বেদনার কথা জানাবেন তাঁরা প্রধানমন্ত্রীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে হারানোর শোক বুকে চেপে বেঁচে আছেন মো. রুবেলের মা শামসুন্নাহার ও মো. ফোরকানের মা ফেরদৌস বেগম প্রথম আলো
ছেলে হারানোর শোক বুকে চেপে বেঁচে আছেন মো. রুবেলের মা শামসুন্নাহার ও মো. ফোরকানের মা ফেরদৌস বেগম প্রথম আলো

‘প্রধানমন্ত্রী আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারবেন না। কিন্তু তাঁর কাছে নিজের বেদনাটুকু খুলে বলে হালকা হতে চাই। তিনিও তো স্বজন হারিয়েছেন। স্বজন হারানোর বেদনা তিনি বুঝতে পারবেন।’ এ বছরের ১১ এপ্রিল ফটিকছড়ির ভূজপুরে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে সন্ত্রাসী হামলায় নিহত মো. ফোরকানের মা ফেরদৌস বেগম একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভূজপুরে জনসভায় ভাষণ দেবেন। জনসভার এক ফাঁকে সেদিনের তাণ্ডবে নিহত মো. ফোরকানসহ তিন ব্যক্তির স্বজনেরা দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। নিজেদের বেদনার কথা তুলে ধরার পাশাপাশি তাঁরা সেদিনের ঘটনার বিচারও চাইবেন।
উল্লেখ্য, ভূজপুরে সেদিনের হামলার সঙ্গে জামায়াত-শিবির, বিএনপি ও হেফাজতে ইসলামের কর্মীরা যুক্ত ছিলেন বলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাবি করেন। সেদিনের হামলায় তিন ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছিলেন অর্ধশতাধিক নেতা-কর্মী। পুড়িয়ে দেওয়া হয়েছিল দেড় শতাধিক মোটর সাইকেল ও গাড়ি।
কেমন আছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা? জানতে চাইলে নিহত মো. ফোরকানের মা কেবল চোখ মোছেন। বলেন, ‘ও বাজারে গিয়েছিল মোবাইল ঠিক করতে। কে জানত, আর কখনো বাড়ি ফিরবে না!’
নিহত আওয়ামী লীগ নেতা ফারুক ইকবালের স্ত্রী সানজিদা আরেফিন এক মুহূর্তের জন্যও ভুলতে পারেননি স্বামীকে। ছয় বছরের নাহিয়ান ও আড়াই বছরের তাজরিয়ান ছিল বাবার চোখের মণি। যতক্ষণ বাড়িতে থাকতেন, সন্তানদের নিয়ে মেতে থাকতে পছন্দ করতেন তিনি। বাবাকে হারিয়ে দুই সন্তান এখন নির্বাক প্রায়। তাদের সব আনন্দ মিলিয়ে গেছে। সানজিদা কান্নাজড়িত গলায় বলেন, ‘মা হয়ে এই কষ্ট আমি কীভাবে সহ্য করি! তবে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেলে কষ্ট কিছুটা হলেও কমবে।’
নিহত অপর ব্যক্তি মো. রুবেলের মা শামসুন্নাহারের পরিবারের ভরণ-পোষণ করছেন তাঁর ভাই জাহাঙ্গীর আলম। শামসুন্নাহার বলেন, ‘বন্ধুদের পাল্লায় পড়ে সেদিন হরতালবিরোধী মিছিলে যোগ দিতে গিয়ে প্রাণ হারায় রুবেল। ওর মৃত্যুর পর আমার পরিবারের আর্থিক দুর্দশা বেড়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে অন্তত একটা ব্যবস্থা তিনি করবেন।’
আহত ব্যক্তিরাও সেদিনের ঘটনার সুবিচার চান। নানুপুর গ্রামের মোরশেদ হোসেন বলেন, ‘বিএনপি, জামায়াত-শিবির ও হেফাজতের বর্বর হামলার কথা মনে হলে এখনো শিউরে উঠি। প্রধানমন্ত্রী এখানে এসে সে পরিস্থিতি নিজ চোখে দেখবেন।’
সেদিনের ঘটনায় আহত জাফতনগর ইউনিয়নের বাসিন্দা রফিক উদ্দিন বলেন, ‘যেসব নেতা-কর্মী সেদিন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে আমরা আশা করছি।’ লেলাং ইউনিয়নের আরেক আহত আওয়ামী লীগ কর্মী মো. জসিম উদ্দিন ১১ এপ্রিল দিনটিকে ‘ভূজপুর তাণ্ডব দিবস’ ঘোষণার দাবি জানান।
হরতালবিরোধী মিছিলের নেতৃত্বদানকারী সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘ভূজপুরের ঘটনায় আহত এবং নিহত ব্যক্তির স্বজনেরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তাদের সম্মানে সভাস্থলে আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। এ ছাড়া তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনাধীন।’