বেতনটা বাড়বে কবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেতনটা বাড়ছে না’, ‘অমুকের পদোন্নতি হয়ে গেল, আমারটা কবে?’ কিংবা ‘বসকে এ বছর বলতেই হবে আমি কত বেশি কাজ করি।’ কর্মক্ষেত্রের নিত্যদিনের কথাবার্তা এগুলো। অনেক সময় নিজেরা মনে করি, কাজের মূল্যায়ন যেন হচ্ছে না। নিজে অন্যের থেকে বেশি কাজ করছি। সেটি কি কর্তৃপক্ষ বুঝছে না? তাহলে কি কর্মী নিজেই বলবেন নিজের পদোন্নতির ও বেতন বৃদ্ধির কথা?এ বিষয়ে গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী এম জুলফিকার হোসেনের মতামত কী? তিনি মনে করেন, কর্মী তাঁর নিজের বেতন ও পদোন্নতির কথা প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়নের সময় বলতে পারেন। এ বিষয়ে যেকোনো সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না বলে বছরের নির্দিষ্ট সময়টা বেছে নিতে পারেন। তবে কর্মীকে তাঁর চাহিদাগুলো যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে। তাঁকে সারা বছরই একই ধারায় ভালো কাজ করে যেতে হবে। একটা কাজ ভালো করলাম ভেবে মনে করা ঠিক নয় যে এতেই পদোন্নতি নিশ্চিত। ভালো কাজের ধারাবাহিকতা থাকতে হবে।কর্মী যদি দায়িত্বশীল হন এবং ভালোভাবে কাজ করেন, তাহলে প্রতিষ্ঠান তাঁর কাজের মূল্যায়ন করবেই। প্রতিটি প্রতিষ্ঠানের কিছু নির্দিষ্ট নীতিমালা আছে। সেসব মেনে কর্তৃপক্ষকে কর্মীর বেতন বৃদ্ধি ও পদোন্নতি দিতে হয়। আবার পেশাগত ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য প্রত্যেকের একটা পরিকল্পনা থাকে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলেও তাঁর মূল্যায়ন না হলে কর্মীর মনে অপূর্ণতা ভর করতে পারে। তখন চাইলেও হয়তো তাঁর পক্ষে সেরা কাজটুকু প্রতিষ্ঠানকে দেওয়া সম্ভব হয় না। তাই বেতন ও পদোন্নতি নিয়ে সন্তুষ্ট থাকলেই কর্মীর কাজ করার স্পৃহা বেড়ে যায়। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বুঝতে হবে। দক্ষ কর্মীর সুযোগ-সুবিধা ও সন্তুষ্টির দিকটি তাঁর সরাসরি ঊর্ধ্বতনকে আগে বুঝতে হবে।তবে কিছু কিছু প্রতিষ্ঠানে বেতন-ভাতা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মীর সঙ্গে আলোচনা অসদাচরণের পর্যায়ে পড়ে। বেতন-ভাতা নিয়ে কথা বলাটা নেতিবাচক মনে করেন কেউ কেউ। সে ক্ষেত্রে এ ধরনের আলোচনা করা যাবে না। বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতি নিয়ে ঊর্ধ্বতনের সঙ্গে খুব সতর্কতার সঙ্গে কথা বলতে হবে। তাঁর মানসিকতা কেমন, তাঁর সঙ্গে কর্মীর সম্পর্কের ধরন এবং তাঁর মন-মেজাজ বুঝে এ বিষয়ে কথা বলা যেতে পারে। বেতন-ভাতা নিয়ে কথা বলার আগে আপনার কাজ প্রতিষ্ঠানের উন্নয়নে কতটুকু অবদান রেখেছে, সেটি বিবেচনা করতে হবে। আত্মবিশ্বাস থাকতে হবে নিজের ওপর। যদি আপনার কাজ অন্য কর্মীদের সমপর্যায়ের হয়, সে ক্ষেত্রে প্রতিষ্ঠান আলাদাভাবে আপনার বেতন বাড়াতে পারবে না। কেননা, প্রতিটি প্রতিষ্ঠানেই বেতন-ভাতা বৃদ্ধির বার্ষিক বাজেট থাকে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার আগে আপনার সাম্প্রতিক কাজের একটি তালিকা সঙ্গে রাখতে পারেন। এই তালিকা স্পষ্ট, যৌক্তিক ও বিবেচনাযোগ্য হতে হবে। প্রথম আলোর মানবসম্পদ বিভাগের উপদেষ্টা কিশওয়ার এ সাঈদ বলেন, ‘কর্মীকে প্রমাণ করতে হবে যে তিনি সাধারণ বা রুটিন কাজের বাইরে প্রতিষ্ঠানের জন্য আরও কাজ করেন। আপনার যোগ্যতা, কাজের ধারাবাহিকতা ও প্রত্যাশা ঊর্ধ্বতনকে উপলব্ধি করাতে হবে। তাহলে পেতে পারেন প্রত্যাশিত বেতন-ভাতা ও পদোন্নতি।’