পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধিগুণ সমৃদ্ধ বেতফল হারিয়ে যেতে বসেছে পার্বত্য চট্টগ্রাম থেকে। বন উজাড় হয়ে যাওয়ায় চিরসবুজ বনের এ ফলটি এখন বিলুপ্তির পথে। নাগরিকদের মাঝে বেতের তৈরি শৌখিন আসবাবপত্রের চাহিদা বাড়ায় এক শ্রেণীর ব্যবসায়ী বন থেকে বেত কেটে পাচার করছেন। ফলে এক সময়ের সস্তা ফল বেত এখন দুর্লভ হয়ে উঠেছে। সমপ্রতি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা খেদারমারা ইউনিয়নের শিলকাটাছড়া গ্রামে দেখা মিলেছে বেতফলের। থোকায় ঝুলতে থাকা বেতফল বা বেথুন পাকার সময় এখন। ফলের লোভে টিয়া, ময়নাসহ নানা জাতের পাখিও ছুটে আসে বলে জানান গ্রামবাসী। একসময় এই গ্রামে প্রচুর বেতগাছে বেতফল ধরত। কিন্তু এবার মাত্র একটি গাছে বেতফল ধরেছে।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম বলেন, ‘পাহাড়ি অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু বেত চাষের বেশ উপযোগী হলেও বিলুপ্ত হয়ে যাচ্ছে এই সুস্বাদু ও পুষ্টিকর ফল।’ বন বিভাগের কর্মকর্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক বনের অন্যতম প্রধান গাছ ছিল বেত। ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির পর বনজঙ্গল উজাড় হয়ে যাওয়ায় বেতও হারিয়ে যেতে শুরু করেছে। বেতের তৈরি আসবাবের চাহিদা বাড়ায় চড়া দাম দিয়ে বেত কিনে নিচ্ছেন ব্যবসায়ীরা। সমপ্রতি বেতের এই সংকট কাটিয়ে উঠতে বাঘাইছড়ি শিজক, মারিশ্যা ও বাঘাইহাটের সাড়ে ৫২ একর জায়গায় পরীক্ষামূলক বেত চাষ শুরু করেছে বন বিভাগ। খাগড়াছড়ি খেজুর বাগান হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ ওমর ফারুক বলেন, ‘একটি পূর্ণবয়স্ক বেতগাছ ৪৫ থেকে ৫৫ ফুট এমনকি তার চেয়ে বেশি লম্বা হয়ে থাকে। দেশে ছয় প্রজাতির বেতফল পাওয়া যায়। একটি থোকায় ২০০টি পর্যন্ত ফল ধরে। ফলের খোসা পাতলা ডিমের খোসার মতো। পাকা ফলের শাঁস নরম, খেতে টক-মিষ্টি।’কেবল বন বিভাগ নয় ব্যক্তি উদ্যোগেও অনেকে বেতের চারা লাগাচ্ছেন। উপজেলার ঢেবাছড়ি গ্রামের বাবুল কান্তি চাকমা তেমনই একজন। তিনি বলেন, ‘বেত দ্রুত বাড়ে। নিজের ব্যবহারের জন্য ২০০৬ সালে চারটি বেতের চারা রোপণ করেছি। ওই চারটি থেকে এখন ৬০০ গাছ হয়েছে। এখন এই বেত আমরা ব্যবহার করছি আবার বিক্রিও করছি। বেতের পাশাপাশি ফলও বিক্রি হয়।’ বন বিভাগের বাঘাইছড়ি মারিশ্যা বিট কর্মকর্তা মো. ছানাউল্লাহ বলেন, ‘বন উজার হয়ে যাওয়ায় এখন আর তেমন পাওয়া যায় না। সে জন্য বন বিভাগ বাঘাইছড়ি উপজেলার তিন স্থানে ৫০ একরের জায়গায় বেত চাষ করছে।’