চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিভিন্ন বিভাগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষা বেতনের টাকা ফেরত পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত এক যুগে এ খাতে অর্ধকোটি টাকা আদায় করেছে। তবে এ প্রথা চলে আসছে দীর্ঘদিন ধরে। বিপুল পরিমাণ অর্থ ফেরত দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত দিন ধরে কোনো পদক্ষেপ নেয়নি।
তবে গত সোমবার প্রথম আলোর পক্ষ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কর্তৃপক্ষের টনক নড়ে। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাকা ফেরত নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এদিকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা কোন খাতে কিভাবে ব্যয় হয়েছে, তার কোনো সঠিক হিসাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মেধা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের প্রতি বর্ষের ৫০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরি বৃত্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় আড়াই হাজার। এ হিসাবে প্রতি বছর এক হাজার ২৫০ শিক্ষার্থী কারিগরি বৃত্তি পান। এ ছাড়া প্রতিবছর বোর্ড বৃত্তি পান গড়ে দেড় শতাধিক শিক্ষার্থী।
নিয়ম অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ পান। কিন্তু সেমিস্টারের শুরুতে নিবন্ধনের সময় অন্যান্য ফির সঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে তাঁদের শিক্ষা বেতনের টাকাও।
বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে বছরে দুবার নিবন্ধন করতে হয়। এ সময় তাঁদের অন্যান্য ফির সঙ্গে শিক্ষা বেতন বাবদ বছরে মোট ৩২০ টাকা দিতে হয়। সে হিসাবে কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত এক হাজার ৪০০ শিক্ষার্থীর কাছ থেকে প্রতিবছর শিক্ষা বেতন খাতে আদায় করে প্রায় সাড়ে চার লাখ টাকা। অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর থেকে গত ১২ বছরে এ টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় অর্ধকোটি টাকা।
আদায়কৃত এই টাকা প্রতি সেমিস্টার শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফেরত দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা ও হিসাব শাখার কর্মকর্তারা পরস্পরের ওপর দায় চাপানোর চেষ্টা করেন। একাডেমিক শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, শিক্ষা বেতনের টাকা শিক্ষার্থীদের ফেরত দিতে নিয়মিত দাপ্তরিক নির্দেশ দেওয়া হয়। পরের দায়িত্ব হিসাব শাখার। তবে হিসাব শাখার কর্মকর্তারা বলেছেন, বিপুলসংখ্যক শিক্ষার্থীকে এই টাকা কীভাবে ফেরত দেওয়া হবে, এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি একাডেমিক শাখার পক্ষ থেকে। তারা এটিকে একটি জটিল প্রক্রিয়া বলেও উল্লেখ করে।
শিক্ষার্থীদের শিক্ষা বেতনের টাকা ফেরত না দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফারুক-উজ-জামান চৌধুরী। তিনি বলেন, ‘এই টাকা হয়তো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে ব্যবহার করা হতে পারে। তবে আমি নিশ্চিত নই।’ এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি নিয়ে কথা বলেছি। এখন থেকে বর্তমান ও প্রাক্তন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রযোজনীয় তথ্যসহ আবেদন করলে, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে।’