বেতার জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ৮০ বছর বয়সের গেরি ওয়েলস ছিলেন পেশায় রেডিও-টেলিভিশন মেকানিক। কিন্তু এই রেডিও-টেলিভিশনের কারিকুরির পাশাপাশি সংগৃহীত রেডিও বা বেতার দিয়েই নিজের বাসায় ‘গেরিস ওয়ার্ল্ড’ নামে তিনি গড়ে তুলেছেন এক বিশাল বেতার জাদুঘর। আর গেরি ওয়েলসের এই বেতার জাদুঘরটিই এখন যুক্তরাজ্যের সবচেয়ে বড় বেতার জাদুঘর হিসেবে আখ্যা পেয়েছে। জেনে নিন গেরি ওয়েলসের সেই রেডিও সংগ্রহ ও তাঁর জাদুঘরের গল্প।সময়টা তিরিশের দশক। বৈদ্যুতিক জিনিসপত্রের দিকে খুব ঝোঁক ছিল গেরি ওয়েলসের মায়ের। গেরির জন্মের পর থেকেই খেলনা হিসেবে নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক বাল্ব ও সুইচ গেরির হাতে তুলে দিতেন মা। সেই থেকেই বৈদ্যুতিক জিনিসপত্রের প্রতি একটা ভালোবাসা জন্ম নেয় গেরির মনে।গেরি যখন একটু বুঝতে শুরু করলেন, তখন পড়াশোনার বাইরের জগৎ বলতে গেরি কেবল বৈদ্যুতিক যন্ত্রপাতিকেই বুঝতেন। স্কুল থেকে ফিরেই বাসার নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো নিয়ে দিনমান খুটখাট করতেন। মাঝেমধ্যে মা-বাবার কাছে আরও পুরোনো জিনিসপত্রের আবদার করে বসত গেরি। ছেলের আগ্রহে বাদ সাধেন না গেরির মা-বাবাও। এভাবে পুরোনো সব বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে খুটখাট করতে করতে একদিন একটি রেডিও ঠিকও করে ফেলেন গেরি ওয়েলস। তারপর সযতনে পড়ার টেবিলের ওপর তা সাজিয়েও রাখেন তিনি। এর পর থেকেই পুরোনো রেডিও ঠিকঠাক করা আর তা সংগ্রহ করার নেশায় পেয়ে বসে গেরি ওয়েলসকে।গেরি ওয়েলস বড় হয়ে ওঠার পর যখন কেবল ক্যারিয়ার শুরু করবেন, তখন মা-বাবা ভেবেছিলেন, তিনিও পারিবারিক পেশা হিসেবে ব্যাংকিং কিংবা ধর্মীয় যাজকের পেশাটাকেই বেছে নেবেন। কিন্তু গেরি মা-বাবাকে হতাশ করে ছোট্ট একটি দোকান দিয়ে পুরোনো রেডিও-টেলিভিশন মেরামতের কাজ শুরু করলেন। অল্প কয়েক দিনের মধ্যে দক্ষ মেকানিক হিসেবে চারদিকে তাঁর নামডাকও বেশ ছড়িয়ে পড়ল। অনেকেই আবার পুরোনো রেডিও-টেলিভিশন মেরামত করতে দিয়ে আর নিয়ে যেতেন না। তখন গেরি ওই রেডিও-টেলিভিশনগুলো বেশ যত্ন করে রেখে দিতেন। শুধু তা-ই নয়, কাজ শেষ করে তিনি ছুটতেন পুরোনো রেডিওর নেশায়। নিজের কাজ শেষ করে শহরের প্রায় প্রতিটি দোকানে তিনি একবার করে ঢুঁ মারতেন। যদি পুরোনো কোনো রেডিও কিংবা টেলিভিশন পাওয়া যায়, এই আশায়। পুরোনো কোনো রেডিও বা টেলিভিশন পেলেই তিনি ছোঁ মেরে তা দোকানদারের কাছ থেকে নিয়ে নিতেন। এভাবে পুরোনো মডেলের রেডিও সংগ্রহ করতে করতে গেরি ওয়েলসের সংগ্রহে এখন প্রায় এক হাজার ২০০-এরও বেশি ঐতিহাসিক রেডিও আছে।জাদুঘরের ভেতর-বাহিরনিজের বাসার মোট ১৩টি ঘরে গেরি ওয়েলস তিল তিল করে গড়ে তুলেছেন তাঁর বিচিত্র বেতার জাদুঘর। প্রায় এক হাজার ২০০টিরও বেশি পুরোনো আমলের রেডিও দিয়ে পরম মমতায় সুনিপুণভাবে তিনি সাজিয়ে তুলেছেন ‘গেরিস ওয়ার্ল্ড’ বা তাঁর বেতার জাদুঘর। ঘরগুলোর মেঝে থেকে শুরু করে ছাদ পর্যন্ত সাজানো আছে রেডিওগুলো। তাঁর জাদুঘরের সব কটি রেডিও এখনো সচল অবস্থায় আছে। এই জাদুঘরে শুধু যে পুরোনো আমলের রেডিও আছে, তা নয়। রেডিওর পাশাপাশি তাঁর জাদুঘরে পুরোনো টেলিভিশন, স্পিকার ও রেডিওগ্রামও আছে বেশ। গেরি ওয়েলসের বেতার জাদুঘরে সংগৃহীত রেডিওগুলোর মধ্যে আছে ১৯৬০ সালের বুশ রেডিও, ১৯২০ সালের ক্রিস্টাল রিসিভার, ১৯৫০ সালের আলট্রা করোনেশন রেডিও এবং ১৯৪০ সালের জিইসি রেডিও। বুশ রেডিও ১৯৫৯ সালে প্রথম চালু হয়েছিল। এই ট্রানজিস্টর রেডিওটির ডিজাইন করেছিলেন হার্ডফোর্ডশায়ারের ওগলে ডিজাইন নামের একটি কোম্পানি। ১৯২০ সালের ক্রিস্টাল রিসিভার রেডিওটি পুরোনো আমলের রেডিওগুলোর মধ্যে তখন বেশ জনপ্রিয় ছিল। আর এই রেডিওটির পুরোটাই ক্রিস্টাল দিয়ে তৈরি। ১৯৪০ সালের জিইসি রেডিওটির ঐতিহাসিক গুরুত্ব অনেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর সদস্যরা এই জিইসি রেডিওটি ব্যবহার করেই খবর শুনতেন। এ ছাড়া তাঁর সংগ্রহে ১৮৯০ সালেরও রেডিও আছে।১৯৭৪ সালে পিঠের ব্যথার কারণে আর কাজ করা হয়নি গেরির। বন্ধ করে দেন দোকানটিও। তখন থেকে বাসায় বসে শুধু সংগৃহীত রেডিওগুলো ঝাড়পোঁছ করে সময় কাটান গেরি। বাড়ির বাগানের পাশেই গড়ে তুলেছেন একটি ওয়ার্কশপ। জাদুঘরের রেডিওগুলো মাঝেমধ্যে ঝামেলা করলে এই ওয়ার্কশপে বসেই তিনি রেডিওগুলো ঠিকঠাক করেন। কিছুদিন আগ পর্যন্তও গেরির এই বেতার জাদুঘরে কেউ ঢুকতে পারত না। তবে এখন সবার জন্য তা উন্মুক্ত করে দিয়েছেন তিনি। এত দিনের তিল তিল করে গড়া জাদুঘরটিকে দাতব্য প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধনও করিয়েছেন গেরি। এখন দর্শকদের সঙ্গে কথা বলে আর জাদুঘরের রেডিওগুলো নাড়াচাড়া করেই সময় কাটে অশীতিপর গেরি ওয়েলসের।ওয়েবসাইট অবলম্বনে আবু হেনা