টিতে পঞ্চম শ্রেণির পাঠদান শুরু হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কণা তালুকদার ও শিল্পী রানি শীল বলেন, ‘আমরা এ বিদ্যালয়ে বিনা বেতনে শিক্ষকতা করছি। নিজেদের সংসার চলে না। আমাদের বিদ্যালয় কবে জাতীয়করণ হবে তার কোনো নিশ্চয়তা নেই। কেবল শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে বিদ্যালয়ে পাঠদান করছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফাতেমা বেগম বলেন, ‘আমার কোনো বেতন নেই। বিদ্যালয় থেকে কোনো পারিশ্রমিক নিই না। স্বামীর সামান্য আয়ে সংসার চলে। অথচ আমরা অনেক আগে জাতীয়করণের প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করেছি। উপজেলার মধ্যেও এ বিদ্যালয় জ্যেষ্ঠতায় এগিয়ে, কিন্তু জাতীয়করণ হচ্ছে না। ভবিষ্যতে জাতীয়করণ হবে এ প্রত্যাশায় আমাদের পথচলা।’
উপজেলার পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, এলাকার বিভিন্ন গ্রামের কয়েক শ পরিবারের সন্তান প্রাথমিক শিক্ষার জন্য বিদ্যালয়টির ওপর নির্ভর করে। বিদ্যালয়টি জাতীয়করণ হলে শিক্ষার মান আরও বাড়বে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘বিদ্যালয়টি বরাবরই ফলাফলের দিক দিয়ে এগিয়ে। কিন্তু জাতীয়করণ না হওয়ায় শিক্ষকেরা মানবেতর জীবন যাপন করছেন। জাতীয়করণ আপাতত বন্ধ। চালু হলে বিদ্যালয়টির দ্রুত জাতীয়করণের জন্য করণীয় ঠিক করা হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, বিদ্যালয়টির পরিবেশ খুব সুন্দর। এটি জাতীয়করণের দাবি রাখে। ভবিষ্যতে জাতীয়করণের জন্য বিদ্যালয়টির নাম তালিকায় রাখা হবে।