বেপরোয়া গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৮ জুন ২০১৬। মামার বাসায় ছিলাম। বিকেলের দিকে বের হয়েছি একটু ঘোরাফেরা করতে। পশ্চিম আকাশে তখন সূর্য ডুবে যাওয়ার পাঁয়তারা করছে। কাজল শাহ সড়কের ফুটপাত ধরে স্টেডিয়ামের দিকে হাঁটছি। হঠাৎ মুঠোফোনের কাঁপুনি অনুভব করলাম। আমার বাল্যবন্ধু উত্তমের ফোন। রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। আচমকা এক ঝোড়ো হাওয়া কোথা থেকে ধেয়ে এল, তখনই আমার দৃষ্টি চলে গেল রাস্তার ওপর।

একটি গাড়ি বেপরোয়া গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আসছে। সামনে আরেকটি গাড়ি রাস্তা ক্রস করছিল, তাই ওই গাড়িটি তার গতিতে যতি টেনে আমার সামনে দাঁড়িয়ে পড়ল। গাড়িটি আমার চোখের সামনে দৃশ্যমান ছিল আনুমানিক ২০ সেকেন্ড। কিন্তু আমার বুঝতে ১ সেকেন্ড লেগেছিল যে এই ২০ সেকেন্ডের দৃশ্য আমি সারা জীবনেও স্মৃতি থেকে মুছতে পারব না। গাড়িটির ছোট্ট জানালা দিয়ে দেখতে পেলাম একটি মেয়ে—দীঘলকালো এলো চুল, ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যেও একটি ঘোরলাগানো হাসি, যা বুকের মধ্যে অনায়াসেই মোচড় দেয়। পুবালি বাতাস জানালা দিয়ে গাড়িতে প্রবেশ করে স্পর্শ করছে তার চুল। বাতাসে উড়ন্ত চুলগুলো তার সৌন্দর্যকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়। এত লাবণ্যময় চেহারার মেয়ে আমি কখনো দেখেনি। সেই ঘুমিয়ে থাকা মেয়েটি যখন গোধূলিবেলায় বাসার ছাদে এসে দাঁড়াত, জানি না চারপাশটা কতটুকু মায়াবী রূপ ধারণ করত কিংবা ছাতা হাতে বিদ্যুৎ চমকানো বাদলবেলায় সে যখন ধীরপায়ে বাসায় ফিরত, আশপাশের সবাই হয়তো কিছু সময়ের জন্য হারিয়ে যেত এক অজানা স্বপ্নের দেশে। নিশ্চয়ই একটা দেখার মতো ব্যাপার হতো!

একসময় অ্যাম্বুলেন্সটি আবার আগের গতিতে চলতে শুরু করল। বুকের মধ্যে রেখে গেল এক চিনচিনে ব্যথা।

রাজিব

সমাজকর্ম বিভাগ

শাবিপ্রবি, সিলেট।