বেতারের বহিরাঙ্গন অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ও নারীর উন্নয়ন ছাড়া সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এই কথার প্রতিধ্বনি শোনা গেল আলোচকদের কথায় ও শিল্পীদের গাওয়া গানে। বাংলাদেশ বেতারের বহিরাঙ্গন অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল এটাই। গত বুধবার ২৫ জনুয়ারি রামুর খিজারি আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও বিপদকালীন মুহূর্তে বেতার মানুষকে বিপদ মোকাবিলায় সাহস যোগায়। শিশু ও নারীর উন্নয়নেও বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে বেতার। বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী বলেন, ‘বেতার গরিব মানুষের সহজলভ্য গণমাধ্যম। সাধারণ জনগণের জন্যই এ ধরনের বহিরাঙ্গন অনুষ্ঠান।’ কক্সবাজারের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, যুগ্ম সচিব শহীদুল্লাহ মিয়া, বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক সাইমুম সরওয়ার ও জান্নাত আরা, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক, রামু ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমদ ও কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. শাহজাহান। ‘একটি শিশুর জন্ম হবে অমূল্য রতন’ সমবেত কণ্ঠে উন্নয়ন মূলক এ গানটি দিয়ে সংগীতানুষ্ঠান শুরু হয়। এর পর মানসী বড়ুয়া শোনান রবীন্দ্রসংগীত ‘আমার বেলা যে যায়...’। আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বুল বুল আকতার শুনিয়েছেন জনপ্রিয় আঞ্চলিক গান ‘বাঁকখালীর মাঝিও ভাই’ গানটি। সোনিয়া বড়ুয়া ‘বাড়ির কাছে আরশি নগর’, গোলাম মোস্তফা বাবুল ‘এক থালা ভাত’ আর পপি বড়ুয়া শুনিয়েছেন আধুনিক গান ‘কথা বল না বল’ গানটি।অনুষ্ঠানের শেষ পর্বটি ছিল অতিথি শিল্পীদের নিয়ে। ক্লোজআপ ওয়ান তারকা শিমুল দর্শক মাতালেন গান গেয়ে। একে একে গাইলেন, ‘কইলজ্জার ভিতর গাঁথি রাইখ্যুম তোঁয়ারে’, ‘এক নজর না দেখিলে বন্ধুসহ’ বেশ কয়েকটি গান। অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন, বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম ও আব্দুর শুক্কুর আজাদ। গ্রন্থনা করেন জসীম উদ্দিন। উপস্থাপনায় ছিলেন, বেতারের শামীম আক্তার ও সুনীল বড়ুয়া।