বেদখলে সোনাগাজীর মুজিব কেল্লা
প্রাকৃতিক দুর্যোগে উপকূলের মানুষের আশ্রয়ের জন্য নির্মিত সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের মুজিব কেল্লাটি পুরোপুরি দখল হয়ে গেছে। ফলে প্রাকৃতিক দুর্যোগে উপজেলার উপকূলীয় তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের আশ্রয়ের আর কোনো জায়গা রইল না। উপজেলা প্রশাসন, এলাকাবাসী ও ফেনী-৩ আসনের সাবেক সাংসদ এ বি এম তালেব আলী জানান, সোনাগাজীর চরচান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ১৯৭৩ সালে তৎকালীন সরকার তিন একর ১০ শতক জমিতে মাটি ভরাট করে প্রায় ২০ ফুট উঁচু ‘মুজিব কেল্লা’ প্রতিষ্ঠা করে। তখন বিশাল উপকূলীয় এলাকার লক্ষাধিক মানুষ বন্যা, ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে গবাদিপশুসহ এ কেল্লায় আশ্রয় নিত। পরে দুর্যোগের ঝুঁকি কেটে গেলে তারা ফিরে যেত নিজের বসতবাড়িতে। এলাকার প্রবীণ অধিবাসীরা জানান, ১৯৯১ সালের দিকে মধ্যম চরচান্দিয়া গ্রামের আবু সাঈদ ও আবুল কাশেম ভূমি কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে মুজিব কেল্লাকে পরিত্যক্ত দেখিয়ে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেন। পরবর্তীকালে ১৯৯৫ সালে তারা এলাকার পাঁচটি প্রভাবশালী পরিবারের কাছে স্ট্যাম্প মূল্যে এ বিশাল ভূমি বিক্রি করে দেন। একই গ্রামের মৃত আবিদ আলীর ছেলে মজিবুল হক, মৃত আশ্রাফ আলীর ছেলে ছেরাজুল হক ও আব্দুল হাদী, সুলতান আহাম্মদের ছেলে হাবিব উল্যাহ, সামছুল হকের ছেলে নিজাম উদ্দিন, ও মো. ইব্রাহিম ছয়-সাত বছর ধরে বসতবাড়ি তৈরি করে পুকুর কেটে কেল্লাতে বাস করছেন। যার দরুন বর্তমানে কেল্লার অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে যাচ্ছে।চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, মিজানুর রহমান, সাহাব উদ্দিন ও মো. হানিফ মিয়া জানান, ‘মুজিব কেল্লা ছিল প্রাকৃতিক দুর্যোগে আমাদের একমাত্র ভরসাস্থল। কিন্তু স্থানীয় প্রভাবশালী লোকজন এটি দখল করে নেওয়ায় প্রাকৃতিক দুর্যোগে আমাদের আর কোনো আশ্রয়স্থর রইল না।’ তাঁরা আরও জানান, দুর্যোগে কোনো আশ্রয়স্থল না থাকায় সামপ্রতিক সিডর ও আইলার সময় এ অঞ্চলের শত শত গবাদিপশু প্রাণ হারিয়েছে। এলাকাবাসী মুজিব কেল্লার দখলমুক্ত ও সংস্কারের দাবি জানান। বর্তমান দখলদার মফিজুল হক, ছেরাজুল হক, আব্দুল হাদি ও হাবিব উল্যাহ জানান, ‘এটা এক সময় মুজিব কেল্লা ছিল ঠিকই। কিন্তু আমরা আবু সাঈদ ও আবুল কাশেমের কাছ থেকে স্ট্যাম্প মূল্যে কিনে নিয়েছি।’ তাঁরা আরও জানান, এলাকাটি উঁচু ও নিরাপদ হওয়ায় তাঁরা এখানে বসতি স্থাপন করেছেন। অপরদিকে আবু সাঈদ ও আবুল কাশেম বর্তমানে প্রবাসে আছেন বলে জানা গেছে। মুজিব কেল্লা দখলের বিষয়ে চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন খোকন জানান, কেল্লা দখলমুক্ত করে পুনরায় সংস্কার করলে উপকূলীয় এলাকার আশ্রয়হীন লোকজন প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের গবাদিপশু নিয়ে নিরাপদে এ কেল্লায় আশ্রয় নিতে পারবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম গালিভ খান জানান, ‘আমরা এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহির রায়হান প্রথম আলোকে জানান, সোনাগাজীর দক্ষিণাঞ্চল অনেকটাই অরক্ষিত। সেখানে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই। মুজিব কেল্লাটি ছিল তিন উপকূলীয় ইউনিয়নের মানুষের ভরসাস্থল। আমরা কেল্লা দখলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’