
আমার বেড়ে ওঠা গ্রামে। তখনো সবার বাসায় টিভির প্রচলন হয়নি; রেডিওতেই ভরসা। যাবতীয় সংবাদ, কথিকা আর বিনোদনের মাধ্যম ছিল সেই রেডিও। বাবার খুব প্রিয় ছিল রেডিওটা। দুই ব্যান্ডের একটা রেডিও যেন আমূল এক প্রাণসঞ্চার করত মানুষটার মাঝে। চাকরি থেকে অবসরের পর সকাল-সন্ধ্যা রেডিওটাই যেন ছিল তাঁর নিত্যদিনের সঙ্গী। বাবার দেখাদেখি তত দিনে আমিও রেডিওতে মজে গেছি। ছায়াছবির গানের অনুষ্ঠান, আটটা পাঁচের খেলাধুলার সংবাদ, সাড়ে আটটার রাতের সংবাদ, ক্রিকেটের ধারাভাষ্য ছিল আমার জন্য বরাদ্দ। একদিন শুনলাম বেতারে প্রচারিত একটা নাটিকা। সপ্তাহের নির্ধারিত একটা দিন প্রচারিত হতো এই বেতার নাটিকা। বেতারে শোনা সে নাটিকাগুলো যেন আমার চোখের সামনে ভাসত। আহা! কণ্ঠের এমনো জোর হয়! প্রতি সপ্তাহে অপেক্ষা করে থাকতাম সেদিনটার জন্য। এদিকে বাবারও প্রিয় অনুষ্ঠান ছিল এটি। প্রথম কয়েক সপ্তাহ নাটিকা শুরু হলেই বাবা রেডিওটা নিয়ে যেতেন। আমার প্রচণ্ড উৎকণ্ঠায় সেই রাতটা কাটত। কিন্তু বাবাকে বলার সাহস নেই যে আমার এ অনুষ্ঠান পছন্দ। পাছে বাবা আবার রেগে যান কিংবা সে বোঝাপড়া তখনো আমাদের মাঝে তৈরি হয়নি। কিন্তু হঠাৎ একদিন আমাকে অবাক করে দিয়ে বাবা নাটিকা শুরু হতেই রেডিওটা আমাকে দিয়ে গেলেন। বলে গেলেন, ‘তোমার এ অনুষ্ঠান পছন্দ আমাকে বললেই পারতে। এরপর থেকে এ অনুষ্ঠান তুমিই শুনবে।’
আজ সেই বেতারযন্ত্র নেই। নাটিকার স্থান পেয়েছে হলিউড-বলিউড। আজ আর বাবাও নেই। এমনই জুনের এক প্রথম প্রহরে আমাদের সঙ্গে জাগতিক সব সংযোগ বিচ্ছিন্ন করে বাবা চলে গিয়েছিলেন না-ফেরার দেশে। কিন্তু বাবা যেন আমার হৃদয়ের মাঝখানে বাস করেন। তিনি যেন আমার স্বপ্নের কারিগর। পৃথিবীর সব বাবা ভালো থাকুক।
নিদেল শরিফ
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।