বেনজীরের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনজীর শামস
বেনজীর শামস

গল্পের বই যেমন তাঁকে টানে, পাহাড়-সমুদ্র তাঁকে আরও বেশি টানে। তাঁর মা ছিলেন শিক্ষক। স্কুলের শিক্ষকতা ছেড়ে মাকে ব্যস্ত হয়ে পড়তে হয় ছয় মেয়ের শিক্ষা নিয়ে। সেই ছয় মেয়ের কনিষ্ঠ বেনজীর, হেঁটেছেন মায়ের দেখানো পথেই। বেছে নেন শিক্ষকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরুর কিছুদিনের মধ্যেই পা রাখেন কানাডায়। বর্তমানে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়াতে জনসংখ্যা ও জনস্বাস্থ্য নিয়ে মাস্টার্স করছেন বেনজীর শামস। পাশাপাশি কাজ করছেন কলম্বিয়ার শিশু ও নারী হাসপাতালের নিউরোসায়েন্স ও শিশু স্বাস্থ্য ল্যাবে। সেখানে গবেষক হিসেবে কাজ করেন তিনি।
শিশুদের শৈশবকালীন স্থূলতা দূর করতে পুষ্টিকর খাদ্যাভ্যাস নিয়েই গবেষণা তাঁর। বেনজীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিষয়ে। অনার্স ও মাস্টার্স দুই পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন বেনজীর।
বাবা প্রকৌশলী এ কে এম শামসুদ্দীন ও মা মনোয়ারা বেগম। স্কুল আর কলেজে ছবি আঁকার জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন বেনজীর। নাচ, গান আর আবৃত্তি দিয়েও সাংস্কৃতিক যেকোনো অনুষ্ঠানে অংশগ্রহণ থাকতই বেনজীরের। ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজের এই প্রাক্তনীর কলেজজীবনে প্রিয় কাজ ছিল বিজ্ঞান মেলায় অংশ নেওয়া। ২০১০-১১ বর্ষে বাংলাদেশ সরকারের জাতীয় বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ফেলোশিপ এসআইসিটি নির্বাচিত হন তিনি। আগামী আগস্টে পড়াশোনা শেষে দেশে ফিরে জনস্বাস্থ্য নিয়ে কাজ শুরু করতে চান।
বেনজীর জানান, ‘বিদেশের চেয়ে বাংলাদেশেই কাজের সুযোগ বেশি। জনস্বাস্থ্য নিয়ে পশ্চিমারা বাংলাদেশে কাজ করেন। আমি কেন বিদেশে পড়ে থাকব। পড়া শেষেই দেশে ফিরে কাজ শুরু করব।’
দেশে-বিদেশে বিভিন্ন জায়গা ঘুরতে ভীষণ পছন্দ করেন তিনি। পড়াশোনা শুধু বইয়ের মধ্যে নয়; ঘোরাঘুরি, সমুদ্রে সাঁতরানো, সমুদ্রের পাড়ে সূর্যাস্ত দেখা, নতুন বন্ধু বানানোর মধ্যে জীবনের ভিন্ন আনন্দ খুঁজে পাওয়া যায় বলে বিশ্বাস করেন বেনজীর। তাঁর ভাষ্যে, ‘চারপাশে তাকালেই জীবনকে নতুন করে রাঙানো যায়। প্রকৃতির মধ্যে জীবনকে আলোকিত করার সব উপাদান আছে বলেই এত ঘুরি আমি। আমি ঘুড়ি হয়ে উড়তে চাই আজীবন। সফল হতে চাই না, সাফল্যের পথে ছোটার ভ্রমণকে উপভোগ করে যেতে চাই।’