বেনারসি বাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ভিড় জমেছে ঢাকার মিরপুর ১১ নম্বরে বেনারসি পল্লিতে। জমকালো শাড়ির খোঁজে ক্রেতারা আসছেন এখানে। বেনারসি কুঠির স্বত্বাধিকারী আবদুল রউফ বলেন, ‘ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারে বেনারসি শাড়ি। তাই তো স্বাধীনতার পর বেনারসির ব্যবসা শুরু করে আজও সদর্পেই পথ চলছি।’ তিনি আরও জানান, এবারের ঈদে বেনারসির নাম, ডিজাইন আর রঙের ক্ষেত্রে এসেছে পরিবর্তন, এসেছে নতুনত্বের ছোঁয়া। গাঢ় রঙের বেনারসি কাতান যেমন আছে, তেমনি আছে হালকা রঙের শাড়ি। হাড্ডি সিল্ক, র-সিল্ক, কাঞ্চি ভরম, গাদোওয়াল ইত্যাদি। কেনা যাবে ২০০০-৩৭০০০ টাকার মধ্যে। তবে বেনারসি কাতানের মধ্যে যে শাড়ির ওজন কম, তার দাম একটু বেশি। আর কম ওজন হলেও জারদৌসির কাজ কিন্তু কম নয়। সুতার সঙ্গে জরি, পুঁতি আবার কারচুপির কাজ করা শাড়িও মিলবে। সিল্ক সুতার বেনারসি যাঁরা পরতে চান না, তাঁদের জন্য রয়েছে জুট নেট বেনারসি আর মারসেলাইস নকশি কাঁথা কাজের শাড়ি। সিল্ক না বলে হেলা করার কারণ নেই। পুরোদস্তুর সোনালি সুতা দিয়ে ভারী পাড়ের বুনন রয়েছে এসব শাড়িতে। তাই ঈদের পোশাক হিসেবে দিব্যি মানিয়ে যায়। ঢাকার গুলশান থেকে এখানে শাড়ি কিনতে আসা ফৌজিয়া বলেন, ‘ঈদে সবাইকে উপহার দিতে বেনারসি কাতান কিনলাম। রং আর কাজের বৈচিত্র্যের কারণে সব বয়সের নারীরাই পরতে পারেন এই শাড়ি। আর বেনারসি কাতান তো ঐতিহ্যেরই অংশ।’শাড়িতেই এখানে শেষ নয়। যাঁরা শাড়ি পরেন না, তাঁদের জন্য মিলবে সেলাই ছাড়া থ্রি-পিস। ঈদের আগে পছন্দমাফিক ফরমায়েশ দিয়ে বানিয়ে নিতে পারেন সালোয়ার-কামিজ। সেলাই ছাড়া থ্রি-পিস কাপড়ের রং আর নকশার ভিন্নতার কারণে দামও ভিন্ন হয়। কেনা যাবে ২৫০০-৩৮০০ টাকার মধ্যে। বেনারসি কুঠির তিনটি শাখাসহ বেনারসি পল্লির অন্যান্য দোকানেও মিলবে পছন্দের কাতান বেনারসি।