বেলা খান ও কল্পনা লালাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী সাগর চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘আমি জেনে শুনে বিষ করেছি পান’-এর মধ্য দিয়েই শুরু হয় হূদয়ের আঙিনায় সুরের ছোঁয়া শিরোনামে সম্মাননা ও সংগীতানুষ্ঠান। আনন্দ সাংস্কৃতিক অঙ্গন আয়োজিত এ অনুষ্ঠান থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২৪ অক্টোবর সন্ধ্যা সোয়া সাতটায় অনুষ্ঠিত হয়। এতে সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ বেতার ও চলচ্চিত্রশিল্পী বেলা খান ও কল্পনা লালা।এইচএমভি রেকর্ডিং থেকে ১৯৬৮ সালে বাবা হেফাজেতুর রহমান খান রচিত এবং সত্য সাহার সুরে শিল্পী বেলা খানের গাওয়া ছয়টি গান নিয়ে রেকর্ড/ অ্যালবাম বের হয়। সে সময় ওই রেকর্ড বিক্রির সর্বাধিক সম্মানী পান তিনি। আর কল্পনা লালা আশির দশকে দিন দুনিয়া এবং রেশমী চুড়ি চলচ্চিত্র দুটিতে গান করেন। এই গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এ দুজন বিখ্যাত শিল্পীকে অঙ্গনের উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতিপ্রেমী প্রকৌশলী সিরাজুল ইসলাম। তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, ‘একসময় ছোটবেলায় যাঁদের গান বহুবার শুনেছি, আজ তাঁদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমি আনন্দিত।’ এ সংগীতসন্ধ্যায় বেলা খান একসময়ের জনপ্রিয় গান ‘কেমন করে যাব আমি শ্বশুরবাড়ি’ পরিবেশন করেন। কল্পনা লালা গেয়ে শোনান ‘ধরণীর পথে পথে’। তাঁদের এ গানগুলো প্রবীণ শ্রোতাদের কিছুক্ষণের জন্য ফিরিয়ে নিয়ে যায় পুরোনো দিনের স্মৃতিতে।শিল্পী সাগর চক্রবর্তী একের পর এক পরিবেশন করেন ‘বন্ধু হতে চেয়ে’, ‘এক হূদয়হীনার কাছে’, ‘জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পার’, ‘মুছে যাওয়ার দিনগুলি’ এবং ‘মরমীয়া তুমি চলে গেলে’।শিল্পী সামিনা ইসলামের পরিবেশনা ‘শুধু গান গেয়ে’, ‘জানি না সে হূদয় কখন’, ‘এই সুন্দর স্বর্ণালি’ এবং ‘ময়ূরকণ্ঠী রাতের নীলে’, সংগীতা মজুমদারের ‘যার ছায়া পড়েছে’, ‘তুমি আসবে বলে’, ‘চন্দন পালঙ্কে’ ও ‘চৈতী ফুলে’, জয়ন্তী দাশের ‘আমি রজনীগন্ধা’, ‘পাথরের পৃথিবীতে’, ‘ওই সুর ভর’, ‘সাতটি তারার এই’, রনি গুহের ‘পাহাড়ের কান্না দেখে’, ‘এই তো সেদিন’, ‘আমি যে জলসাঘরের’ মুগ্ধ করে শ্রোতাদের। শিল্পীদের গানের সঙ্গে তবলায় সংগত করেন লিটন মিত্র ও সানু গুপ্ত। কি-বোর্ডে সঞ্চয় রায় ও সৃজন রায়, অক্টোপেডে জুয়েল দাশ ও শিপন দাশ, বেইজ গিটারে সজল সরকার ও লিড গিটারে ছিলেন রাজীব ঘোষ।