বেতন-ভাতা ফেরত দিতে তিন শিক্ষককে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক উচ্চশিক্ষার ছুটি নিয়ে বিদেশে গিয়ে আর ফেরেননি। এ জন্য কর্তৃপক্ষ তাঁদের একজনকে চাকরিচ্যুত করেছে। অন্য দুই শিক্ষক পদত্যাগ করেন। ওই তিন শিক্ষককে ছুটিতে থাকাকালে নেওয়া বেতন-ভাতা ফেরত দিতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা ৩১ লাখ ২২ হাজার ৮৭০ টাকা। প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার ছুটি নিয়ে প্রায় ছয় বছর আগে বিদেশে যান তিন শিক্ষক—রসায়নবিজ্ঞান বিভাগের মুজিবুর রহমান ভূঁঞা, অর্থ ও ব্যাংকিং বিভাগের এ এস এম সোহেল আজাদ এবং ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ আশাদ কবির। তিনজনই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। বিদেশে থাকাকালে তাঁরা অধ্যয়ন এবং অসাধারণ ছুটি ভোগ করেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে ঠিকই বেতন-ভাতা তোলেন। কিন্তু ছুটির মেয়াদ শেষে তাঁরা বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগ দেননি এবং বেতন-ভাতার টাকাও ফেরত দেননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘উচ্চশিক্ষার ছুটি নিয়ে ফেরত না আসা শিক্ষকদের কাছ থেকে পাওনা আদায়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে তিন শিক্ষককে পাওনা ফেরত দিতে চূড়ান্ত চিঠি দেওয়া হয়েছে। পাওনা অর্থ ফেরত না দিলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে মামলা করার চিন্তাভাবনা রয়েছে।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগদান করার জন্য তিন শিক্ষককে কয়েকদফা নোটিশ দেয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৪৭৯তম সিন্ডিকেট সভায় মোহাম্মদ আশাদ কবিরকে চাকরিচ্যুত করা হয়। অন্য দুজন চাকরি থেকে পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী, একজন শিক্ষক তিন বছরের বেতন-ভাতাসহ শিক্ষা ছুটি নিতে পারেন। তবে বেতন-ভাতা ছাড়া আরও দুই বছর ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগদান না করলে তাঁকে বেতন-ভাতা ফেরত দিতে হয়।তিন শিক্ষককে পাওনা আদায়ে চিঠি দেওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ ফেরত দিতে নিয়মানুযায়ী তিন শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তাঁদের কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনার পরিমাণ জানানো হয়েছে।’ প্রশাসন সূত্রে জানা গেছে, রসায়নবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান ভূঁঞা অধ্যয়ন ছুটি নেন ২০০৬ সালের ২৮ জানুয়ারি। ছুটির মেয়াদ শেষ হয় ২০১০ সালের ২৭ জানুয়ারি।এরপর তিনি সাত মাস অসাধারণ (বিনা বেতনে) ছুটি ভোগ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগদান না করে পদত্যাগ করেন। তাঁর কাছে পাওনা ১২ লাখ ৫১ হাজার ৫৯৬ টাকা। পাওনা অর্থ ফেরত দিতে ৩ জুন তাঁকে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ।অর্থ ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম সোহেল আজাদ ২০০৫ সালের ১৫ নভেম্বর অধ্যয়ন ছুটি নিয়ে দেশের বাইরে যান। তাঁর অধ্যয়ন ও অসাধারণ দুই ধরনের ছুটি শেষ হয় ২০১১ সালের ১৪ নভেম্বর। কিন্তু চাকরিতে যোগদানের পরিবর্তে তিনি পদত্যাগ করেন। তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা রয়েছে ১৭ লাখ ১৬ হাজার ৫০২ টাকা। এ অর্থ ফেরত দিতে তাঁকে গত বছরের ১২ ডিসেম্বর চিঠি দিয়েছে।অন্যদিকে আশাদ কবির ২০০৬ সালের ১০ আগস্ট ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় যান। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি ছুটি শেষ হলেও বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগদান করেননি ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন বিভাগের এই শিক্ষক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাকরিতে যোগ দিতে তাঁকে কয়েক দফা নোটিশ দেয়। কিন্তু তিনি চাকরিতে যোগ দেননি। পরে তাঁকে চাকরিচ্যুত করা হয়। তাঁর কাছে পাওনা এক লাখ ৫৪ হাজার ৭৭২ টাকা। গত ২৮ মে পাওনা অর্থ ফেরত দিতে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ।