বেতন-ভাতা বন্ধ ৯৬ জন কর্মকর্তা-কর্মচারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাবার শিল্পের সঙ্গে জড়িত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উঁচু ভূমি বন্দোবস্তিকরণ প্রকল্পের ৯৬ জন কর্মকর্তা-কর্মচারী বেতন–ভাতা পাচ্ছেন না। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত এই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয় রাবার বিক্রির লভ্যাংশ থেকে। আন্তর্জাতিক বাজারে রাবারের দাম কমে যাওয়ায় রাবার বিক্রি থেকে লাভও হচ্ছে না। ফলে ৩ থেকে ২৮ মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছেএই প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের।
সম্প্রতি খাগড়াছড়ি সদরে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উঁচু ভূমি বন্দোবস্তিকরণ প্রকল্পের প্রধান কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের কথা বলে এই তথ্য পাওয়া যায়। প্রকল্পের কর্মকর্তারা জানান, পার্বত্য উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত এই প্রকল্পের কাজ হলো রাবার চাষ সম্প্রসারণ, উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়গুলো তদারকি করা। পার্বত্য চট্টগ্রামে রাবার চাষ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্পের প্রথম পর্যায় শুরু হয়েছিল ১৯৮০-১৯৮১ সালে। প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয় ১৯৯৩-৯৪ সালে। এরপর ১৯৯৭-১৯৯৮ সালে ৩০০ পরিবারকে রাবার বাগান সৃজনের মাধ্যমে পুনর্বাসন করার আরও একটি প্রকল্প চালু হয়। এসব প্রকল্পের জন্য বিভিন্ন ধাপে ৯৬ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ দেওয়া হয়। বর্তমানে বেতন–ভাতা না পেয়ে ২৫ জন কর্মচারী স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেছেন।
প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা আরও জানান, উঁচু ভূমি বন্দোবস্তিকরণ প্রকল্পের প্রথম পর্যায়ের ৩৯ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন–ভাতা বন্ধ ১০ মাস ধরে। দ্বিতীয় পর্যায়ের ৩৯ জন কর্মকর্তা-কর্মচারীর তিন মাস এবং ৩০০ পরিবার পুনর্বাসন প্রকল্পের ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন ২৮ মাস বন্ধ রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাবার বিক্রির লভ্যাংশের টাকা থেকে এই প্রকল্পের কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে রাবারের দাম কমে যাওয়ায় বেতন বন্ধ আছে। অন্য কোনো তহবিল থেকে বেতন দেওয়ার নিয়ম নেই। রাবার বিক্রি থেকে লাভ পাওয়া গেলে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।
উঁচু ভূমি বন্দোবস্তিকরণ প্রকল্পের প্রথম পর্যায়ের সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, ‘গত ১০ মাস আমরা ৩৯ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা পাচ্ছি না। ঋণ করে করে কোনো রকম সংসার চালাতে হচ্ছে। বেতন-ভাতা না পেয়ে ২৫ জন কর্মচারী স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেছেন। এখন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর ছাড়া আমাদের বেতন–ভাতা পাওয়ার সম্ভাবনা দেখছি না।’
দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের প্রহরী হিসেবে কর্মরত মো. হাবিবুর রহমান বলেন, ‘গত তিন মাস ধরে বেতন–ভাতা পাচ্ছি না। মানুষের কাছে আর কত ঋণ করা যায়।’
৩০০ পরিবার পুনর্বাসন প্রকল্পের সহকারী ব্যবস্থাপক সানুময় মারমা বলেন, ‘আমাদের ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন–ভাতা বন্ধ রয়েছে ২৮ মাস ধরে। বেতন–ভাতা বন্ধ এ কথা বলতেও এখন লজ্জা লাগে। যে পরিমাণ ঋণ হয়েছে বেতন পেলেও তা শোধ করা যাবে না। কবে বেতন পাব, তা–ও জানি না।’
এ বিষয়ে উঁচু ভূমি বন্দোবস্তিকরণ প্রকল্পের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক পুস্পস্মৃতি চাকমা প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতা না পাওয়ার বিষয়টি আমাকেও কষ্ট দেয়। মূলত রাবার বিক্রির টাকা থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন–ভাতা দেওয়া হতো। আন্তর্জাতিক বাজারে রাবারের দাম কমে যাওয়ায় তার প্রভাবও পড়েছে। সমস্যার জন্য অব্যবস্থাপনাও দায়ী। তবুও আমি কর্মকর্তা-কর্মচারীদের কীভাবে বেতন দেওয়া যায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’