বেতনের দ্বিগুণ বাড়ে বাড়িভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ শাকিল চট্টগ্রাম পোশাক রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (্ইপিজেড) ইয়ংওয়ান কারখানায় চাকরি করেন। ইপিজেড এলাকার শরীফ কলোনির একটি ফ্ল্যাটের মধ্যে চার পরিবারের সঙ্গে একটি কক্ষে পরিবার-পরিজন নিয়ে থাকেন। একটি কক্ষের ভাড়া তিন হাজার ২০০ টাকা। জানুয়ারি থেকে এই ভাড়া বেড়ে হয়েছে তিন হাজার ৭০০ টাকা। দিশেহারা হয়ে পড়েন শাকিল। ‘আমাদের বেতন তো বাড়েনি। যদি বাসা ভাড়াই ৫০০ টাকা বেড়ে যায়, আমরা যাব কোথায়? বেতন বাড়ে দুই-তিন শ টাকা।’শুধু শাকিল নয়, ইপিজেডের প্রত্যেক শ্রমিক এখন এই বাড়িভাড়ার যন্ত্রণায় অস্থির। শ্রমিকদের আয়ের প্রায় সব টাকাই চলে যায় বাসা ভাড়ার পেছনে। গত শুক্রবার শাকিলের মতো অন্তত পাঁচ হাজার শ্রমিক নিয়ন্ত্রণহীন বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিলেন। সাত ঘণ্টা সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। শ্রমিকেরা বাসা ভাড়ার রসিদ প্রদান, সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া আদায়সহ বিভিন্ন দাবি পেশ করেন। জানা গেছে, ইপিজেডে ১৫০টির বেশি কারখানা রয়েছে। এ ছাড়া ইপিজেডের আশপাশের এলাকা বন্দরটিলা, কলসি দীঘিরপারসহ বিভিন্ন স্থানে প্রায় ২০০ কারখানা রয়েছে। সব কারখানা মিলে শ্রমিকের সংখ্যা দুই লাখের বেশি। বেশির ভাগ শ্রমিকই কর্মস্থলের আশপাশে বাসা ভাড়া নিয়ে থাকেন। এ কারণে ওই সব এলাকায় বাসার চাহিদাও বেশি। এর সুযোগ নিচ্ছেন বাড়িওয়ালারা। আফসানা নামে বন্দরটিলা এলাকার এক শ্রমিক বলেন, ‘হঠাৎ করে বাড়িওয়ালা বলে বাসা ছেড়ে দিতে। এতে আমরা সমস্যায় পড়ে যাই। আমরা বাসা ছেড়ে দিলে নতুন ভাড়াটে ঢুকিয়ে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া সহজ হয়।’ মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদের প্রতিবছর বেতন-ভাতা বাড়ে ১০ শতাংশের মতো। এতে সর্বনিম্ন ২৩১ টাকা থেকে ছয়-সাত শ টাকা পর্যন্ত বাড়ে। যাঁরা পুরোনো শ্রমিক, কেবল তাঁদেরই সর্বোচ্চ ছয়-সাত শ টাকা পর্যন্ত বেতন বাড়ে। কিন্তু প্রতিবছর তাদের বাসাভাড়ার জন্য ক্ষেত্র বিশেষে বাড়তি ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত গুনতে হয়। বিষয়টি স্বীকার করে ইপিজেডের সোনার কটন মিলস বিডি লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) সবুজ বর্ধন (চন্দন) বলেন, ‘বেপজার নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতার চাইতে বেশি ভাড়া বাড়াচ্ছেন কিছু কিছু বাড়িওয়ালা। এ কারণে শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করেন।’সরেজমিনে দেখা গেছে, বন্দরটিলা বাজার এলাকার মো. মুজিবের পাঁচ তলাবিশিষ্ট ভবনে প্রতি তলায় দুটি করে ফ্ল্যাট। এক ফ্ল্যাটের বিভিন্ন কক্ষে বসবাস করে তিন থেকে চারটি পরিবার। এ জন্য কোনো আলাদা শৌচাগার ও রান্নাঘর নেই।চিটাগং নিট লিমিটেডের শ্রমিক মো. হিরণ মিয়ার বাড়ি নেত্রকোনায়। চার বছর ধরে ইপিজেডে কর্মরত। তিনি একটি কক্ষে অন্য আরও তিনজনের সঙ্গে থাকেন ইপিজেড-সংলগ্ন মোশারফ কলোনিতে।এই কক্ষের ভাড়াবাবদ তাঁদের গুনতে হয় আড়াই হাজার টাকা। কিন্তু জানুয়ারি থেকে তা বাড়িয়ে তিন হাজার ২০০ টাকা করা হয়েছে।হিরণ বলেন, ‘ভাই, আমার বেতন বাড়বে ২০০ থেকে ৩০০ টাকা। এখন যদি ওই টাকা বাড়তি বাড়িভাড়ায় দিয়ে দিতে হয়, তাহলে খাব কী?’নিয়ন্ত্রণহীন বাড়িভাড়া বৃদ্ধির কথা স্বীকার করলেও শ্রমিকদের এই আন্দোলনের পেছনে কোনো বড় শক্তির ইন্ধন রয়েছে বলে মনে করছে পুলিশ।এ প্রসঙ্গে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার চৌধুরী বলেন, ‘বাড়িভাড়া লাগামহীনভাবে বাড়ছে, এটা ঠিক। এ জন্য আমরা শ্রমিকদের বলেছি, বাড়িওয়ালাদের সঙ্গে তাঁদের বসিয়ে দেব। আমরা বিষয়টা ঠিক করে দেব। কিছু শ্রমিক মানতে চাইলেও অনেকে এটা না মেনে রাস্তা অবরোধের দিকে চলে যান।’ওসি আরও বলেন, ‘কোনো পক্ষ নিরীহ শ্রমিকদের বাড়িভাড়া আন্দোলনের নামে ব্যবহার করছে। তবে এই এলাকায় বাড়ির মালিকেরা কথাবার্তা ছাড়া ভাড়া বাড়িয়ে দেন।’