২০১০ সালের ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর কাতার, ইতালি, ফ্রান্স হয়ে আমার বেলজিয়ামের প্রবাস জীবন শুরু ২৭ সেপ্টেম্বর। প্রবাস জীবনের নানা ব্যস্ততার মধ্যেও এই সময়টা ঘুরে বেড়িয়েছি বেলজিয়ামের বিশ্বখ্যাত ডায়মন্ডের শহর এন্থারপেন, ক্যাথলিক ইউনিভার্সিটির শহর লুভেন, মোজ নদীর শহর লিয়েজ, সমুদ্রসৈকতের শহর অস্টেন্ড আর সম্রাট নেপোলিয়নের যুদ্ধে পরাজয়ের স্থান ওয়াটার লু। ১৮১৫ সালের ১৮ জুন ওয়াটার লু যুদ্ধেই ব্রিটিশ সেনাপতি ডিউক অব ওয়েলিংটনের কাছে পরাজিত হয়েছিলেন ফরাসি সেনানায়ক সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। বেলজিয়াম দেশটা সম্পর্কে একটু বলি।বাংলাদেশের চেয়ে ছোট দেশ বেলজিয়াম। আয়তন মাত্র ৩০২৫৮ কিলোমিটার। জনসংখ্যা ১ কোটি। প্রতি কিলোমিটারে বাস করে ৩৩৪ জন। এখানকার ৯৭ শতাংশ লোকই শহরে বাস করে। বেলজিয়াম, নেদারল্যান্ড আর লুক্সেমবুর্গ মিলে গঠিত হয়েছিল বেনিলুক্স। আমার বসবাস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। ইউরোপের রাজধানীও ব্রাসেলস। ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান পার্লামেন্ট ও ন্যাটোর নর্থ আটলান্টিক ট্রিয়েটি অর্গানাইজেশন সদর দপ্তর অবস্থিত এই শহরে। প্যারিস শহরের প্রতীক যেমন আইফেল টাওয়ার, তেমনি ব্রাসেলস শহরের প্রতীক অ্যাটোমিয়াম। অ্যাটোমিয়াম হচ্ছে বেলজিয়ামের নয়টি প্রদেশের প্রতীক সংবলিত একটা সায়েন্টিফিক টাওয়ার। অ্যাটোমিয়াম দেখতে অনেকটাই প্রথম আলোর ফিচার পাতা বিজ্ঞান প্রজন্মের লোগোর মতো। ইউরোপের অনেক দেশের মতো এখানেও আছে বেলজিয়াম গেট, আর আছে বিখ্যাত মানেকান পিস। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আবিষ্কর্তা বেলজরা। যদিও ওরা ফ্রেঞ্চ ফ্রাই বলতে নারাজ, ওরা বলে বেলজিয়াম ফ্রাই। এদের প্রায় সব খাবারের তালিকাতেই থাকে বেলজিয়াম ফ্রাইয়ের আধিক্য। চকলেটের অনন্য স্বাদ ও উচ্চ মানের উৎপাদনের জন্যও বিখ্যাত বেলজিয়াম। ইউরোপিয়ানদের প্রিয় পানীয় বিয়ারের উন্নত সংস্কৃতি আছে বেলজিয়ামের। প্রচুর পরিমাণে চকলেট, কফি আর বিয়ার খায় বেলজরা। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের লোক বসবাস করে বেলজিয়ামে। এককথায় মাল্টিকালারের দেশ বেলজিয়াম। পাঁচ হাজার প্রবাসী বাংলাদেশি বাস করে এখানে। বেশির ভাগ বাংলাদেশির আছে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন প্রবাসে থাকলেও সবারই মন পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। ইব্রাহিম খলিলুল্লাহব্রাসেলস, বেলজিয়াম থেকে[email protected]