বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া গতি, চালকের গাফিলতি ও সড়কের দুরবস্থার কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে। গত ছয় মাসে এ এলাকায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এর মধ্যে গত দুই মাসেই মারা গেছে ১৮ জন। এসব ঘটনায় শতাধিক ব্যক্তি আহতও হয়েছে।
হঠাৎ করে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার পেছনে চালকদের বেপরোয়াভাবে ও অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো, চালকের অবসাদ, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং ট্রাফিক আইন যথাযথ অনুসরণ না করা কারণ হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ বিভাগ। তবে এর মধ্যে যানবাহনের বেপরোয়া গতিই দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানান পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সীতাকুণ্ড হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাসে সড়ক দুর্ঘটনার কারণে মামলা হয়েছে ১৫টি। এসব মামলার তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে ১১ জন ও আগস্ট মাসে সাতজন মারা গেছে। আহত হয়েছে আরও ২৬ জন। তবে এই তালিকার বাইরে গত দুই মাসে আরও সাতজন নিহত হয়েছে বলে পুলিশ জানায়। এসব ঘটনায় মামলা না হওয়ায় নিহত ব্যক্তিদের নাম পুলিশের নথিতে ওঠেনি।
গত ছয় মাসে সীতাকুণ্ডের পোর্ট লিংক রাস্তার মাথা, ভাটিয়ারি, মাদামবিবির হাট, কেডিএস লজিসটিকস গেট, রয়েল সিমেন্ট এলাকা, ছোট কুমিরা, গুল আহমদ জুট মিল এলাকা, সুলতানা মন্দির, পিএইচপি গ্লাস ফ্যাক্টরি ও পান্থছিলা বাজার এলাকায় দুর্ঘটনা বেশি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সুলতানা মন্দির এলাকায়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও খানাখন্দের কারণে গত দুই মাসে দুর্ঘটনা বেড়েছে। এসব দুর্ঘটনার পর মামলা হয় কি না, জানতে চাইলে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, প্রচলিত আইনে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির পরিমাণ কম। এ ছাড়া মামলা নিষ্পত্তিতেও সময় লাগে বেশি। তাই অনেকে মামলা না করে গাড়ির মালিকের সঙ্গে সমঝোতা করেন। এ কারণে দায়ী চালক পার পেয়ে যান এবং দুর্ঘটনাও কমে না।
এদিকে দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশ বর্তমানে গাড়ির গতিমাপক যন্ত্র স্পিডগান ব্যবহার শুরু করেছে বলে জানা গেছে। গতিমাপক যন্ত্রের সাহায্যে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে চলতে থাকা যানবাহনকে শনাক্ত করে মামলা করছে হাইওয়ে পুলিশ। এ বিষয়ে হাইওয়ে পুলিশের সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন শিকদার বলেন, ‘গত রোজার ঈদের ছুটির তিন দিন ২৯ থেকে ৩১ জুলাই রাস্তা ফাঁকা ছিল। এ সময় দুর্ঘটনাও বেশি ঘটেছে। এসব দুর্ঘটনায় সাতজন মারা গেছে। রাস্তা ফাঁকা থাকলেই দুর্ঘটনা বেশি ঘটে। এর কারণ যানবাহনের বেপরোয়া গতি। তাই আমরা এখন স্পিডগান ব্যবহার করে গতিসীমা লঙ্ঘনকারী চালকদের মামলা দিচ্ছি।’