বেরলুসকোনির বিদায়
অবশেষে পদত্যাগ করলেন ইতালির বহুল আলোচিত প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। কয়েক দিন আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, গত শনিবার পদত্যাগ করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা এই নেতা। তিন মেয়াদে ১৭ বছর সরকারপ্রধান ছিলেন বেরলুসকোনি। এদিক থেকে বিবেচনা করলে বিচিত্র চরিত্রের এই নেতার বিদায় ইতালির ইতিহাসে একটি অধ্যায়ের সমাপ্তি। তবে সরকারে নেই বলেই যে বেরলুসকোনি পাদপ্রদীপের আলোর বাইরে ছিটকে পড়ছেন, তা নয়। এই সাবেক প্রধানমন্ত্রী এখনো দেশের শীর্ষস্থানীয় ধনীদের একজন। ব্যবসাসংক্রান্ত সাময়িকী ফোর্বস-এর তথ্যমতে, ৭৫ বছর বয়সী বেরলুসকোনি ও তাঁর পরিবারের সদস্যরা ৯০০ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদের মালিক। এই বিত্তবৈভবের বদৌলতে রাজনীতিতে তাঁর নেপথ্য ভূমিকা বহাল থাকতে পারে। রাজনীতিতে লড়াকু নেতার সুনাম অর্জন করেছিলেন। বহু দুর্যোগ-দুর্বিপাক ঝেড়ে ফেলে এগিয়ে গেছেন। অন্যদিকে বুদ্ধি ও বিচক্ষণতা মিলিয়ে গড়ে তুলেছেন বিশাল এক বাণিজ্য সাম্রাজ্য। সংবাদমাধ্যম, বিজ্ঞাপন, বিমা, খাদ্য ও নির্মাণ ব্যবসায় সদর্পে বিচরণ করেছেন বেরলুসকোনি। কিন্তু নেতা হিসেবে একদা যে সাফল্যের আলোয় স্নাত হয়েছিলেন, বিদায়বেলায় তার প্রায় পুরোটাই ছিল অনুপস্থিত।২০০৮ সালে নতুন করে ক্ষমতায় আসার পর থেকেই সময় ভালো যাচ্ছিল না বেরলুসকোনির। সংকটে পড়ে খাবি খেতে থাকে দেশের অর্থনীতি। ভাটার টান শুরু হয় দেশের প্রবৃদ্ধিতে। জাতীয় ঋণের বোঝা গিয়ে দাঁড়ায় ২ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে। এ সমস্যা কাটাতে বেরলুসকোনির সরকার কৃচ্ছ্রসাধনের পদক্ষেপ নিয়েও সফল হতে পারেনি। বিভিন্ন সময়ে যৌন কেলেঙ্কারিসহ আরও কিছু অনভিপ্রেত ঘটনা তাঁর জনপ্রিয়তায় ধস নামায়। শেষ পর্যন্ত অর্থনীতির চরম সংকট তাঁর বিদায় নিশ্চিত করে। ইউরোজোনের ঋণসংকটের চাপ ইতালির ওপর এসে ভর দিতেই আসন টলে ওঠে বেরলুসকোনির। ৮ নভেম্বর পার্লামেন্টের ভোটে সংখ্যাগরিষ্ঠতা হারান তিনি। এরপর তাঁর পদত্যাগের বিষয়টি ছিল সময়ের ব্যাপার মাত্র। ১৯৩৬ সালের ২৯ সেপ্টেম্বর ইতালির মিলানে জন্মগ্রহণ করেন বেরলুসকোনি। ১৯৬১ সালে আইনে স্নাতক হন। ব্যবসায় ভাগ্য পরীক্ষা করবেন বলে বিপণনেও অনার্স করেন। এরপর এদিলনর্দ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান খোলেন। অল্প দিনেই আবাসন ব্যবসায়ী হিসেবে মিলানে প্রতিষ্ঠা পান যুবক বেরলুসকোনি। এভাবেই তরতর করে উঠতে থাকেন সাফল্যের সিঁড়ি বেয়ে। ১০ বছর পর মিলানে তিনি চালু করেন স্থানীয় কেব্ল টেলিভিশন প্রতিষ্ঠান টেলিমিলানো। এটি এখন ইতালির সংবাদমাধ্যমের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ‘মিডিয়াসেট’। ইতালির সবচেয়ে বড় প্রকাশনা সংস্থা মনদাদোরির মালিকও বেরলুসকোনি। ইতালির অন্যতম শীর্ষস্থানীয় পেশাদার ফুটবল ক্লাব এসি মিলানসহ অনেক সমিতি ও প্রতিষ্ঠান রয়েছে এর আওতায়।১৯৯৩ সালে বেরলুসকোনি নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। দলের নাম দেওয়া হয় ‘ফরজা ইতালিয়া’ (এগিয়ে যাও ইতালি)। পরের বছরই প্রধানমন্ত্রী হন বেরলুসকোনি। ডানপন্থী দল ন্যাশনাল অ্যালায়েন্স ও নর্দার্ন লিগের সঙ্গে মিলে জোট সরকার গঠন করেন তিনি। কিন্তু তিনজন শীর্ষস্থানীয় নেতার মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব জটিল পরিস্থিতি তৈরি করে। তা ছাড়া বেরলুসকোনির বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। এর জের ধরে সাত মাস পরই পতন ঘটে সরকারের। ১৯৯৬ সালের নির্বাচনে বামপন্থী নেতা রোমানো প্রদির কাছে হেরে যান বেরলুসকোনি। ২০০১ সালে আবার ফিরে আসেন ক্ষমতায়। আবার পুরোনো মিত্রদের সঙ্গে মিলে জোট সরকার গড়েন। এক দশক পর আবার সেই প্রদির কাছেই হেরে যান। আবার ক্ষমতায় আসেন ২০০৮ সালে। ক্ষমতায় থাকাকালে বারবার বিভিন্ন অভিযোগ উঠেছে বেরলুসকোনির বিরুদ্ধে। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হচ্ছে অর্থ আত্মসাৎ, কর ফাঁকি ও মিথ্যা বিবরণী দেওয়া। তিনি সব সময় এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। আদালত কখনো তাঁকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করতে পারেনি। ২০০৯ সালে বেরলুসকোনির দেওয়া তথ্য অনুযায়ীই, ২০ বছরের বেশি সময়ে ১০৬টি মামলায় দুই হাজার ৫০০ বার আদালতে হাজিরা দিয়েছেন তিনি। বেরলুসকোনির রাজনৈতিক জীবনে সবচেয়ে বিপর্যয়ের বছর হচ্ছে ২০১০ সাল। এ সময় আইনি ঝামেলা ও ব্যক্তিগত জীবনের কেলেঙ্কারির ঘটনা বেশ বেকায়দায় ফেলে তাঁকে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কেলেঙ্কারি হচ্ছে কারিমা এল মাহরুগ ওরফে রুবি নামের এক মরোক্কান তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ। ২০১০ সালের অক্টোবরে জোরালো গুঞ্জন ওঠে, ১৭ বছর বয়সে চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া রুবিকে ছেড়ে দিতে পুলিশকে ফোন করেছিলেন বেরলুসকোনি। রুবি প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ পার্টিতে উপস্থিত থাকতেন বলে জানা যায়। তাঁর সঙ্গে সম্পর্কের কারণেই অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে বেরলুসকোনির বিরুদ্ধে। উভয়েই অবশ্য ওই অভিযোগ নাকচ করেছেন। রুবিকে ছাড়িয়ে নেওয়ার জন্য বেরলুসকোনির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও আনা হয়। সবকিছুর পরও সিলভিও বেরলুসকোনিকে সার্বিকভাবে একজন সফল ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিতেই হবে। বিশেষ করে, একটি নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে এতদূর উঠে আসায়। খেটে কোনো কিছু পাওয়ার বিষয়টি শৈশব থেকে রপ্ত করেছিলেন তিনি, যা পরবর্তী সময়ে তাঁর পেশাগত জীবনের উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখে। বেরলুসকোনি যখনই যা কিছু করেছেন, পুরোনো বন্ধুদের সব সময় কাছে রেখেছেন। এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘একজন বাদে হাইস্কুলের সব বন্ধু এখনো আমার সঙ্গেই আছে।’বেরলুসকোনি সম্পর্কে ইতালির অন্যতম সেরা রাজনীতিবিজ্ঞানী জোভান্নি সারতোরির মন্তব্য হচ্ছে, ‘তাঁর মতো চতুর মানুষ বিরল। শূন্য থেকে তিনি শুরু করে এত দূর পৌঁছেছেন। সমস্যা সমাধান না করে জিইয়ে রাখার ক্ষমতা তাঁর সহজাত। যেকোনো বিষয় নিজের অনুকূলে নিয়ে আসতে জানেন তিনি। অর্থনৈতিক সংকটের সময় তিনি এমন ভাব দেখিয়েছেন যে দায়িত্ব সুচারুভাবেই পালন করেছেন। আর এই সংকট যেন মোটেই তাঁর কারণে হয়নি।’সারতোরি আরও বলেন, কৌশলের খেলায় কেউ বেরলুসকোনিকে কখনো হারাতে পারবে বলে মনে করেন না তিনি। তাঁর মতে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার খেলায় হেরে গেলেও বেরলুসকোনি এখনো নিছক দর্শকে পরিণত হননি।ইতালির রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ আরএআইয়ের সাবেক প্রেসিডেন্ট লুসিয়া আনুনজিয়াতা টিভিতে বেরলুসকোনি সম্পর্কে মন্তব্য করেছে, ‘মৃত গাধার ব্যাপারে সাবধান! কারণ সে দেখতে মরা মনে হলেও হয়তো মরা নয়। বাগে পেলে ঝেড়ে লাথি হাঁকাতে কসুর করবে না।’ কাজেই বেরলুসকোনির পক্ষে হয়তো তাঁর অসাধারণ চাতুর্য কাজে লাগিয়ে ভবিষ্যতে হারানো পদে ফিরে আসা বিচিত্র নয়।মাইলফলক১৯৯৩: নিজ রাজনৈতিক দল ‘ফরজা ইতালিয়া’ প্রতিষ্ঠা করেন। বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানের ভক্তদের গানের কলি অনুসরণে এ নাম দেওয়া হয়। বেরলুসকোনিই এসি মিলানের মালিক। ১৯৯৪: প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ন্যাশনাল অ্যালায়েন্স ও নর্দার্ন লিগের সঙ্গে মিলে জোট সরকার গঠন করেন।১৯৯৬: রোমানো প্রদির কাছে নির্বাচনে হেরে যান। ২০০১: ক্ষমতায় ফিরে এসে সাবেক শরিকদের সঙ্গে মিলে সরকার গঠন করেন। ২০০৬: নির্বাচনে রোমানো প্রদির কাছে আবার পরাজয়। ২০০৮: সাধারণ নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এরপর কী?পদত্যাগ করার পর বেরলুসকোনি বলেন, ‘রাজনৈতিক দৃশ্যপট থেকে আমার প্রস্থান ঘটেছে মনে করে যারা উল্লাস করছে, তাদের স্পষ্টভাবে বলতে চাই, ইতালির প্রতিষ্ঠানগুলোর নবায়নে পার্লামেন্টে দ্বিগুণ জোরালো করব আমার অঙ্গীকার। আমি হালও ছাড়ব না।’প্রধানমন্ত্রিত্ব গেলেও বেরলুসকোনি এখনো একজন পার্লামেন্ট সদস্য। এতে এখনো রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকার যথেষ্ট সুযোগ রয়েছে তাঁর। সে ক্ষেত্রে জুতসই জায়গায় প্রভাব খাটাতে তিনি কার্পণ্য করবেন না। বিশ্লেষকদের মতে, বেরলুসকোনি এখন নিজের দলকে পুনরুজ্জীবিত করার ভূমিকা নিতে পারেন। নতুন সরকারকে দাঁড় করাতে পারেন জবাবদিহির মুখে। চলমান অর্থনৈতিক সংকট নতুন সরকার কীভাবে মোকাবিলা করে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বেরলুসকোনি। তারপর ঝোপ বুঝে তাঁর কোপ মারার সম্ভাবনা খুব জোরালো।আবার একেবারেই অন্য রকম ব্যাপারও ঘটতে পারে। বিভিন্ন অভিযোগে বেরলুসকোনির বিরুদ্ধে একগাদা মামলা ঝুলছে আদালতে। সব অভিযোগই তিনি অস্বীকার করেছেন। এর পরও কোনো মামলায় অভিযুক্ত হয়ে তাঁর কারাগারে ঢোকাও অসম্ভব নয়।